২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শীত আসিবার আগেই… সাবধান বঙ্গদেশ

অজয় দাশগুপ্ত অজয় দাশগুপ্ত

Published : 20 Nov 2014, 11:21 AM

Updated : 01 Jul 2022, 05:48 PM

শীত এলেই কিছু মানুষের মনোজগতে পরিবর্তন ঘটতে শুরু করে। শীতের প্রকোপ মানুষ তো মানুষ, প্রকৃতির পশু-পাখিও সহ্য করতে পারে না। আমাদের মতো গরিব দেশে, পরিবেশ বিপর্যয়ের দেশে উড়ে আসে সাইবেরিয়ার পাখি। আমরা যে কত মহৎ ও হৃদয়বান জাতি ছিলাম সে আমাদের ভাষাতেই স্পষ্ট। ইংরেজিতে এদের 'ইমিগ্র্যান্ট বার্ডস' বলা হয়ে থাকে, যার তর্জমা হওয়া উচিত ছিল, 'অভিবাসী পাখি'। অথচ আমরা বলি, 'অতিথি পাখি'। অতিথি পাখীদের জায়গা দেওয়া সমাজেও শীতকালে সবাই ভালো থাকে না।

ছেলেবেলায় আমাদের পাড়ার কানুদাকে দেখে ভীষণ ভয় পেতাম আমরা। তাকে দেখলেই খেলা ফেলে একপাশে সরে পড়ত সবাই। বাড়ির জানালা বা দরজা ধরে দাঁড়িয়ে থাকা মুখগুলো উধাও হয়ে যেত। তরুণী কিংবা রমণীদের তো কথাই নেই। অথচ কানুদা কখনও কারও কোনো ক্ষতি করেনি। পরে জেনেছিলাম, একসময়ের তুখোড় ছাত্র সবার প্রিয় কানুদা কোনো এক জটিল মনস্তাত্ত্বিক কারণে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। অকারণে বিড় বিড় করতে থাকা এই মানুষটি প্রচণ্ড শীতের সময়ও খালি গায়ে গলির পথ ধরে হেঁটে বেড়াত। কাউকে কিছু বলত না। কারও প্রতি বিন্দুমাত্র আগ্রহও ছিল না তার। সারাপথ মুখে খৈ ফুটিয়ে বিড়বিড় করে কী যে বলত কে জানে। মাঝে মাঝে চিৎকার করে বলত, ''দেখে নেব! দেখে নেব!''

Image
অতিথি পাখীদের জায়গা দেওয়া সমাজেও শীতকালে সবাই ভালো থাকে না

কে কাকে দেখে নেয়! খুব বাড়াবাড়ি ধরনের হয়ে গেলে একসময় তার ভাইয়েরা এসে ধরে নিয়ে যেত। বাকি সময়টুকু কানুদা থাকত গৃহবন্দি। জানালার ওপার থেকে তার কথা আর চিৎকার ছাড়া তার আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না।

বেদনার দিকটা বাদ দিলে, তখন থেকেই শীতকালে ভয় আমার। এরপরও আমি প্রচুর মানুষ দেখেছি যারা শীত এলেই অসংলগ্ন কথাবার্তা বলেন, কেউ কেউ বাহ্যজ্ঞানও হারিয়ে ফেলেন। এমনও দেখেছি, শুধু শীতের দু'মাস, তারপর সম্পূর্ণ ভালো আর স্বাভাবিক মানুষ। ঐ দু'মাসের কোনো ঘটনা মনে করতে পারেন না এমনও আছেন।

এদের সকলের জন্য আমার বেদনামিশ্রিত ভালোবাসা আর সহানুভূতি রেখেই বলি, সুযোগের দেশ ও সমাজে শীতকাল পুঁজি করা মানুষও দেখেছি। বড় হতে হতে স্বার্থ আর সুযোগ চিনতে চিনতে দেখলাম, এমনসব মানুষও আছেন যারা শীতকালের আবহাওয়া পুঁজি করে পাগলের অভিনয় করে যান। আপিসে আদালতে বাসায় কাজে এমনকি বন্ধুত্বেও এরা পাগলের অভিনয় করেন। যারা বুঝতে পারে বা বোঝে তারা কিছুতেই প্রমাণ করতে পারে না যে, এরা আসলে 'পাগল' নয়। কিন্তু খুব বেশিদিন সবুর করতে হয় না। 'হুঁশের পাগল' নিজ থেকেই ধরা দেয় বা ধরা পড়ে যায়।

আমাদের দেশটা আগে কখনও এতটা রাজনীতিনির্ভর ছিল না। মিডিয়া সমাজ জাতির যে কোনো কিছুতে রাজনীতির বাইরে কিছুই দেখা যায় না। চোখ-কান-নাসিকা জুড়ে রাজনীতির দেশে শীতকাল আসতে না আসতেই প্রগলভতা দেখে আমরা প্রায় স্তব্ধ। দলমতনির্বিশেষে এই 'বাকস্ফূর্তি' বা 'প্রগলভতা' কি স্বাভাবিক? সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা যা বললেন তাতে আমাদের মতো সাধারণ মানুষের তো রীতিমত চোখ কপালে ওঠার যোগাড়। যে নির্বাচন নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই এবং যা কোনো না কোনোভাবে সব দল ও মতের সমন্বয়ে হয়নি, তাকে ঘিরে এমন কথা বলার আসল কারণ কী? উনি কি এতই বোকা যে, এর ফলাফল কী হতে পারে তা জানেন না!

আশ্চর্যের বিষয় এই, বলার সঙ্গে সঙ্গেই বিএনপি তা লুফে নিয়েছে। মির্জা ফখরুলের মন্তব্য দেখুন। কোনো বিদ্বেষ বা রাগ নেই বা বোকামি বলেও চিহ্নিত করার কোনো প্রয়াস কিন্তু নেই, স্রেফ অভিন্ন্দন জানিয়ে দিয়েছেন। মনে হচ্ছে এমন একটা উক্তি বা কথার জন্য তারা ধৈর্য ধরে ছিলেন। মিলে গেছে, এখন এটাই হবে আগামী কিছুদিনের পুঁজি!

কথা হচ্ছে, এই বেসামাল উক্তি বা উক্তি পুঁজি করার ঘটনা, এর সঙ্গে কি জনগণের কোনো সম্পর্ক আছে? নেই এবং তা এরা খুব ভালো জানেন। একজন যে কারণেই বলুন, আরেক জনের তা কাজে লাগবে বিদেশিদের কাছে নালিশ জানাতে।

বলাবাহুল্য, যিনি এই সুযোগটি দিলেন তিনি এই দেশি-বিদেশিদের ফারাক বা নালিশের ব্যাপারটা খুব ভালো বোঝেন। তারপরও এমন বেফাঁস কথার মানে কী? একাদিক্রমে বেশ কয়েকটি বেফাঁস উক্তির পর সাবধান হবে গেলেই কি দোষ মাফ? মিডিয়ায় দেখলাম, এ নিয়ে তার ওপর রাগ আর সাবধানতার কথা বলা হচ্ছে। তাই যদি হয় তো বেচারা লতিফ সিদ্দিকীর কসুর কোথায়? তিনিও তো মাফ চেয়ে পার পেতে পারেন। এক দলে ডাবল স্ট্যার্ন্ডাড কি যৌক্তিক?

Image
চোখ-কান-নাসিকা জুড়ে রাজনীতির দেশে শীতকাল আসতে না আসতেই প্রগলভতা

আবার দেখুন, কাদের সিদ্দিকীও প্রলাপ বকছেন। কোনো এক মামলায় গরহাজির থাকার কারণে পরোয়ানা পাবার পর থেকে, ভয়ে অথবা রাগে, বকে চলেছেন। শুরুতে বললেন, তাঁর কোনো ভয় নেই, পুলিশের জন্য দুয়োর খুলে বসে আছেন। এখন বলছেন, সাহস থাকলে গ্রেপ্তার করুক এবং তা হলে নাকি এই সরকার এক সপ্তাহও গদিতে টিকবে না। 'হাতে চুড়ি পরা'র সংকল্পও ব্যক্ত করেছেন। কী বলছেন কী করছেন তিনি, আর যারা ভয় দেখাচ্ছেন তাদের কী কতর্ব্য বোঝা ভার।

আরও দেখবেন, বিএনপির মানুষজনও আবোল তাবোল বকা শুরু করেছে। তাদের কারও মতে, আন্দোলন হচ্ছে; কারও মতে, আন্দোলন চলছে; কারও মতে আরও কঠোর হবে। এ জাতীয় কথাবার্তার ভেতর আসল সত্যটা হল, কেউ মাঠে নেই, সিনে নেই। স্বয়ং খালেদা জিয়াও শীতের আগমনীতে খাপছাড়া। কবে মরে ভূত হয়ে যাওয়া বীর ঈশা খাঁর ঢাল-তলোয়ার খুঁজে পেতে আম্দোলন করার হুমকি দিচ্ছেন তিনি। ড্রোন আর আত্মঘাতী বোমার আমলে ঢাল-তলোয়ারের ঘোষণা শুনে নিধিরাম সর্দারও ব্যাপক লজ্জায় মুখ লুকিয়ে হাসছে।

শীতকালের কী ঘোর প্রভাব! 'প্রথম আলো'র নিষ্ঠাবান লেখক আসিফ নজরুল লিখেছেন, আমাদের ইতিহাসের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন জিয়াউর রহমান! সাঈদী হুজুরের দিকে ঝুঁকে থাকা আর তাকে নির্দোষ বলে প্রমাণের চেষ্টা বাদ দিয়ে এখন বলছেন, যুদ্ধাপরাধীদের বিচারে নাকি বেশিরভাগ মানুষের সায় আছে। কোনটা সত্য আর কোনট আবহাওয়ার প্রভাব বুঝি কীভাবে?

এখনো জাঁকিয়ে শীত পড়েনি, তার আগেই আমাদের দেশের একজন গুণী নিভৃতচারী মানুষকে নিয়ে মিথ্যাচার শুরু হবে গেছে। সেই কবে হানিফ সংকেত বিনি পয়সায় পুস্তক ফেরিওয়ালা পলান সরকারকে নিয়ে রিপোর্ট করে সারাদেশে সাড়া ফেলেছিলেন, সে কথা বেমালুম ভুলে 'প্রথম আলো' তাদের জন্মবার্ষিকীতে এর কৃতিত্ব হ্যাইজ্যাকে নেমে পড়েছে। সব মিলিয়ে অবস্থা আসলেই বেগতিক।

ওরে আমাদের শীতকাল রে! এককালে তোমার আগমনে পিঠা পার্বন পায়েস আর আন্দোলনে গমগম করা বাংলাদেশ তার বিজয় দিবস, একুশের মতো দিন পেয়েছিল। আর এখন শীত আসার আগেই আমরা চারদিকে খালি কানুদার মতো মানুষদের দেখতে পাচ্ছি। এত মেধা ও সহজ স্বাভাবিক পরিশ্রমী মানুষের দেশ ও সমাজে এত পাগলামি আর প্রগলভতা কি আসলেই মানানসই?

শীত আসার আগেই এর একটা উত্তর পাওয়া জরুরি। জাতি ও সমাজ তো আর সারাজীবন এ নিয়ে চলতে পারে না।।

সিডনি থেকে

অজয় দাশগুপ্ত: লেখক।