টিউলিপের প্রস্তাব ও নারীর অধিকার
মায়া-পুরানে রয়েছে এক আশ্চর্য মেয়ের কাহিনি| আকাশ থেকে রথে চড়ে নেমে এল এক নারী। তিনি জন্ম দিলেন মানবসন্তানের এবং তার হাতে তুলে দিলেন নানা রকম শস্যবীজ। এভাবেই সৃষ্টি হল মানবপ্রজাতি ও কৃষি।
শুধু মায়া-পুরান নয় বিশ্বের প্রাচীন সভ্যতাগুলোর পুরাণ কাহিনিতে রয়েছে মাতৃদেবীর বন্দনা। আসিরীয়, ব্যাবিলনীয় সভ্যতার প্রথমযুগে নির্মিত যে দেবপ্রতিমাগুলো পাওয়া যায় তা মাতৃদেবীর। সেগুলো সবই গর্ভবতী নারী মূর্তি। গ্রেকোরোমান পুরাণে সিবিলি, গেইয়া, মিশরীয় পুরাণে আইসিস, ব্যাবিলনীয় পুরাণে ইশতার ছিলেন মাতৃদেবী। প্রাচীন বাংলায় মা ষষ্ঠীর পূজা প্রচলিত ছিল।
মানবসভ্যতার উষালগ্নে সমাজ যখন মাতৃতান্ত্রিক ছিল তখন মাতৃত্ব বা সন্তান জন্মদানের বিষয়টি ছিল নারীর জন্য ক্ষমতাসূচক। সেই আদিম মানব গোষ্ঠী জানত সমাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি নারী করছে। সন্তানের জন্মদানের মাধ্যমে এই গ্রহে মানবপ্রজাতিকে টিকিয়ে রেখেছে নারী। তাই গর্ভবতী নারী প্রতিমার পূজা প্রচলিত ছিল সব আদিম সমাজে।
গর্ভবতী অবস্থায় নারীর মধ্যে বিশেষ শক্তির প্রকাশ ঘটে বলেও মনে করা হতো অনেক আদিম সমাজে। সেই অবস্থায় নারীর যত্ন বিশেষ যত্ন, বিশেষ খাদ্য এবং বিশেষ সুবিধার ব্যবস্থা করা হতো। এই বিশেষ ব্যবস্থা নারী ও অনাগত শিশুর স্বার্থে ও সম্মানে করা হতো।
গর্ভবতী অবস্থায় নারীর জন্য বিশেষ সামাজিক অনুষ্ঠানের প্রচলন এখনও অনেক সমাজেই রয়েছে। বাঙালি সমাজে 'সাধ উৎসব', ভারতের বিভিন্ন অঞ্চলে 'গোদভরাই', 'দোহদ' ইত্যাদি উৎসবের প্রচলন রয়েছে যা নারীর গর্ভধারণকে সম্মানিত করার উদ্দেশ্যে পালন করা হয়। একইভাবে পাশ্চাত্যে রয়েছে 'বেবি শাওয়ার' উৎসব।
পুরুষতান্ত্রিক সমাজ পরবর্তিতে নারীর এই প্রাকৃতিক ক্ষমতাকে তার বিরুদ্ধে অন্যতম অস্ত্র হিসেবে প্রয়োগ করে। তাকে গৃহবন্দি করে, তার পায়ে পরিয়ে দেয় শিকল। মাতৃত্ব তখন নারীর শক্তির পরিবর্তে তার প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়।
বহু শতাব্দির নিষেধের ঘেরাটোপ ভেঙে অষ্টাদশ, উনবিংশ ও বিশেষ করে বিংশ শতাব্দিতে নারী যখন কলকারখানায় কাজ শুরু করে তখন তার মাতৃত্বকে দেখা হয় দুর্বলতা হিসেবে।
মাতৃত্বকালীন ছুটি তো দূরের কথা, গভর্বতী হলে চাকরি চলে যাওয়ার ভয় বহুদিন তাকে কর্মক্ষেত্রে অবদমিত করে রাখে।
এমনকি এখন পর্যন্ত অনেক প্রতিষ্ঠান নারীকে নিয়োগ দিতে চায় না কারণ মাতৃত্বকালীন ছুটি দিতে হবে, তাকে 'বসিয়ে' বেতন দিতে হবে|মাতৃত্বের কারণে প্রমোশনের দৌড়ে নারীকে পিছনে ঠেলে দেওয়ার কু-আচরণ এখনও অনেক প্রতিষ্ঠানে রয়েছে। এই সেদিনও দেশের একটি নামি সংবাদপত্রে নারী সাংবাদিককে নিয়োগ দেওয়া হয়নি এই অজুহাতে।
সে প্রতিষ্ঠানের এক নীতি নির্ধারক সাংবাদিক মন্তব্য করেছিলেন 'মেয়েদের তো খালি বাচ্চা হয় আর ছুটি দিতে হয়। এদের কাজে না নেওয়াই ভালো'। এসব কারণে অনেক নারীও মনে করেন মাতৃত্ব তাকে কর্মক্ষেত্রে পিছিয়ে দিচ্ছে। পাশ্চাত্যে পঞ্চাশ ও ষাটের দশকে অনেক নারী মনে করতেন মাতৃত্ব কর্মজীবী নারীর জন্য অসম্মানজনক। সে সময় বিয়ের পর অনেক নারী চাকরি ছেড়ে দিতেন অথবা বিয়েই করতেন না। এখনও অনেকে মনে করেন গর্ভবতীর জন্য বিশেষ ব্যবস্থা নারীর পক্ষে অসম্মানজনক যা তাকে পুরুষের সমকক্ষ হতে বাধা দেয়। যদিও এটি ভ্রান্ত ধারণা। কারণ কিছু কিছু ক্ষেত্রে নারী-পুরুষের শারিরীক ভিন্নতা যে রয়েছে তা অস্বীকার করার কোনো উপায় নেই, তার প্রয়োজনও নেই।
মাতৃত্বকে নারীর দুর্বলতা হিসেবে দেখার মানসিকতার পরিবর্তন হয়েছে বিশ্বজুড়ে। এখন বিশ্বের বিভিন্ন দেশে মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা রয়েছে। পুরো ছুটিকে এখন বলা হয় 'প্যারেন্টাল লিভ'। 'প্যারেন্টাল লিভ'-এর অন্তর্ভুক্ত হলো মাতৃত্বকালীন, পিতৃত্বকালীন ও দত্তক গ্রহণের কারণে ছুটি। বিশ্বের বিভিন্ন দেশে তিন মাস থেকে তিন বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে প্যারেন্টাল লিভের নিয়ম আছে। তবে এই ধরনের ছুটির ক্ষেত্রে ব্যতিক্রম হলো যুক্তরাষ্ট্র। এখানে রাষ্ট্রীয়ভাবে কোনো প্যারেন্টাল লিভ এর নিয়ম নেই।প্রতিষ্ঠানভেদে ভিন্ন ভিন্ন নিয়ম রয়েছে।
স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে তিন বছর মেয়াদে মাতৃত্বকালীন ছুটির নিয়ম আছে। শিশু 'ক্রেশ'-এ যাবার উপযোগী বা ডে কেয়ারে যাবার উপযোগী না হওয়া পর্যন্ত মাকে ছুটি দেওয়ার নিয়ম রয়েছে। সন্তানের জন্মের পর মা ও শিশুকে যত্ন নেওয়ার জন্য বাবাও কয়েক সপ্তাহের ছুটি পান প্রায় সব উন্নত দেশেই।
কর্মসূত্রে চীন দেশে থাকার সময় দেখেছি আটমাসের মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয় নারীকে। আমার কর্মস্থল চীন বেতারে দেখেছি মাতৃত্বকালীন ছুটি শেষে যে নারীরা কাজে ফিরতেন তাদের প্রমোশন ও অন্যান্য সুযোগের ক্ষেত্রে কোনো সমস্যা হতো না। আটমাস পরে ফিরে তারা আরও নানা রকম সুবিধা পেতেন। তাদের কর্মঘন্টা এমনভাবে নির্ধারণ করা হতো যাতে শিশুর দেখভালে কোনো সমস্যা না হয়। সেই সঙ্গে সেখানে প্রতিটি প্রতিষ্ঠানে শিশু যত্ন কেন্দ্র রয়েছে। শিশুকে নিয়েই কাজে আসেন মা। কাজের ফাঁকে শিশুকে স্তন্যদান করেন।
নেদারল্যান্ডসের অক্সফাম অফিসে দেখেছি হবু মা এবং ছোট শিশুর মাকে এমনভাবে কাজের দায়িত্ব দেয়া হয় যাতে তার কোনো শারিরীক সমস্যা না হয়। প্রতিষ্ঠান জেন্ডারসচেতন হলে গর্ভবতী অবস্থায় এবং সন্তানের সন্তান জন্মের পর মাকে এমনভাবে দায়িত্ব ভাগ করে দিতে পারে যাতে কাজটিও সুষ্ঠুভাবে হয় আবার মায়ের উপরও বাড়তি কোনো চাপ না পড়ে|
আমার সন্তান জন্মের সময় বাংলাদেশে মাতৃত্বকালীন ছুটি ছিল তিনমাসের। সে সময় আমি দৈনিক মুক্তকণ্ঠে কাজ করতাম। সবেতন ছুটি পেয়েছিলাম। আমাদের সম্পাদক ছিলেন প্রয়াত সাংবাদিক কে.জি. মুস্তাফা। তিনি আমাকে ফিচার-রিপোর্টিং থেকে সরিয়ে নারী পাতার বিভাগীয় সম্পাদক করে হাউজের ভিতরে কাজ দিয়েছিলেন। আহা, বাংলাদেশের সব প্রতিষ্ঠানের প্রধান যদি অমন সচেতন হতেন!
বাংলাদেশে এখন সবেতন ছয়মাসের মাতৃত্বকালীন ছুটির বিধান রয়েছে। সরকারি প্রতিষ্ঠানগুলোতে তা মানা হলেও সব বেসরকারি প্রতিষ্ঠানে এখনও তা মানা হয় না। অনেক সময় কোনো মেয়ে বিয়ে করলে বা সন্তান ধারণ করলে বিভিন্ন অজুহাতে তার চাকরিটি খাওয়া হয় তাকে ছুটি দিতে হবে এই ভয়ে।
সম্প্রতি টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টে নারী এমপিদের জন্য গর্ভকালীন হাজিরার যে প্রস্তাবটি রেখেছেন তা আবার নতুন করে মাতৃত্বকালীন সুবিধার বিষয়কে আলোচনায় নিয়ে এসেছে। টিউলিপের প্রস্তাব অত্যন্ত যথাযথ ও জেন্ডার অধিকারের ধারণাবাহী সন্দেহ নেই। তবে বিষ্ময় জাগানিয়া খবর হলো টিউলিপের প্রস্তাবে কনজারভেটিভ পার্টির একজন নারী এমপির বিরোধিতা এবং মাতৃত্ব বিষয়ক নেতিবাচক মন্তব্যের বিষয়টি। ভাবতে অবাক লাগে যারা বিশ্বে মানবতার জিগিরে মুখে ফেনা তোলে তাদের অনেকের মধ্যেও এধরনের পশ্চাৎপদ মানসিকতা রয়েছে।
আমাদের দেশের সবেতন মাতৃত্বকালীন ছুটি প্রতিটি স্তরে কর্মজীবী নারীর সিডোসনদভুক্ত অধিকার। এই সুবিধা সকল নারী পাচ্ছে সেটি নিশ্চিত করা দরকার। পাশাপাশি মাতৃত্বের সময় নারী যেন প্রমোশন ও অন্যান্য সুবিধা সুযোগ থেকে পিছিয়ে না পড়ে তার জন্য কর্ম বণ্টন সুচারুভাবে হতে হবে।
ব্রিটিশ পার্লামেন্টের সেই রক্ষণশীল এমপির মতো নারী-পুরুষ নির্বিশেষে বিশ্বের সবদেশেই এখনো্ অনেকেই মনে করেন মাতৃত্ব হলো নারীর অজুহাত বা দুর্বলতা। অনেক নারী মনে করনে মাতৃত্ব তাকে পিছিয়ে দিচ্ছে। অনেক পুরুষ মনে করেন মাতৃত্বের কারণে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু মানবজাতির ধারা টিকিয়ে রাখার জন্য মাতৃত্ব তো অত্যাবশ্যকীয়। আজ যদি বিশ্বের সব নারী স্থির করে তারা আর গর্ভধারণ করবে না সন্তানের জন্ম দিবে না তাহলে অবস্থাটা কী দাঁড়াবে তা কি কল্পনা করা যায়? জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থার কল্যাণে এখন নারীর সে ক্ষমতা রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির জন্য, প্রতিষ্ঠানের বসকে খুশি করতে কিংবা নিজের কষ্ট এড়াতে বিশ্বের সব নারী যদি সন্তান ধারণ বন্ধ করার সিদ্ধান্ত নেয়? তাহলে তো মানবজাতিই বিলুপ্ত হয়ে যাবে।
সন্তান জন্মদানের মাধ্যমে নারী যে কাজ করছে তা সমগ্র মানব জাতির স্বার্থেই করছে। মানব প্রজাতিকে পৃথিবীতে টিকিয়ে রাখছে নারী। এই সামাজিক, সার্জনীন কল্যাণকর কাজটির জন্য প্রতিটি প্রতিষ্ঠানকে কিছুটা ত্যাগ স্বীকার তো করতেই হবে।
