হিন্দু আইন সংস্কারে বৈরিতা কেন
গত বছরের ২০ ডিসেম্বরে আইন মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় কমিটি হিন্দু ধর্মাবলম্বীদের বিয়ে নিবন্ধন বাধ্যতামূলক করে হিন্দু বিয়ে আইন এবং হিন্দু উত্তরাধিকার আইন সংশোধনের সুপারিশ করে। গত বছরের শেষ দিকে বাংলাদেশ মহিলা পরিষদ সনাতন ধর্মাবলম্বী ঢাকার আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়। এ আইনজীবীরা আইন সংশোধনের বিরোধিতা করে মতামত প্রকাশ করেন। আইন মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় কমিটির বিরোধিতা করে গত ১৯ মার্চে ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে জাতীয় হিন্দু মহাজোট আইন সংস্কারের উদ্যোগ না নিতে একটি গোলটেবিল বৈঠকে সরকারের প্রতি আহবান জানায়। সেদিন গোলটেবিল বৈঠকে ওই জোটের বিভিন্ন নেতা প্রতিনিধিরা সরকারকে আইন সংশোধনের ব্যাপারে হুশিয়ার করে বলেন,সম্প্রদায়ের মানুষের আপত্তি সত্ত্বেও সে রকম উদ্যোগ নেয়া হলে পরিনতি ভালো হবে না। তারা বলেন,ওই সংসদীয় কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত একটি নির্দিষ্ট এলাকার জনগনের প্রতিনিধি এবং আওয়ামী লীগ নেতা। কিন্তু তিনি কোনভাবেই হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি নন। সুরঞ্জিতের কথা সম্প্রদায়ের সবার কথা নয়। আলোচক ও বক্তাদের মধ্যে একজন বলেন, বাবার সম্পত্তিতে মেয়েদের অধিকার দেয়া হলে জোর করে ধর্ম পরিবর্তনের ঘটনা বেড়ে যাবে। পরে ধর্মান্তরিত মেয়েকে বিয়ে করে তার সম্পত্তি দখলের ছুতায় বাবার সব সম্পত্তিই দখল করা হবে। তারা বলেন সরকার যদি হিন্দুদের প্রকৃত শুভাকাঙ্খী হন তবে অর্পিত সম্পত্তি আইন বাতিল করুক এবং সেবা বা দানের ক্ষেত্রে মুসলমান সম্প্রদায়কে প্রদত্ত সুযোগ হিন্দুদের বেলায়ও দেয়া হোক।
গত ২১ এপ্রিলে সুপ্রীম কোর্ট এবং ঢাকা জজ কোর্টের একদল নারী আইনজীবী ঢাকা আইনজীবী সমিতি মিলনায়তনে সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীদের উত্তরাধিকার আইনের সংশোধন চেয়ে একটি মত বিনিময় সভা করেছে। তাদের দাবী এ যাবৎ এ ,দেশের বিভিন্ন নারী ও মানবাধিকার সংগঠন ছাড়া হিন্দু ধর্মাবলম্বী নাগরিক হিন্দু আইন সংশোধনের পক্ষে কথা বলেননি, মত দেন নি। বিছিন্নভাবে কেউ কেউ কথা বললেও তারাই প্রথম হিন্দু ধর্মাবলম্বী যারা সাংগঠিতভাবে আইন সংশোধনের পক্ষে আওয়াজ তোলার চেষ্টা শুরু করেছেন। ২৫ এপ্রিল তারিখে রাজধানীর বিদ্যুত ভবনে বর্তমান আইনমন্ত্রী ব্যারিষ্টার শফিক আহমেদ মুসলিম ও হিন্দু আইনের দুইটি পুস্তক প্রকাশনা অনুষ্ঠানে হিন্দু বিয়ে নিবন্ধনের ব্যাপারে বক্তব্য রাখেন।
বাংলাদেশে সনাতন ধর্মালম্বীদের ব্যক্তিগত আইনের সংস্কার ও শোধন নিয়ে গোল দেখা দিয়েছে আজকে নয় বরং বহু আগে। আমাদের বাংলাদেশে এবং ভারতের বঙ্গে হিন্দুদের ব্যক্তিগত আইন পরিচালনায় দায়ভাগা মত অনুসরন করা হয়। ভারতের অন্যত্র মানা হয় মিতাক্ষরা মত। আইন সংস্কার বিশেষত বিয়ে নিবন্ধন ও সম্পত্তির উত্তরাধিকারের বিষয়ে বাংলাদেশে গত কয়েকটি সরকার আমলে স্থবির, শ্যাওলা পড়া আইন কাটাকুটি করার জন্য কাঁচি চালানোর তুমুল প্রয়াস লক্ষ্য করা গেছে। নারী অধিকার, মানাবাধিকার আন্দোলনকারী বেশ কয়েকটি প্রতিষ্ঠান সরব হয়েছে। এদের শরগোলে বিভিন্ন হিন্দু সুধীজন, হিন্দু সমাজ সংস্কার সংগঠনসহ সম্প্রদায় অধিকার আন্দোলনকারী কয়েকটি প্রতিষ্ঠান বিপরীত প্রতিক্রিয়া দেখিয়েছেন। কারন ১৯৮৮ সনে ঘোষিত রাষ্ট্রধর্মের মাধ্যমে সাংবিধানিক সাম্প্রদায়িকতা রাষ্ট্র, রাজনীতি, প্রশাসন, বিচার, সমাজ সর্বত্রই অধিকতর সাম্প্রদায়িক ভেদবুদ্ধি ছড়িয়েছে। ১৯৯০, ১৯৯২সন ও পরবর্তী প্রলয়ঙ্কর সাম্প্রদায়িক সন্ত্রাস, ২০০১ সনের নিবার্চনোত্তর সাম্প্রদায়িক জিঘাংসা ও নৈরাজ্যের অদ্ভুত আঁধার ধর্মীয় সংখ্যালঘু প্রান্তিক শ্রেণীকে করেছে অসংবৃত, গত্যন্তরহীন, উৎকেন্দ্রিক, সংশয়ী সেই সাথে পলায়নপর। এবংবিধ পরিস্থিতিতে আইন সংশোধনের জন্য বিভিন্ন উদ্যোগ নেয়া হলেও তা দিনের আলোতে ঋজু পায়ে দাঁড়াতে পারেনি, সৃষ্টি হয় শূন্যতার। সেকারনে এ সব প্রতিকূলতার স্রোত ডিঙ্গিয়ে পাল তুলেছে বিভিন্ন বেসরকারী সংস্থা। তাদের মধ্যে কেউ কেউ সম্পত্তিতে হিন্দু মুসলিম নির্বিশেষে নারী পুরুষের সম অধিকার প্রসঙ্গটিকে সামনে এনে সার্বজনীন পারিবারিক আইন (ইউনিফর্ম ফ্যমিলি কোড)চালু করার জন্য জনমত গড়ে তোলার আন্দোলনে নামেন। সেসময় বিচারপতি কামালউদ্দিন হোসেনের নেতৃত্বাধীন আইন কমিশনের মাধ্যমে হিন্দু আইনের কয়েকটি গুরুত্বপূর্ন দিক সংস্কারে বিভিন্ন পরীক্ষা নীরিক্ষা শুরু করেন। কিন্তু কোন সিদ্ধান্তে পৌঁছতে পারেন না। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়। সাম্প্রদায়িক আদর্শের সঙ্গে প্রায় সবগুলো রাজনৈতিক দলের আপোষকামিতা, ধর্মনিরেপেক্ষ রাষ্ট্র গঠনে দৃঢ় অঙ্গীকার ও এ সম্পর্কিত বিশুদ্ধ কার্যক্রমের আপাত দৃশ্যহীনতায়, হিন্দু শিক্ষিত সমাজের মধ্যে তীব্র হতাশা রয়েছে। সে কারনে তাদের ব্যক্তিগত আইন পরিবর্তন তাদেরকে আরো দুস্বপ্নের মধ্যে ফেলে দেবে বলে ধারনা করছেন। তাদের মধ্যে গরিষ্ঠ বর্গই আইন পরিবর্তনের বিরুদ্ধে মত দিচ্ছেন। আর লঘিষ্ঠ অংশ আইন পরিবর্তনের পক্ষে অস্ফুট স্বর প্রক্ষেপণের সাহস দেখাচ্ছেন। ধাবমান সময়ের দাবিতে, পরিবর্তনের অনিবার্য প্রবল তোড়ে মানুষের ব্যক্তিগত, পারিবারিক সম্পর্কের নতুন দিক উন্মোচিত হচ্ছে। তাই অন্ধ হয়ে প্রলয় বন্ধ করার কোন চেষ্টাই আর টিকছে না। সনাতনী আইনকেও আর আগের জায়গায় দাঁড়িয়ে থাকতে দিচ্ছে না সময় নামক রাহু। মূল্যবোধের পরিবর্তনে হিন্দুদের মধ্যেও দাম্পত্য সম্পর্কে ফাটল ধরছে। অনেক হিন্দু নারী স্বামীদের কাছ থেকে পৃথক হতে চাচ্ছেন, স্বতন্ত্র বসবাসের অধিকার চাচ্ছেন। বৃদ্ধ মা বাবাকে অনেক পুত্রই আগের মতো মায়া মমতা ভালোবাসা শ্রদ্ধা নিয়ে দেখছেন না। আর আইনে কোন উপায় না থাকার কারনে সব দেখে, শুনে, বুঝেও কোন আইনি প্রতিকার তাদের পক্ষে দেয়া সম্ভব হচ্ছে না। অথচ ভারতে পিতার মৃত্যুর পর তার সম্পত্তিতে পুত্র কন্যার সমান অধিকার। তাদের বিয়ের নিবন্ধনের নিয়ম রয়েছে। রয়েছে বিয়ে বিচ্ছেদের অধিকার। তারা অনেক এগিয়ে গেলেও আমরা পারিনি অচলায়তন ভাঙ্গতে। উত্তরাধিকার আইন করা হলে মেয়েরা বাবার সম্পত্তিতে উত্তরাধিকারী হয়ে যাবে এবং এতে করে মুসলমান ছেলেরা অত্যুৎসাহী হয়ে হিন্দু মেয়েকে বিয়ে করে তার সম্পত্তির অংশ নিয়ে নেবে অথবা ওই মেয়ের বাবার সম্পত্তির বাদ বাকী সম্পত্তিও গ্রাস করায় তৎপর হবে–এমন ধারণা করা হচ্ছে। যদিও সম্পদ কুক্ষিগতকারীর কোন ধর্মের প্রয়োজন হয়না। কারণ ঐ কাজটাই ধর্মহীন। কিন্তু বিয়ে বিচ্ছেদের আইন তৈরির বেলায়, বিয়ে নিবন্ধনের বেলায় কোন বিরুদ্ধ যুক্তি তারা দেখাবে? অথচ দেশের বাইরে অভিবাসনে, ক্ষেত্র বিশেষে উচ্চতর শিক্ষা দীক্ষা গ্রহণের বেলায় বিবাহিতদের স্বামী স্ত্রীর সম্পর্কের প্রামাণিক দলিলের অপরিহার্যতা দেখা দেয়। তাহলে এই বিরুদ্ধতা কি কূপের (কুয়া)মধ্যে মন্ডুকের(ব্যঙ)সমুদ্র দর্শনের অভিজ্ঞান নয়? ইতিহাস কী কথা বলে? বিদ্যাসাগরকে বিধবাবিবাহ আইন প্রবর্তনের পর তাকে ১৮ দিন বাড়ি থেকে বের হতে দেয়নি কারা? সতীদাহ প্রথা ভেঙ্গে দেয়ার পর রামমোহনকে নিগৃহীত করেছে কারা? সেসব প্রতিক্রিয়াশীলদের ভূত কি আজও আমরা কাঁধে বয়ে নিয়ে বেড়াবো? যুগের সঞ্চিত গ্লানিকে আমরা আজও বহন করবো? বলা হচ্ছে হিন্দু পরিবার প্রথা আজও অত্যন্ত মজবুত, দৃঢ়। বলা হচ্ছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছ থেকে সব অধিকার কেড়ে নেয়া হয়েছে, রয়েছে শুধু হাজার বছরের পারিবারিক প্রথার ঐতিহ্য। কিন্তু সকল ঐতিহ্য কি সদর্থক, শ্রদ্ধাবহ, প্রগতিপন্থী ?
আমার অনুসন্ধান মতে ঢাকার নিম্ন আদালতে বেশ কয়েকটি বিবাহ বিচ্ছেদের ও স্বতন্ত্র বসবাসের অধিকার চেয়ে, পারিবারিক আদালতে ভরনপোষনের জন্য, যৌতুক ও নারী শিশু নির্যাতন দমন আইনে হিন্দু দম্পতির মামলা রয়েছে। যে মামলাগুলো আইন সংশোধন করা হলে দায়ের করতে হতো না। লেখায় সেসব মামলার পক্ষদের নাম গোপন রাখতে হচ্ছে। এসব দম্পতিরা সমাজে অগ্রসর এলিট বলে পরিচিতও বটে।
আইন সমর্থন করে না বলে যখন হিন্দু পুরুষের স্ত্রী বর্তমান থাকা সত্বেও অপর নারীকে স্ত্রী হিসাবে গ্রহনে অথবা বহু বিবাহে বাধা দেয়া যায় না, উশৃঙ্খল জীবন যাপনে অভ্যস্ত নারী বা পুরুষের নিপীড়নের চূড়ান্ত, এমনকি স্বামী-স্ত্রীর সম্পর্কে কারো জীবনহানির সম্ভাবনা থাকা সত্ত্বেও চিরকালের জন্য বিচ্ছিন্ন হয়ে স্বাধীন স্বতন্ত্র জীবন বিকাশের সুযোগ পায় না, স্ত্রীর স্বতন্ত্র বসবাস এবং ভরনপোষণের দায় ও অধিকারে আইনি অপর্যাপ্ততায় সুষ্ঠু প্রতিকার সম্ভব হয় না, বিধবা বা বৃদ্ধাকে পুত্র পরিবার পরিজনের অবহেলা অর্থকষ্ট থেকে উদ্ধারে পরিত্রানের কোন আইনসম্মত উপায় বের করা যায় না, আইনের অপ্রতুলতার কারনে বাবা মার অনুপস্থিতিতে বোনের বিয়ে দানে বা খরপোষ প্রদানে নানা উছিলা অপযুক্তিতে ভাইয়ের গাফিলতি বা অস্বীকৃতির যখন বিহিত করা যায় না তখন আইনটিকে থেরাপী দিয়ে আর বাঁচিয়ে রাখার যুক্তি থাকে না। অপারেশন টেবিলে নিয়ে ব্যবচ্ছেদ করা ছাড়া আর কোন উপায় থাকে না ।
কিন্তু বিষয়টি এত সহজ সরল নয়। বরং সমূহ মাত্রায় জটিল। কারন বাংলাদেশ নামক রাষ্ট্রটির অভ্যুদয়ের ৪০ বছর পার হয়ে গেলেও এখনো গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়,জাতি,ধর্ম সম্প্রদায়, নৃগোষ্ঠীর নির্বিশেষ স্বার্থের জন্য আন্দোলন করতে হয়। উৎকৃষ্ট সংবিধানের জন্য চিৎকার করতে হয়। তৎকালীন পাকিস্তান সরকারের প্রদত্ত অভিশপ্ত উপহার শত্রু সম্পত্তি আইনের যা এখন অর্পিত সম্পত্তি আইন বলে প্রসিদ্ধ, তার বিরোধিতা করতে হয়। এমনকি অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন নিয়েও অধিকাংশ হিন্দু সুধীজনের ভিন্ন মত তুলতে হয়, তখন নিরাপত্তাহীন হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা তাদের ব্যক্তিগত আইন পরিবর্তনে বিশেষত উত্তরাধিকার আইন পরিবর্তনে কথা তুলতে পারেন। বলতে পারেন আগে হিন্দু সম্প্রদায়ের সামাজিক নিরাপত্তা দাও, সাংবিধানিক নিরাপত্তা দাও তারপর আমাদের উত্তরাধিকার আইন সংশোধন করো। কিন্তু বিয়ে নিবন্ধনের আাইন করা হলে তারা কীভাবে আরো নিরাপত্তাহীন হবেন, বিয়ে বিচ্ছেদের বিষয়ে সামঞ্জস্যমূলক ও যুগসম্মত সংশোধিত আইন আসলে কীভাবে তাদের ধর্ম নষ্ট হয়ে যাবে ,অনাসৃষ্টি, অরাজকতা তৈরি হবে তা বোধগম্য নয়।
গত একযুগে বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিকে বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী বিশেষত আইন পেশাজীবীগনের মধ্যে অধিকাংশরাই নানাভাবে এ আইন সংশোধনের ব্যাপারে বিরুদ্ধ মত প্রকাশ করে নানা পদের আলোচনা সমালোচনাও লিখেছেন। তাঁদের মধ্যে লেখকগন বিপক্ষে আর আইন মানবাধিকার সংগঠনের লেখিকাগন পক্ষে মত দিয়েছেন। অধিকাংশ লেখাই দৈনিক সংবাদ , জনকন্ঠ, মাতৃভূমি পত্রিকায় প্রকাশিত হয়েছে। তাদের কারো কারো সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে দেখা গেছে তারা আইন সংশোধনের পুরোপুরি বিপক্ষে নন । তাদের প্রথম বক্তব্য এবং সাফ কথা আমাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ রোধে অর্পিত সম্পত্তি নামক দুষ্ট গ্রহটিকে কক্ষচ্যুত না করা পর্যন্ত আমাদের ব্যক্তিগত আইন নিয়ে কথা বলার কোন অধিকার কারোর নেই। না সরকারের, না বেসরকারী সাহায্য সংস্থা অথবা মানবাধিকার সংগঠনগুলোর। তাদের কাছে আমার প্রশ্ন আপনারা কি কখনো সম্প্রতি ঘোষণা দিয়ে ব্যাপক উদ্যোগ নিয়েছেন আইন সংশোধনের ব্যাপারে থানা, জেলা শহরে হিন্দু জনগোষ্ঠীর মতামত নেয়ার জন্য? নিলে জানা যেত। এর আগে প্রয়াত বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্য,পূজা উদযাপন পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ আইন সংশোধন নিয়ে বেশ কয়েকটি সভায় মিলিত হয়েছিলেন। এরপরও কয়েকটি সভা হয়। কিন্তু বিষয়টি ত্রিশঙ্কু অবস্থায়ই থেকে যায়।
জাতীয় মহিলা আইনজীবী সমিতির ২০০০ সালে একটি জরিপে দেখা গেছে, এই সংস্কার (সংশোধন)প্রশ্নে হিন্দু ধর্মাবলম্বী মেয়েদের মধ্যে ৮৪ ভাগ বলেছেন এ আইন একপেশে বৈষম্যমূলক। ৭৬.৬৭ ভাগ পুরুষ বলেছেন এ আইন ঠিক নয়। বিবাহ বিচ্ছেদের পক্ষে মত দিয়েছেন ৬০.৬৭ ভাগ নারী এবং ৫৮.৬৭ ভাগ পুরুষ। এরকম জরিপ হিন্দু জনগোষ্ঠীর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকেও হওয়া জরুরি। কারন ভবিষ্যত প্রজন্ম আমাদের কাছে বিষয়টি নিয়ে অবশ্যই প্রশ্ন তুলবে। তখন প্রায়শ্চিত্তের জায়গা খুঁজে পাওয়া যাবে না।
প্রকাশ বিশ্বাস: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আদালত প্রতিবেদক।
