২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মমতার রাজনীতি ও বাম-বিভক্তির আশঙ্কা

সুখরঞ্জন দাশগুপ্ত সুখরঞ্জন দাশগুপ্ত

Published : 02 Aug 2016, 08:43 PM

Updated : 01 Jul 2022, 05:45 PM

আটের দশকের মাঝামাঝি সময় হতে সোভিয়েত বিপ্লবের শেষ পেরেকটি পোঁতা হয়। আমরা ছেলেবেলা থেকে দেখেছি, ইতিহাসেও পড়েছি– লেলিনের নেতৃত্বে বিগত শতকে বিপ্লবের পর গোটা পৃথিবী দুভাগে বিভক্ত হয়ে যায়। সে সময় বলা হত, 'ঠাণ্ডা যুদ্ধ'। একদিকে সোভিয়েত ইউনিয়ন, অন্যদিকে মার্কিন সাম্রাজ্যবাদ। সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর একে একে পূর্ব ইউরোপের সব কমিউনিস্ট সরকারকে বিদায় নিতে হয়। তখনই ওয়াশিংটনের নজর পড়ে ভারতের মতো দেশে কমিউনিস্ট কেন ক্ষমতায় থাকবে? তারা একটার পর একটা ভুল করে যাবে, আর তার মাশুল দিতে হবে পশ্চিমবঙ্গের মতো কমিউনিস্ট রাজ্যকে!

আমেরিকা খুঁজে পেল সিপিআই (এম)এর সাধারণ সম্পাদক প্রকাশ কারাট এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে। একটানা সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে পশ্চিমবঙ্গ এবং দক্ষিণের কেরালা রাজ্যে দীর্ঘকাল কমিউনিস্টরা ক্ষমতায় ছিল। কোনো কোনো ক্যাডার মুখে প্রায়ই বলতেন, 'আমরা বিপ্লব করব।' কমিউনিস্ট পার্টির নেতাদের, বিশেষ করে জ্যোতি বসুকে প্রশ্ন করতাম বিপ্লবের বিষয়ে। জ্যোতিদা তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে বলতেন, 'বিপ্লব-টিপ্লব এখানে হবে না। সংসদীয় গণতন্ত্রই ভালো।' রিপোর্টারদের ধমক দিয়ে বলতেন, 'এসব প্রশ্ন করেন কেন?' জ্যোতি বসু আর নেই।

এখন যারা কমিউনিস্ট পার্টি করেন তাঁরা কারা? তাঁদের অতীত কী? ভবিষৎই-বা কী? এসব প্রশ্ন আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে। পশ্চিমবঙ্গের কমিউনিস্টরা ছিল সবচেয়ে বেশি শক্তিশালী। ১৯৯৮ সালে অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার সদস্য হওয়ায় পর থেকে মমতার মাথায় কমিউনিস্ট-বিরোধিতা। পাশে পেয়ে যায় বাংলাদেশের সন্ত্রাসবাদী এবং আমেরিকার কমিউনিস্ট ধ্বংস করা সংস্থাকে।

গত ৬-৭ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ক্ষমতায় আছেন। শুধু কমিউনিস্টদের নয়, সেই সঙ্গে কংগ্রেসকেও তিনি বিদায় দিতে চান। তাঁর হাতে আছে পুলিশ, মাস্তান, মাফিয়া, তোলাবাজ, সিন্ডিকেটবাজের মতো নানা অস্ত্র। তিনি প্রমাণ করার চেষ্টা করছেন এবং প্রকাশ্যেই বলছেন, দূরবীন দিয়েও কমিউনিস্টদের খুঁজে পাওয়া যাবে না। ওরা গেল কোথায়? ৩৫ বছর কাজ করে এখন কি বিশ্রাম নিচ্ছে?

Image
শুধু কমিউনিস্টদের নয়, সেই সঙ্গে কংগ্রেসকেও তিনি বিদায় দিতে চান

বামপন্থীদের এই সংকটের মধ্যে কার্যত প্রকাশ কারাটদের লাইন পশ্চিমবঙ্গের কমিউনিস্টরা মেনে নিতে পারছেন না। এদিকে সর্বভারতীয় মার্ক্সবাদী পার্টি দুমুখো নীতি নিয়েছে। যার নেতৃত্বে আছেন প্রকাশ কারাট এবং তাঁর স্ত্রী বৃন্দা কারাট। প্রকাশ বলছেন বিধানসভার ভিতরে এবং রাস্তায় একদা অস্পৃশ্য কংগ্রেসের সঙ্গে একসঙ্গে লড়াই হবে। কিন্তু নির্বাচনী জোট হবে না।

এ ব্যাপারে তাঁর বিপরীত লাইন নিয়েছে পশ্চিমবঙ্গ মার্ক্সবাদী পার্টি। দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিত্র বলেছেন, একদিকে বাংলার জামাতপন্থী তৃণমূল এবং সর্বভারতীয় ক্ষেত্রে আরএসএসএর সঙ্গে লড়াই করতে কংগ্রেসকে পাশে নিয়েই চলতে হবে। সেটাই পশ্চিমবঙ্গের মানুষ চায়। তাই আমরা মানুষের পাশে থেকে তাদের চাহিদা পূরণ করব।

সম্প্রতি বিশিষ্ট মার্ক্সবাদী ইতিহাসবিদ ইরফান হাবিবও মন্তব্য করেছিলেন, পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে আঁতাত করে কোনো ভুল করেনি বামপন্থীরা। কারণ, তা না হলে তৃণমূল ও বিজেপি– এই জোড়া বিপদের সঙ্গে লড়াই করা সম্ভব হবে না।

তাঁর মন্তব্যের তীব্র বিরোধিতা করে প্রকাশ কারাট বলেছেন, কংগ্রেসের সঙ্গে সিপিআই (এম)এর জোট কমিউনিস্টদের আদর্শের ওপর আঘাত হানার সামিল। এতে কমিউনিস্টরা তাদের আদর্শ থেকে বিচ্যুত হয়ে সোশ্যাল ডেমোক্রেটে পরিণত হবে।

উল্লেখ্য, ইরফান হাবিব এবং তাঁর শিক্ষাবিদ স্ত্রী সায়রা হাবিব একটি চিঠিতে কারাটকে বলেছিলেন, একটা 'ইউনাইটেড ফ্রন্ট' গঠন করা যেতে পারে। সেখানে শামিল করা হোক কংগ্রেসকেও। সে ক্ষেত্রে সারা দেশে বিজেপিবিরোধী লড়াই অনেকটা জোর পাবে। একই ধরনের মত প্রকাশ করেছেন অন্যান্য বামপন্থী চিন্তাবিদরাও। তাঁরা বলেছেন, সোশ্যালিস্ট নেতা রাম মনোহর লোহিয়ার মতো আদাজল খেয়ে কংগ্রেসের বিরোধিতা করার কোনো অর্থ হয় না।

সারাত গোবীর বক্তব্য, বিজেপিবিরোধী মঞ্চ তৈরি করার স্বার্থে কংগ্রেসকে কোলে টেনে আনার মানে নেই। তার কারণ, কংগ্রেসও শাসকশ্রেণির প্রতিভূ এবং উদার অর্থনীতির পৃষ্ঠপোষক। তাই কংগ্রেসকে সঙ্গে নিয়ে বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির মোকাবিলা করা যাবে না। কংগ্রেসের সঙ্গে সমঝোতা করার অর্থ দেশের শ্রমিক এবং কর্মচারি-শ্রেণির স্বার্থের সঙ্গে আপস করা।

অপরদিকে, বর্তমান সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি পশ্চিমবঙ্গের কমরেডদের পাশে দাঁড়িয়ে বলেছেন, নির্বাচনী রণকৌশল নিয়ে আবার ২০১৯ সালে চিন্তাভাবনা করা যাবে। আপাতত কংগ্রেসের সঙ্গেই বিধানসভায় এবং রাস্তায় একই সঙ্গে আন্দোলন চলবে। এখন সব ধরনের ধর্মনিরপেক্ষ শ্রমিককে একত্র করে বিজেপি তথা সংঘ পরিবারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলাই প্রধান লক্ষ্য।

এই যুক্তি সামনে রেখেই দলের মধ্যে প্রকাশ কারাটদের কংগ্রেস বিরোধতার লাইনের বিরুদ্ধে লড়াই করছেন সূর্যকান্ত মিশ্ররা। তাদের স্পষ্ট বক্তব্য: কংগ্রেস প্রসঙ্গে অহেতুক বিতর্ক না চালিয়ে বিজেপিকে রোখাই কমিউনিস্টদের প্রধান কাজ হওয়া উচিৎ।

সম্প্রতি সীতারাম ইয়েচুরি এক বক্তৃতায় বলেছেন, 'ধর্মনিরপেক্ষ গণতন্ত্র, অর্থনৈতিক স্বনির্ভরতা, সামাজিক ন্যায় এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো– এই চারটি বৈশিষ্ট্যই বিজেপি এবং সংঘ পরিবারের হাতে বিপন্ন। এর মোকাবিলায় একদিকে যেমন মগজের লড়াই দরকার, তেমনই সব ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলের একজোট হওয়াও প্রয়োজন। শুধু রাজনৈতিক দলই নয়, দলের বাইরে অনেক ব্যক্তিও এই শক্তির অংশ।'

Image
দিল্লিতে নরেন্দ্র মোদি সংখ্যাগুরু ভাবাবেগের ফায়দা তোলার চেষ্টা করছেন

পশ্চিমবঙ্গে মমতা সংখ্যালঘু-তোষণ করে চলেছেন। আর দিল্লিতে নরেন্দ্র মোদি সংখ্যাগুরু ভাবাবেগের ফায়দা তোলার চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে গিয়ে আক্রান্ত হয়েছে বামপন্থীরা। গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়লে যে কোনো দলের অস্তিত্বই বিপন্ন হবে। এই সত্যটা সবার বোঝা দরকার।

এই পরিস্থিতিতে সিপিআই(এম) স্থির করেছে সেপ্টেম্বর মাসে দলের সম্মেলন ডাকবে কোলকাতায়। ওই মাসেই সিদ্ধান্ত হবে, কংগ্রেসকে সঙ্গে নিয়ে বিজেপি-তৃণমূলের মোকাবিলা করা হবে নাকি 'একলা চল' নীতি নিয়ে ওই দুটি দলকে ক্ষমতায় রেখে দেওয়া হবে? বেঙ্গল লাইন খুব পরিস্কার। তাদের প্রধান শত্রু বিজেপি-আরএসএস, তৃণমূল-জামাত। সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। বেঙ্গল লাইনের উপর কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে ১৯৬৫ সালের মতো কমিউনিস্ট পার্টি আবার ভাঙনের মুখে পড়তে পারে বলেও অনেকে মনে করেছেন।

১৯৬৪ সালে কমিউনিস্ট পার্টি বিভক্ত হওয়ায় সময়ও কংগ্রেসের সঙ্গে সহযোগিতা-অসহযোগিতার প্রশ্নের বড় ভূমিকা ছিল। সেই দ্বিমতের ধাক্কাতেই ১৯৯৬ সালে জ্যোতি বসু কংগ্রেস সমর্থন নিয়ে প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করবেন কি না– সেই প্রশ্নে দলে ভোট হয়। 'না' পক্ষের নেতা ছিলেন এই প্রকাশ কারাটই।

২০০৪ সালে সিপিএম প্রথম কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারকে সমর্থন করলেও সরকারে যোগদান করল না। উল্টো ২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তির প্রতিবাদে তারা ইউপিএ সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। ফলে কংগ্রেসের সঙ্গে যাওয়া না-যাওয়া নিয়ে যে নাটকটা এ রাজ্যে চলছে, আসলে তা কমিউনিস্টদের বহু পুরনো রোগ।

এবার পার্টি ভাঙবে কি না– সেপ্টেম্বরেই ঠিক হবে। কিন্তু বর্তমান নেতৃত্বে বুদ্ধদেব ভট্টাচার্য, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, মহম্মদ সেলিমরা প্রাণপণ চেষ্টা করবে কারাট লাইনকে পর্যুদস্ত করতে। সদ্যসমাপ্ত নির্বাচনের পর মমতা যে হারে বিধায়ক, জেলা পরিষদে কিনতে শুরু করেছে, তা গণতন্ত্রের পক্ষে শুধু বিপদজ্জনকই নয়, বিরোধী রাজনৈতিক শক্তিকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া। প্রকাশ কারাটের এ কেমন নীতি! আন্দোলন একসঙ্গে করবেন, কিন্তু ভোটের সময় কংগ্রেসকে সরিয়ে দিয়ে মমতা-মোদিদের ক্ষমতায় থাকার সুযোগ করে দেবেন? যে দুই কোটি ৩৮ লাখ মানুষ ভোট দিয়েছেন, তাঁরাই বা ক্ষমা করবে কেন?

লেনিনই যদি কমিউনিস্টদের আদর্শ হয়ে থাকেন, তাহলে তাঁর দেখানো পথ থেকে দূরে সরে আছেন কেন কমিউনিস্টরা? মহামতি লেনিনই তো বলেছিলেন, "প্রয়োজনে শক্রকেও দলে টানতে না পারলে যোগ্য বিপ্লবী নেতা হওয়া অসম্ভব।"

শুধু এটাই নয়, ১৯৬৯ সালে সিপিএম ভেঙে নকশালপন্থীরা বেরিয়ে এসেছিলেন। চারু মজুমদারদের নেতৃত্বে 'চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান' শ্লোগান দিয়ে নকশালপন্থীরা আলাদা হয়ে যায়। পরে তারাই আবার ছোট ছোট গোষ্ঠীতে ভেঙ্গে যায়। আটের দশকের শেষ দিক থেকে 'মাওবাদী' নামে এই নকশালপন্থীরা আবার সক্রিয় হয়ে ওঠে। মমতা ব্যানার্জি এই মাওবাদীদেরই ব্যবহার করেছেন সিপিএম, তথা কমিউনিস্ট দমনে। তাঁর সিন্দুর, নন্দীগ্রাম আন্দোলনের প্রথমেই ছিল এই মাওবাদীরা।

ক্ষমতায় এসেই অবশ্য তিনি হয় তাদের মেরে ফেলেছেন, আর না হয় জেলে পুরেছেন।