২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্স ট্র্যাজেডি: সভ্যতার বিনাশ কি রক্তেই?

অজয় দাশগুপ্ত অজয় দাশগুপ্ত

Published : 15 Jul 2016, 03:30 PM

Updated : 01 Jul 2022, 05:45 PM

আমি যখন এ লেখা লিখছি ফ্রান্সে আবারো হামলার শিকার হয়েছে নিরীহ জনগণ। এবারের হামলার রূপ ভিন্ন। সমাবেশে ট্রাকে ঢুকিয়ে মানুষ মারার এমন করুণ ও লোমহর্ষক ঘটনা আগে কখনো দেখিনি। সভ্যতার পাদপীঠ ফরাসি দেশ। বাস্তিলদুর্গের কাহিনী জানে না এমন সভ্য মানুষ দুনিয়ায় বিরল। ফরাসি বিপ্লব না হলে জগৎ-সংসারে রাজতন্ত্র আর পরিবারতান্ত্রিক শাসনের অবসান ঘটতো না। শুধু রাজনীতি? শিল্প সাহিত্য সংস্কৃতিতে ফ্রান্সের ভূমিকা অনন্য, অসাধারণ।

আমরা যখন ছোট তখন জনপ্রিয় দৈনিক ইত্তেফাকে প্রয়াত হেদায়েত হোসাইন মোরশেদের অনূদিত লা মিজারেবেল প্রকাশিত হতো। একটি কিস্তিও বাদ দেইনি। পরে জেনেছি ভিক্টোর হুগোর এই উপন্যাস মূলত সাহিত্যে অন্ত্যজ বা গরিব শ্রেণির প্রবেশের সূতিকাগার। এর আগে মানুষ ভাবতো রাজারাজড়া জমিদারদের জীবন-প্রণয়-প্রেমই হবে উপাখ্যান। আমাদের রবীন্দ্রনাথও কিনতু গদ্যে অভিজাত শ্রেণির বাইরে পা রাখতে পারেননি। ফরাসী বিপ্লবের পর সাহিত্যে চিত্রকলায় প্রান্তিক মানুষের জীবন উঠে আসতে শুরু করে। বাস্তিলদুর্গ পতনের দিবসটি পালনের সময় ট্রাক নিয়ে এভাবে ঢুকে পড়া আর রাস্তাঘাটে পথে-প্রান্তরে মানুষের লাশ রক্তাক্ত শরীর ছড়িয়ে দেওয়ার মানে কি আজকের দুনিয়া আবার প্রাগৈতিহাসিক যুগে ফিরে যেতে চাইছে? এ কোন কঠিন সময়ে এসে দাঁড়িয়েছি আমরা?

ফ্রান্সে সন্ত্রাসী হামলার ঘটনা নতুন না। কোনো এক অজানা বা জানা কারণে দেশটির ওপর জঙ্গিদের আক্রোশ খুব বেশি মনে হচ্ছে। অথচ দেশটি আন্তর্জাতিক অঙ্গণে আমেরিকা বিলেত বা আরো কয়েকটি দেশের মতো প্রকাশ্য কোনো বৈরিতা বা উসকানিতে নাই। তারপরও এ দেশের জনগণের ওপর এমন বর্বরোচিত হামলার মানে কি এই যে তারা আলজেরিয়ার মতো দেশ থেকে বা অন্যান্য দেশ থেকে মানবাধিকারের প্রশ্নে মানুষ এনে আশ্রয় দিয়ে ভুল করেছিল? জানি, আমাদের মাতব্বরা মেতে উঠবেন প্রতিবাদে। লিষ্ট দিতে থাকবেন উপনিবেশের ফলে কী কী হারিয়েছি বা কোন কোন দেশ কী হারিয়ে কী পেয়েছে। ভাইসব একটা কথা জেনে রাখুন, আমরা যাদের কলোনি ছিলাম তারা দোহাজারী পর্যন্ত রেললাইন বানিয়ে দিয়ে গিয়েছিল। তারপর প্রায় সত্তর বছর পর আর এক ইঞ্চিও তা বাড়েনি। অথচ পাশেই পর্যটন কেন্দ্র কক্সবাজার। আমাদের কলোনিওয়ালারা চা খাওয়ানো শিখিয়েছিল বলে আমরা সকালে চা আর সংবাদপত্র বা মিডিয়া গিলি। এ জাতির প্রথম লাইব্রেরিটাও করে দিয়েছিলেন ডিরোজিও।

আর ফ্রান্স এমন এক দেশ যার কলোনিতে বিবাদ থাকলেও তারা চলে আসার পর দেশ টুকরো হয় না। ডিভাইডেড রুল বা ধর্ম কিংবা অন্য কোনো বিভাজনের নিয়ম মানে না ফরাসিরা। আজ তাদের দেশে যা ঘটছে তাতে আপনি-আমি বাংলাদেশি বলে বা ধর্মবিশ্বাস ও অন্যান্য কারনে মনে মনে খুশি হলে কোনো লাভ হবে না। জেনে রাখুন, আমরাও এর শিকার হবো একদিন।

নিস শহরে ফরাসি বিপ্লবের আলোকসজ্জা দেখতে যাওয়া মানুষগুলোর কোনো অপরাধ ছিল না। এমন আলোকসজ্জা বহু দেশে হয়। এই সেদিন আমরা সবাই দেখতে গিয়েছিলাম ভিভিড সিডনি। রাতভর অসংখ্য মানুষের পদচারণা মুখরিত সিডনি অপেরা হাউজসর জায়গাটিতেও এমন ঘটতে পারতো। ঘটলে আমাদের অনেকেই আজ অতীত হতে পারতাম। বাংলাদেশও এখন এ জাতীয় আক্রমনের শিকার। আমাদের দেশে আলোকসজ্জার সংস্কৃতি আছে। আছে পহেলা বৈশাখসহ নানা উৎসবে শোভাযাত্রার প্রচলন।

কে জানে কোথায় ওৎ পেতে ছিল বা ওৎ পেতে আছে ঘাতকের দল? এখন আমাদের এ্র্র প্রশ্ন করতেই হবে, আমরা আসলে কোন দলে? এ কথা বলার কারণ আছে। অনেক মানুষকে অনেক বাঙ্গালিকে দেখি ইনিয়ে-বিনিয়ে ঘাতকদের সমর্থন করতে। কারো অন্ধবিশ্বাস, কারো খায়েশ, কারো আছে সন্দেহবাতিক। বাংলাদেশের মানুষদের বিশেষত সুশীলদের নতুন রোগের নাম অভিযোগনামা। তাদের ঘরের বৌ কিছু করলেও তারা ভাবে এতে আমেরিকা বা ভারতের উসকানি ছিল! তাদের বাইরের আর ভেতরের চেহারায় বড় বেশি গরমিল। তাদের মুখোশ খুললেই বেরিয়ে আসবে জঙ্গি সহানুভূতির চেহারা।

কী এক অজ্ঞাত কারণে এরা দুনিয়ার সব স্বজাতির ভালো-মন্দের দায়িত্ব নিয়ে বসে আছেন। আর সমানে সাধারণ মানুষকে উসকানি দিয়ে যাচ্ছেন। খেয়াল করবেন এদের সন্তানেরাই 'ও' লেভেল 'এ' লেভেলসহ ইংরেজি মিডিয়ামের শিক্ষার্থী। মাদ্রাসার তুমুল সমর্থক এদের ছেলেমেয়েরা কোনোদিন স্বপ্নেও ভাবে না সেখানে পড়াশো্না করবে। কথায় বলে, পাপ বাপকেও ছা্ড়ে না। তাই জঙ্গিবাদের ভূত এখন চেপে বসেছে এসব 'ও'-'এ'লেভেলের ছাত্রদের ওপর। ভয়ের ব্যাপার এই, এরা মাদ্রাসার নিরীহ ছাত্রদের মতো সহজ-সরল নয়। এরা দুনিয়া বোঝে। জানেও অনেক কিছু। না জানলে কি আর গ্রেনেড ছোঁড়া যায়? বোমা ফাটানো যায়? কুপিয়ে মেরে লাশের সামনে অভিভাবককে সিগারেট টানতে দেওয়া যায়? এবার তাদের রাগের কারণ ফ্রান্সের বাস্তিল দিবস। হয়তো মানবিকতার এই দিনটি ইতিহাসের এই উজ্জ্বলতা তাদের না-পছন্দ। তাদের তো এগুলো ভালো লাগার কথা নয়।

তাদের বিশ্বাসের জায়গা পোশাক আহার শুচিবাই আর জঙ্গি-মনোভাব। তাদের ঘৃণার বিষয় শুদ্ধ যৌনতা। তাদের অপছন্দ নারী, পছন্দ যৌনদাসী। মাকে তারা ভালোবাসে না। তাদের জীবনে প্রেম নেই। আনন্দ নেই। এ এক অন্ধকারময় জগৎ। সন্দেহ নাই পেছনে আছে অনেক বড় শক্তি। যোগান আছে অস্ত্রের। আছে মদদ, পরিকল্পনা। তারপরও মানতে হবে দুনিয়াকে আজ এক বিশেষ শ্রেণির মানুষ এমন এক জায়গায় নিয়ে এসেছে যেখানে 'মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ' কথাটি একেবারেই খেলো ও হাস্যকর হয়ে উঠেছে।

আগেই লিখেছিলাম খোলা মিডিয়া মানেই কিন্তু একই সঙ্গে আপদ ও সম্ভাবনা। এর ভালো দিকটা যেমন আমরা নেব, খারাপ দিকটাও ছেড়ে কথা বলবে না। মধ্যপ্রাচ্য দেখে আইএস দেখে যৌনদাসী দেখে অন্ধত্ব দেখে আমরা এ যাবৎ কী কী শিখেছি আর কী নিয়েছি সেটা ভাবলেই কাহিনি পরিস্কার হয়ে যাবে। আমরা বড় জটিল সমাজের মানুষ। কবিকেও দুচার ভাগে ভাগ করি। আল মাহমুদের নাম বললে যারা মনে করেন আমরা অন্ধ বা রাজাকার তাদের এই কবির একটি অমোঘ ছড়ার কথা মনে করিয়ে দিতে চাই:

ট্রাক ট্রাক ট্রাক/শুয়োর মুখো ট্রাক এসেছে দুয়োর বেঁধে রাখ…

ফ্রান্সের ধাবমান ট্রাক যেন বাংলাদেশে ঢুকতে না পারে। ফরাসি সৌরভের নাম ও খ্যাতি দুনিয়াজোড়া। সেদেশের সৌরভ ও রক্ত একাকার হয়ে যাবে একদিন? এই কি সভ্যতার দান? ফ্রান্সের ওপর এমন আক্রমণ যে কোনো মানুষের মনে ভয় ঢুকিয়ে দেবে। যে নগরীর রাজপথে ধ্রুপদী ছবি আঁকা, যে শহরের ক্যাফে মানেই ধূমায়িত কফি ও কবিতা, যে দেশের ইতিহাস সাহিত্য শিল্প পৃথিবীকে পথ দেখিয়েছে, আজ তার বুকে এত রক্ত এত আক্রমণ?

শার্ল বোদলেয়ার লিখেছিলেন মেঘের কবিতা। সে মেঘ সে চলিষ্ণু মেঘ ছিল প্রেমের। আজ তার আকাশে সূর্যের রংও রক্তে লাল। দানবের এই আস্ফালন এই আক্রমণ এই হত্যাকাণ্ড কি সভ্যতার শেষ প্রান্তের ঘোষণা দিচ্ছে? না এর ভেতর থেকেই উঠে আসবে আগামী দুনিয়ার নতুন মানবসন্তানেরা? দেশে তো বটেই পুরো পৃথিবীতে এখন ঐক্যের কোনো বিকল্প নেই।