২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মাশ্রয়ী রাজনীতি বনাম উন্নয়নের সরকার

চিররঞ্জন সরকার চিররঞ্জন সরকার

Published : 05 Mar 2016, 02:05 PM

Updated : 01 Jul 2022, 05:46 PM

তিস্তাপারের মফস্বল শহর পঞ্চগড় জেলার দেবীগঞ্জ। কাঞ্চনজঙ্ঘার নিকটবর্তী হওয়ায় এখানে শীতের প্রকোপ বেশি। শীতপ্রধান এ অঞ্চলের মানুষগুলোও শীতল এবং শান্ত। মারামারি-হানাহানির মধ্যে নেই। খুব বেশি প্রত্যাশাও নেই। যা আছে তাই নিয়ে সুখে-শান্তিতেই আছে যুগ যুগ ধরে।

কিন্তু ইদানিং এসব স্থানেও ধর্মের চাষাবাদ বেড়েছে। বেড়েছে ধর্মাশ্রয়ী রাজনীতির প্রকোপ। সেই সঙ্গে বেড়েছে হত্যা-খুন, অস্থিরতা। দেশের প্রধান রাজনৈতিক দলগুলো তো অর্থনৈতিক লাভালাভ নিয়ে মেতে আছে। স্বার্থ-সুবিধা ছাড়া কেউ এখন কোনো দলে নাম লেখায় না। রাজনৈতিক দলের স্বার্থের কামড়াকামড়িতে সবাই টিকতে পারে না। সবাই এই কলহে ভিড়তেও পারে না। কিছু লোক এসবের বাইরে একটা আশ্রয় খোঁজে। আপাত নিরীহ এই বঞ্চিত জনগোষ্ঠীকে টার্গেট করে ধর্মভিত্তিক দলগুলো তাদের ভিত্তি গড়ে তুলছে। অল্প কিছু সুযোগ-সুবিধা, কিছুটা পরকালের লোভ, কিছুটা ধর্মীয় আবেগে সুড়সুড়ি, আর নিয়মিত যোগাযোগ– এই সামান্য পুঁজিতেই দেশে গড়ে উঠছে বড় বড় ধর্মাশ্রয়ী দল। তাদের সমর্থন।

উত্তরবঙ্গের অন্য স্থানগুলোর মতো দেবীগঞ্জও এখন মৌলবাদীদের নীরব ঘাঁটিতে পরিণত হয়েছে। শত বছর ধরে ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্যবাহী এই দেবীগঞ্জেই প্রকাশ্যে একজন পুরোহিতকে গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, তারা এই হত্যার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পেরেছে। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জেহাদের তিন সদস্যকে গ্রেপ্তারও করা হয়েছে। প্রশ্ন হল, এখানেই কি সব থেমে যাবে, অন্য আরও অনেক খুনের ঘটনার মতো? হত্যাকারীদের বিচার দাবি করেই-বা কী হবে? সত্যি সত্যি কি বিচার হবে?

বাংলাদেশে প্রতিনিয়ত সাড়ম্বরে নির্যাতন চালানো হয় সংখ্যালঘুদের উপর। কখনও জমি দখল, কখনও ধর্ষণের পরে জোরপূর্বক ধর্মান্তরকরণ, কখনও কখনও মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর, কখনও-বা চাঁদা আদায়ের মতো ঘটনা কেন্দ্র করে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। কখনও ভিটেমাটি ছাড়া করা এমনকি দেশ ছাড়তে বাধ্য করা হয়।

এমনিতেই আমরা যারা দেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে লিখি তাদের 'দেশের প্রতি ভক্তি-শ্রদ্ধা কম' বলে মন্তব্য করা হয়! অনেককে বলতে শুনেছি, আমাদের মধ্যে দেশপ্রেমের প্রচুর অভাব। শুধু নিজের দেশের দোষগুলো নিয়ে মাথা ঘামাই। যারা এসব বলে থাকেন তাদের আবার নিজ দেশের সংখ্যালঘুর চেয়ে অন্য দেশের নিজ ধর্মের (ভারত, মিয়ানমার) সংখ্যালঘু জনগণ নিয়ে অনেক উদ্বিগ্ন থাকেন। প্রায়ই শোনা যায় এমন, 'আহা! কী দরকার এই সব ঘটনা নিয়ে লিখার। সব দেশেই সংখ্যালঘুরা তো নির্যাতিত। আর আপনারা আছেন শুধু নিজের দেশের নির্যাতনগুলো নিয়ে।'

এ বাস্তবতায় মুর্তিমান আতঙ্ক নিয়ে বেঁচে আছে দেশের অনেক জেলাতেই অনেক সংখ্যালঘু পরিবার। কখনও মেয়েদের উঠিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে ধর্মান্তরকরণ, কখনও গর্ভের শিশুকে লাথি মেরে হত্যা, কখনও পুরো পরিবারকে আগুনে পুড়িয়ে মেরে ফেলার মত জঘণ্য অপরাধ করে নিঃশেষ করে ফেলা হচ্ছে তাঁদের।

অনেক সময় গৃহকর্ত্রী কর্তার উপর রাগ করলে তাকে কিছু করতে না পেরে যেমন বাড়ির কাজের লোকের উপর রাগ ঝাড়ে. তেমনি আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা নানা উছিলায় সংখ্যালঘুদের উপরই তাদের রাগ প্রদর্শন করে থাকে। সংখ্যালঘুরা হচ্ছে তাদের সেই রাগ ঝাড়ার জায়গা, তাদের আস্ফালন দেখানোর জায়গা। যদিও একটি জনগোষ্ঠী হিসেবে সংখ্যালঘুরা এদেশে কারও জন্য হুমকি নয়। তারা তাদের কৃষ্টি-কালচার নিয়ে শুধু দুটো খেয়ে-পড়ে ভালোভাবে দিনযাপন করতে পারলেই খুশি থাকে, আমাদের দারিদ্র্যঘেরা অধিকাংশ বাঙালিরই যেটা চাওয়া। তারপরও কেন শুধু তাদের উপরই অত্যাচার-নিপীড়ন?

বারবার সংখ্যালঘুদের উপর এসব আক্রমণ হচ্ছে কেন? কেন হামলাকারীরা বারবার এসব করেও পার পেয়ে যাচ্ছে? কারণ সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর কেউ নেই, নেই কোনো গোষ্ঠী, কোনো প্রশাসন, সরকার। অসাম্প্রদায়িকতার কথা এদেশে এখন ফাঁকা বুলি ছাড়া আর কিছু নয়। দিন দিন সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর নির্যাতনের মাত্রা বেড়েই চলেছে। ভাইরাসের মতো সারা দেশে এই উগ্র সাম্প্রদায়িকতার কালো ছায়া ছড়িয়ে পড়েছে।

যে সরকারকে সংখ্যালঘুরা তাদের জন্য নিরাপদ মনে করেছিল তারাও নীরব থেকেছে সংখ্যালঘুদের উপর আক্রমণের সময়। সাম্প্রদায়িক এসব হামলা রাজনৈতিক ইস্যু বানিয়ে তারা ফায়দা লুটেছে, অথচ হামলা বন্ধের জন্য কার্যকর ব্যবস্থা নেয়নি। কারণ তারা জানে যাই হোক না কেন, তাদের এই সংখ্যালঘু ভোট ব্যাংক অন্যত্র যাবার সম্ভাবনা আপাতত নেই। তাই আজ দেশের উগ্র হিংস্র একটি গোষ্ঠী হায়নার মতো তার থাবা বসিয়ে দেবার সাহস পায় নিরীহ শান্তিপ্রিয় সংখ্যালঘুর উপর! কী চায় এসব উগ্র, ধর্মান্ধ আক্রমণকারীরা? তারা কি চায় বাংলাদেশ থেকে সব সংখ্যালঘু মানুষগুলো দূর হয়ে যাক। কোথায় যাবে? কেন যাবে? এদেশটা কি তাদের নয়?

একাত্তরের মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে এই সংখ্যালঘুরাই। কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে অংশ নিয়েছে আজকের এই সংখ্যাগুরু বাঙালির সঙ্গে। তাহলে কেন তাদেরকে আজকে আবার একাত্তরের মত উদ্বাস্তু হতে হবে? খুন হতে হবে?

আমাদের দেশ এখন পুরোপুরিই ধর্মাশ্রয়ী রাষ্ট্রে পরিণত হতে চলেছে। রাজনীতিতে অতিমাত্রায় ধর্মের ব্যবহার মানুষের মনোজগতেও পরিবর্তন নিয়ে আসে। সাধারণ মানুষের ধর্মপ্রীতির সঙ্গে মৌলবাদ ও সাম্প্রদায়িকতার কোন সম্পর্ক নেই–এ কথা যেমন সত্য, আবার এটাও অস্বীকার করা যাবে না যে, ধর্মপ্রীতির প্রাবল্য ও উগ্রতা চেতনা ধাবিত করে মৌলবাদের দিকে, অসহিষ্ণুতার দিকে, ভিন্ন ধর্ম ও মতের প্রতি বিদ্বেষ পোষণ ও সহিংসতার দিকে। দেশকে সব দিক থেকে পিছিয়ে দেওয়া এবং অস্থিতিশীল করে একটি অকার্যকর রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র হচ্ছে বহুকাল থেকে। বলা যায় বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে সেই ষড়যন্ত্র চলে আসছে সমান ভাবেই।

আর এই ষড়যন্ত্রীরা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা করেছে অনেক বার। এর মধ্যে সরাসরি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছে ঢাকায় আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলা করে। একুশে আগস্টের সেই নৃশংস হামলার বিচার আজও শেষ হয়নি। সেই ষড়যন্ত্রী ও অপশক্তি এখনও সমান ভাবেই দাবার চাল দিয়ে চলেছে। বাংলাদেশ যেন মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধারণ করে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেই অপচেষ্টা চলছে বিরামহীনভাবে।

তারই জের ধরে একের পর এক খুন-হত্যা-নাশকতার ঘটনা ঘটছে। ক্ষমতাসীনদের উন্নয়নের বাদ্যের আড়ালে অরক্ষিত হয়ে পড়ছে সংখ্যালঘু আর প্রগতিমনস্কদের গর্দান। এই গর্দানকে অতর্কিতে যখন-তখন মৌলবাদী পিশাচদের চকচকে ধারালো অস্ত্র টার্গেট করছে। একদলীয় শাসনে 'দানব' হয়ে উঠা রাষ্ট্রযন্ত্র এসব ঠেকাতে পারছে না! সেই 'নিয়ত' আছে বলেও মনে হচ্ছে না। বর্তমান বাংলাদেশ এক কঠিন পরিস্থিতির মুখোমুখি!

কিন্তু আমার মতো যারা হতাশ হতে হতে বাংলাদেশ রাষ্ট্রের কাছে আর কিছুই আশা করেন না, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের গণতন্ত্র থেকে ধর্মনিরপেক্ষতার বিলুপ্তি এবং রাজনীতিতে নির্লজ্জের মতো একটি বিশেষ ধর্মকে ব্যবহার; রাষ্ট্রে, শিক্ষাব্যবস্থায় ও গণমাধ্যমসহ সমাজের সর্বত্র ক্রমাগতভাবে ইসলামীকরণ পর্যবেক্ষণ করেছেন; তাদের আর কী চাইবার আছে রাষ্ট্রের কাছে?

যে দেশে বিজ্ঞানচর্চার জন্য অভিজিৎ-অনন্তের মতো লেখকরা খুন হন; কুসংস্কারের বিরুদ্ধে সাধারণ যুক্তির কথা বলায় রাজিব, বাবু আর নীলয়ের মতো যুবকদেরকে বিশাল পরিকল্পনার মাধ্যমে আক্রমণ করা হয়; যে দেশে স্বাধীন মতপ্রকাশের কারণে তরুণ ব্লগারদেরকে জেল-জরিমানা আর পুলিশি নির্যাতন করা হয়; যে দেশের মানুষের চিন্তা দমন করতে কালো আইন জারি করা হয় এবং মধ্যযুগীয় কুসংস্কার আর বর্বর রীতি প্রতিষ্ঠিত করতে মৌলবাদের পদলেহন করা হয়, সে দেশে আমরা কার কাছে কী চাইব? কী দাবি করব?

তারপরও আমরা মনেপ্রাণে বিশ্বাস করি আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠের বৃহৎ অংশটাই ভালো, শান্তিকামী এবং তারা সংখ্যালঘুদের প্রতি সহানুভূতিশীল মনোভাবই পোষণ করে থাকেন। গুটিকতক বিপথগামী উগ্র ধর্মান্ধ মানুষের কারণে সবাই দোষী হতে পারে না। তবে তাদেরকে তাদের অসাম্প্রদায়িকতার পরিচয় দিতে হবে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মাধ্যমে, সংখ্যালঘুদেরকে মানুষ হিসেবে বাঁচবার সুযোগ করে দেবার মাধ্যমে। নাকি সংখ্যালঘুদের উপর হামলা তখনই বন্ধ হবে যখন এদেশে আর সংখ্যালঘুই থাকবে না? যদি তা-ই হয় তবে বুঝবে আমাদের বিশ্বাসে ভুল ছিল!

পুনশ্চ, সাংবাদিক অরুণ বসুর ভাষায় বলতে ইচ্ছে করছে:

"আমি বিশ্বাস করি, দেশের বেশিরভাগ মানুষ এই সাম্প্রদায়িক সহিংসতা সমর্থন করে না। আমি দেখতে পাই, দায়িত্বশীল নাগরিকেরা এই অনাচারের বিরুদ্ধে সভা-সম্মেলন করছেন, চিৎকার করে প্রতিবাদ করছেন। দল বেঁধে অকুস্থলে যাচ্ছেন বহুজন। অত্যাচারিতের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন। এঁরা কোনো প্রতিরোধ হয়তো গড়ে তুলতে পারছেন না। এঁদের হয়তো গণ্যই করছেন না দেশের কর্ণধার আর বৃহৎ রাজনৈতিক দলের নেতারা। তবু দেশের মধ্যে সভ্যতার আর মনুষ্যত্বের সলতেটা জ্বালিয়ে রাখছেন এঁরাই। এটা তো ভরসারই কথা।

আমি আরও এক ভরসার দিকচিহ্ন দেখতে পাই— আসছে এক ঝলমলে অন্য রকম প্রজন্ম, যারা এই কলুষতার লক্ষণহীন। এই মাটিতে আমি জন্মেছি। দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছি। শরীরে পাকিস্তানি সেনা ও তাদের দোসরদের নির্যাতনের চিহ্ন আজও আমি বয়ে বেড়াই। এ দেশ আমার। এখানে আমার ভিটে আছে। ঘন কালিতে মোটা হরফে তাই লিখে দিতে চাই, দেশ ছেড়ে আমি কোথাও যাব না।"