বাঁচাবে কে আমাদের?
চাপাতির ভয়ে আমরা যেসব সত্য বলতে পরিনি বন্দুক তা বলিয়ে নিতে মাঠে নেমেছে। টোট্যাল ওয়ার বা সামগ্রিক যুদ্ধের এমনটাই নিয়ম। চাপাতি ছিল ঝটিকা বা চোরাগোপ্তা হামলার হাতিয়ার। একদিকে যখন আন্তর্জাতিক অঙ্গনে পলিটিক্স আর খেলা জমজমাট, আরেক দিকে ফাঁসি প্রায় সম্পূর্ণ, তখন জঙ্গিবাদ রাখঢাক করবে কোন সুখে? তারা এখন বিদেশের মতো এক স্টাইল আর একই কায়দায় নিজেদের উড়িয়ে আমাদের মারবার জন্য মরিয়া হয়ে উঠেছে।
দেশের সামগ্রিক অবস্থা আসলে ভালো কিছু নয়। সাধারণ মানুষের মনে আতঙ্ক চরমে। তারা বাজার-হাটে যেতেও ভয় পাচ্ছেন। এতদিন আমরা ভাবতাম মুসলমান দেশে এমন আক্রমণ না-ও হতে পারে। অথচ এমন ভাবনা যে আসলে অযৌক্তিক, পাকিস্তান বা আফগানিস্তানকে দেখেও শিখিনি আমরা। যারা মাঠে নেমেছে বা জঙ্গিবাদের সৈনিক তাদের অন্তত চেনা যায়। এরা নিজেদের প্রাণের মায়া করে না। তাদের অপ-আদর্শ আর বেহেস্ত-দোজখ এতটাই সত্য যে, তারা ইহকালের জীবনকে জীবনই মনে করে না।
কিছুকাল আগে এমন একটা খবর ইউটিউবে চাউড় হয়ে মানুষের মনে ব্যাপক কৌতূহল তৈরি করেছিল। দুনিয়ার কোনো এক দেশে হামলা চালাতে এসে নিজের বোমায় নিজেকে উড়িয়ে দেয় একটি তরুণ। তার সর্বাঙ্গ উড়ে গেলেও নাকি পাতলুনের ভেতর কিছু একটা বরাবর মজবুত ছিল এবং তা উড়ে যায়নি। এটা হাসির ব্যাপার নয়? ঐ তরুণটির মগজ ধোলাই এমনভাবে হয়েছিল যাতে তার বিশ্বাস চিড় খায়নি। মৃত্যুকালেও সে জানান দিয়ে গেছে তার ঐ অঙ্গ মরণের পর কাজে লাগবে বলেই সে তাতে লোহার ঘেরাটোপ পরে অ্যাকশানে নেমেছিল।
ভাবছেন এমন মানুষ উন্মাদ বা এমন তারুণ্য হাতেগোনা? মোটেও তা নয়। আজকের বাংলাদেশে কোটি কোটি মানুষের বিশ্বাস এই জায়গায় আটকে আছে। দেশের সুশীল নামধারী এবং পরিশীলিত নামে পরিচিত মানুষরা এমন দ্বিধায় আর কোনোদিনও পড়েনি। মন ও মুখের ফারাকে ভোগা বাঙালির সামনে আজ সত্যি দারুণ দুঃসময়।
ব্যক্তিগতভাবে জানি এমন মানুষের বদলে যাওয়াও আমাকে আর বিস্মিত করে না। বাংলাদেশে আলোকিত মানুষ গড়ার কারিগর নামে পরিচিত এক অভিজাত পুস্তক ব্যবসায়ী ওপরে যতটা আধুনিক ভেতরে ততটাই ভয়ংকর। আমার পরিচিত এক তরুণ তাঁকে সালাম জানিয়ে নাম বলতে তিনি রেগে গিয়ে বলেছিলেন, ''শ্যামল আবার কী? তুমি মুসলমান নও?''
হতচকিত তরুণটি মাথা নেড়ে উত্তর দিয়েছিল যে, সে মুসলমান। আলোকিত প্রবীণ তাকে অবাক করে দিয়ে বলেছিলেন, ''তোমার সে নাম কোথায়? বলতে হলে পুরো নাম বলবে।''
এই উদাহরণ দিলাম এই কারণে যে, তাঁকে আমরা টিভি-রেডিও বা তাঁর লেখায় এভাবে চিনি না। সেখানে তিনি ভয়ানক প্রগতিশীল। কলকাতার দাদাদের ডেকে এনে নিয়মিত ভোজ খাওয়ান। নিজেও যান সেখানে। অথচ মনের ভেতরে পুষে রেখেছেন ধর্মের নামে সাম্প্রদায়িকতার কালসাপ।
এক ঔপন্যাসিককে জানি, মুক্তিযোদ্ধাদের নাম করে ইন্টারনেটে চাঁদাবাজি করেন। মাঝে মাঝে ডলার ইয়েন বা পাউন্ড পাঠানো অনেকেই এখন আর তাঁর ডাকে সাড়া দেয় না। ব্যক্তিজীবনেও এই লোকটি কামুক। তাঁর পাঠানো এসএমএস আর ইনবক্সের মেসেজের কিছু কিছু বন্ধুরা বিশেষত আমাদের মহিলা বন্ধুরা রাগ করে আমাদের জানিয়ে দেয়। তাতে এটা নিশ্চিত যে, ইনি আমাদের দেশের ভদ্রগোছের রসময় গুপ্ত। এর লেখা চটি বই চলত দেদার। ইনবক্স যদি চরিত্রের মাপকাঠি হয় এর জাবঘা হবে জাহান্নাম।
অথচ এই ভুয়া মুক্তিযুদ্ধ-প্রেমিক লেখকের একশটি স্ট্যাটাস পড়ে দেখুন, ইনিয়ে বিনিয়ে জঙ্গিদের তারিফ বা তাদের প্রতি সহানুভূতি জাগানোর চেষ্টা। গুলশান ঘটনার রক্তের দাগ ফুরাবার আগেই লিখেছিলেন, তাজা প্রাণ ঝরে গেছে। জঙ্গিরা তাজা প্রাণ আর নিহত জাপানি-ভারতীয়-বাংলাদেশি-ইতালিয়ানরা হলো বাসী! অথচ এরাই সমাজের মধ্যমণি।
আজ যখন এ লেখা লিখছি, সুশীলদের একাংশে চলছে কল্যাণপুরের ঘটনা নিয়েও এক ধরনের সহানুভূতি জাগানোর অপচেষ্টা। কেউ বলছেন, গুলিগুলো পিঠে লেগেছিল। এর মানে কী? বুকে গুলি লাগলে জঙ্গি আর পিঠে লাগলে নিরীহ? আসলে সমর্থনের পাল্লা ভারী করার অপচেষ্টা।
কেউ বলছেন, নাটকের পর্দা নাকি ঝুলে গেছে। কী নাটক? জানার পরও পুলিশ ছেড়ে দেবে, আবার একটি বড় ধরনের হত্যাকাণ্ড ঘটবে– তারপর আপনারা বলবেন, আমেরিকা আর ইসরায়েল বা ভারত এসব করাচ্ছে!
বড় খারাপ মানসিকতা আমাদের। একেকটা ঘটনার ব্যাখ্যা শুনি আর মূর্চ্ছা যাবার মতো হয়ে পড়ি। গুলশানের ঘটনার পর এক ঈদের দাওয়াতে গিয়ে একজনের মুখে শুনেছিলাম লোমহর্ষক আরব্য রজনীর গালগল্প। যেন তিনি চোখে দেখেছেন এমনভাবে বলছিলেন, ঐ তরুণরা নাকি আগেই গুম হয়ে যাওয়া। তারপর তাদের ভারতে পাঠানো হয়েছিল। দেশে এনে গুলশানের আর্টিজানে জোর করে বা মাদক খাইয়ে পাঠিয়ে দেওয়ার পরও তারা মারেনি। প্রতিবেশি দেশের বাহিনীরা লোকেরা অতিথিদের মেরে তারপর এদের মেরে ফেলে। যাতে দোষারোপ সহজ হয়ে পড়ে।
বিশ্বাস করুন আমার সে রাতে দাওয়াতের খাওয়া হজম হয়নি। মুশকিল এই যে, সে আড্ডায় যারা নীরব ছিলেন বিশ্বাস করেননি তারাও, কিন্তু ভাবছিলেন আসলে কি তাই!
এ আমাদের জাতীয় চরিত্র। কিছু ঘটলেই আমরা বলি, পেছনে আছে ভারত। মদদ দিয়েছে পাকিস্তান। আর্ন্তজাতিক চক্রান্তে আছে আমেরিকা আর ইসরায়েল। মাদক দিয়েছে মিয়ানমার। চাইনিজ রাইফেল আর চাপাতি দিয়েছে চীন। আর আমরা নিরাপরাধ নির্বোধ তা নিয়ে ঝাঁপিয়ে পড়ি। নিজেদের এত মাসুম ভাবা এত দুধের মতো সাদা ভাবার জাতি আজ ঘরে বাইরে খুনের নেশায় উন্মাদ।
খবরে দেখলাম আমেরিকা সবে চল্লিশ জনের মতো বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে। বিশ্বাস করুন, এ লাইন আরও লম্বা হবে। সব দেশ থেকেই অর্ধচন্দ্র দিয়ে বিদায়ের দিন আগত প্রায়। ইহলোক ও পরলোকের দ্বন্দ্বে আমাদের চোখে যে ঠুলি, সেটা না সরালে এদেশ কোনোদিনও লাইনে আসতে পারবে না। একটা ঘটনা যদি আরেকটা ঘটনা চাপা দেয় তো চাপা পড়া কান্নাই একদিন আহাজারি হয়।
শ্যামল কান্তি গেল, তনু গেল, মিতু আক্তার গেল, গুলশানও। এবার কল্যাণপুর। এই আসা-যাওয়ার ভেতরে যে যার মতো কাহিনি বানাতে ব্যস্ত। 'বদলে যাও বদলে দাও' ঘরানার পরিবারের ছেলে মারা যাবার পর তারা দুএকদিন আহা-উহু করলেও এখন আসল চেহারা নিয়ে বাজারে নেমে গেছে। তাদের এক তরুণ ভাড়াটে লেখক নিয়মিত লিখছেন, এগুলোর পেছনে আছে প্রতিবেশি দেশ, আমেরিকা আর পরাশক্তির ব্যবসা। তারা এর ভেতরেই নাকি সব উশুল করে নিচ্ছে। কী নিদারুণ কৌতুক। মানুষের জানের জন্যও ভালোবাসা নেই, নেই দুঃখবোধ।
বেশ অনেক বছর ধরে ধর্ম নেমে এসেছে রান্নাঘরে, পোশাকে আর কথায়। খোদা হাফেজ নাজায়েজ হয়ে গেছে। ফার্সি চলবে না বলে। আগে আমরা ধর্মের নামে মানুষের ভেতর সুফিবাদ ও জাগতিক কল্যাণের কথা শুনতাম। জানতাম মানুষ জীবনবোধে বাঁচে। সে জায়গাটা নষ্ট হয়ে গেছে। শুধু ভয় আর ভয়।
ঈশ্বর কি কেবল ভয়ের? তিনি কি পবিত্র ধর্মগ্রন্থে বলেননি যে, তিনি প্রেমময়ও বটে? বললেও সেদিকটা মানার কথা নয় আর। এভাবে চলছে বলেই বাংলাদেশে এখন পরিস্কারভাবে কয়েক ভাগের মানুষ বসবাস করে। একদল এদেশ পতাকা-মাটি-মানুষকে ভাবে নাজাতি নাজায়েজ। আরেক দল এদের কতল করে তাদের মনের মতো বাংলাস্তান বানাতে চায়। আরেক দল অসহায় কিন্তু ভাবে, তারাই পারবে সব ঠিক করতে। এভাবে চলে?
বাংলাদেশ এখন প্রাগৈতিহাসিক যুগের ধ্যান-ধারণার শিকার। যা বুদ্ধিবৃত্তিতেও সচল। সংস্কৃতি, মেধা ও মনন ছাড়া এর থেকে বেরুবার পথ নেই। সেটাও প্রায় রুদ্ধ হবার পথে। একটা ভরসা বা আশার জায়গা এখনও বাঁচিয়ে রেখেছে আমাদের। এদেশের চারিত্র্য আর সাধারণ মানুষের পবিত্রতা। তারা এক হলে হয়তো এর একটা বিহিত হতে পারে। কিন্তু তাদের জাগাবে কে? সে রাজনীতি তো কুম্ভকর্ণের নিদ্রায় মগ্ন। জাগলেও তার মরণ ছাড়া গত্যন্তর নেই।
মানুষ তুমি জাগো। কেবল তুমি জাগলেই এদেশ আবার জাগবে।
