২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান নয়, বাধা সংবিধান প্রণেতারা

আমানুল্লাহ কবীর

Published : 24 Oct 2013, 08:09 PM

Updated : 01 Jul 2022, 05:49 PM

শেখ হাসিনা যা চেয়েছিলেন, বেগম খালেদা জিয়া যেন তা-ই করলেন। এতদিন পরে শেখ হাসিনা নিশ্চয়ই স্বস্তিবোধ করছেন। নিজের পাল্টা প্রস্তাব খালেদা জিয়ার জন্যই উল্টো অস্বস্তি ডেকে এনেছে। এত হাঁকডাকের পর খালেদা জিয়া এমন একটা চমকহীন ও দুর্বল পাল্টাপ্রস্তাব দেবেন, মনে মনে কামনা করলেও শেখ হাসিনা নিশ্চয়ই দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। খালেদা জিয়া যে পাল্টা প্রস্তাব দিয়েছেন তার পেছনে যুক্তি থাকলেও বাস্তবতা বিবেচনায় তা নড়বড়ে ও কার্যকর করা সম্ভব নয়।

আগের দিন অর্থাৎ ২০ অক্টোবর রাতে ১৮ দলীয় জোটের বৈঠকের পর যে খবর জাতীয় দৈনিকগুলোতে প্রকাশ হয়েছে, তার প্রেক্ষিতে পরদিন তার ঘোষিত প্রধানমন্ত্রীর প্রস্তাবের পাল্টা প্রস্তাব ভিন্ন ও আকস্মিক– সুচিন্তিত ও সুপরিকল্পিত নয়। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি অপরিবর্তিত থাকলেও যাদের নিয়ে এই সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে, পূর্বে তাদের সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়নি এবং তাদের সঙ্গে যোগাযোগও করা হয়নি। তাদের মধ্যে কতজনের মৃত্যু হয়েছে, কতজন বয়সের কারণে অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম, অন্যরা এই প্রস্তাবে সম্মত কি না, সে ব্যাপারে অনুসন্ধান করা হয়নি বা করার প্রয়োজনবোধ করেনি, তা পরের দিনের খবর থেকেই পরিষ্কার বোঝা যায়। অর্থাৎ ১৮-দলীয় সিদ্ধান্তকে মাটিচাপা দিয়ে একটি স্বার্থান্বেষী মহল খালেদা জিয়ার হাতে শেষ মুহূর্তে ভিন্ন প্রস্তাব তুলে দিয়েছে, সে প্রস্তাব যাদের দ্বারা বাস্তবায়িত হবে তাদেরই সন্ধান নেই। যে মহল বা চক্র তাকে এই প্রস্তাব দেওয়ার জন্য প্রভাবিত করেছে, তারা নিশ্চয়ই তার ঘনিষ্ট ও আস্থাভাজন ব্যক্তি। এই প্রস্তাব দেওয়ার ফলে খালেদা জিয়ার অবস্থান ও ভাবমূর্তি যে মারাত্মকভাবে বিপন্ন হবে, তা তারা জেনেশুনেই সূক্ষ্মভাবে করেছে। খালেদা জিয়ার মুখ দিয়েই খালেদা জিয়ার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা ঘোষণা করিয়েছে। কিন্তু তার মনে কেন এ প্রশ্নের উদয় হল না যে, যাদের নাম প্রস্তাব করা হয়েছে, তারা কি বেঁচে আছেন, না মৃত্যুবরণ করেছেন এবং কে কোথায় কীভাবে আছেন?

১৯৯৬ ও ২০০১ সালের যে দুই তত্ত্ববধায়ক সরকারের বিশজন উপদেষ্টার নাম প্রস্তাব করা হয়েছে, তাদের চারজন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। তারা হলেন– ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ, অধ্যাপক শামসুল হক, বিচারপতি বি.বি. রায় চৌধুরী ও মেজর জেনারেল মাইনুল হোসেন চৌধুরী। বয়সের কারণে সেগুফতা বখত চৌধুরীসহ কয়েকজন অসুস্থ। আবার কেউ কেউ ইতোমধ্যেই ক্ষোভের সঙ্গে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন। যদি ধরেও নেই শেখ হাসিনা এই পাল্টাপ্রস্তাব গ্রহণ করে আলোচনা করতে রাজি আছেন, তাহলে খালেদা জিয়া এই মৃত, অর্ধমৃত, অসুস্থ ও অনিচ্ছুক ব্যক্তিদের নিয়ে কীভাবে সংলাপে যাবেন? এমন একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে এমন হালকা ও দায়সারা প্রস্তাব নিয়ে কোন যুক্তির ভিত্তিতে তিনি প্রতিপক্ষকে মোকাবেলা করবেন?

১৮-দলীয় জোটের বৈঠকে প্রধানমন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়নি, তবে অন্তবর্তীকালীন সরকারের প্রধান কে হবেন, তা নিয়ে আলোচনা হয়। তাদের সিদ্ধান্ত, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে অন্তবর্তীকালীন সরকার মেনে নেবেন না এবং নির্বাচনেও যাবেন না।

একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে অন্তবর্তীকালীন সরকারের প্রধান করার দাবিই ছিল তাদের আলোচনার মুখ্য বিষয়। এ জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের সমন্বয়ে একটি 'সার্চ কমিটি' বা অনুসন্ধান কমিটি গঠনের প্রস্তাব সরকারের কাছে প্রেরণের সিদ্ধান্ত হয়। বস্তুত 'সার্চ কমিটি'র প্রস্তাব ছিল সরকারের সঙ্গে আলোচনায় যাওয়ার পূর্বশর্ত। সরকার এ প্রস্তাব গ্রহণ করলে বা এ নিয়ে আলোচনায় সম্মত হলে অন্যান্য বিষয় নিয়েও আলোচনার সুযোগ সৃষ্টি হত। আর সরকার রাজি না হলে অচল অবস্থার জন্য দায়দায়িত্ব সরকারের ঘাড়েই পড়ত। জনমতও যেত সরকারের বিরুদ্ধেই। অপরদিকে বিএনপির দরকষাকষির ভিত্তি হত আরও শক্ত এবং সুবিধাজনক অবস্থানে থেকে বিভিন্নভাবেই সরকারের উপর চাপ সৃষ্টি করার সুযোগ পেত। কিন্তু এখন যে পাল্টাপ্রস্তাব দেওয়া হয়েছে তা বেগম খালেদা জিয়ার অবস্থানকেই কেবল সীমিত ও দুর্বল করে দেয়নি, ব্যক্তিগতভাবে তাকেও বিব্রতকর অবস্থায় ফেলেছে।

খালেদা জিয়া ও তার দলের এই বিপন্ন অবস্থার জন্যই হয়তো শেখ হাসিনা অপেক্ষা করছিলেন। এবার তিনি তার ভ্যানিটি ব্যাগ থেকে কৌশলপত্রের বাকি অংশটুকু বের করে ঘুটি চালবেন। তখন যদি খালেদা জিয়া সতকর্তার সঙ্গে পাল্টা চাল না দিতে পারেন, যদি নিজের জ্ঞানবুদ্ধি ও অভিজ্ঞতার উপর নির্ভর না করে পাত্রমিত্রদের উপর নির্ভরশীল হয়ে থাকেন, বিপর্যয়ের আর কিছু অবশিষ্ট থাকবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮ অক্টোবর তার ভাষণে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন এবং ওই সরকারের মন্ত্রীর জন্য বিরোধীদলের কাছে নাম চেয়েছেন। নাম চাওয়ার ভঙ্গিটা ছিল এমন: অফিসের নিচতলায় টেন্ডার বাক্স রাখা আছে, নামগুলো তাতে জমা দিয়ে যাবেন। যেমন অশোভন তেমন তাচ্ছিল্যভরা। প্রস্তাব দিলেন সর্বদলীয় সরকারের, অথচ সব দলের সঙ্গে আলোচনার আগেই মন্ত্রিত্বের টোপ দিলেন বিরোধী দলকে। প্রধানমন্ত্রীর গোটা ভাষণেই ছিল এমনি ফাঁকফোকর এবং তাতে নতুন কিছুই নেই। যে সর্বদলীয় সরকারের প্রস্তাব তিনি দিয়েছেন, তা কয়েক মাস আগে লন্ডন সফরের সময়েই বলেছিলেন। তবে এবার সে প্রস্তাব দিলেন আনুষ্ঠানিকভাবে এবং নির্বাচনের আগ মুহূর্তে। গুরুত্বটা এ কারণেই। কিন্তু প্রস্তাবটা একেবারেই ফাঁপা। কতজনের সরকার হবে, কোন দল কয়টি মন্ত্রী পাবে, কবে সরকার গঠিত হবে, কে হবেন এর প্রধান, দায়িত্ব ও কাজের পরিধি কী হবে, কোন দল কোন মন্ত্রিত্ব ইত্যাদি কোনো বিষয়েই নির্দিষ্টভাবে কিছু বলা হয়নি– ইঙ্গিত পর্যন্তও দেওয়া হয়নি। এমনিভাবে আলোচিত ও বিতর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ব্যাপারে তিনি সুনির্দিষ্টভাবে কিছু বলেননি, বরং প্রতিপক্ষের উপর দায়ভার চাপানোর জন্য কৌশলে এড়িয়ে গেছেন। ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে– এটা সংবিধানের কথা। নির্বাচন কখন অনুষ্ঠিত হতে পারে, এমন একটি সম্ভাব্য সময়ের কথা না বলে তিনি দেশবাসীকে সংবিধান শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, সব দল বিশেষত তার ১৪-দলীয় জোটের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এর অর্থ, নিজের হাতেই তিনি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়টি রেখে দিয়েছেন।

নির্বাচনের আগে জাতীয় সংসদ ভেঙে দেওয়া হবে কি না, এ ব্যাপারেও তিনি নীরবতা অবলম্বন করেছেন, যদিও ইতোপূর্বে নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। নির্বাচনের সময়ও সংসদ বহাল থাকার সাংবিধানিক বিধান থাকলেও নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়ায় সাংবিধানিক কোনো বাধা নেই। তাহলে নির্বাচনের সময় সরকারি দল ও বিরোধী দলের সকল প্রার্থীর জন্য 'লেভেল প্লেয়িং ফিল্ড' বা সমতল মাঠ সৃষ্টির জন্য সংসদ ভেঙে দেওয়া হবে না কেন? প্রধানমন্ত্রীর ভাষণে এ ধরনের অনেক অস্পষ্টতা ও ফাঁকফোকর রয়েছে, যে কারণে জনগণ ও রাজনৈতিক নেতারা তার কথায় আস্থা আনতে পারছে না। তিনি অত্যন্ত সংকট মুহূর্তে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন, কিন্তু তার ভাষণ নির্মল ও গাম্ভীর্যপূর্ণ ছিল না। বরাবরের মেঠো বক্তৃতার মতোই তার ভাষণে ছিল বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও তার পরিবারের বিরুদ্ধে কুৎসা ও নোংরা আক্রমণ। আলোচনার দ্বার খোলা আছে, আলোচনায় ডেকেছেন, তখন কি এই কুৎসা ও নোংরা ভাষার প্রয়োজন ছিল? উত্তরে 'ক্ষমা করে দিলাম' বলে খালেদা জিয়া উদারতার পরিচয় দিয়েছেন।

প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে আলোচনার প্রস্তাব দিয়েছেন বর্তমান রাজনৈতিক অচলাবস্থার সমাধান ও সমঝোতার জন্য।

বিরোধীদলীয় জোট নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আগামী ২৫ অক্টোবর ঢাকায় জনসভার আহবান করেছে। এ জন্য সরকারের অনুমতি চেয়ে আবেদনও করেছে। কিন্তু অনুমতি ঝুলিয়ে রেখে উল্টো রাজধানীতে মিটিং-মিছিল, মানববন্ধন অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পুলিশ ঘেরাও করে রেখেছে– নেতাকর্মীদের ঢুকতে দিচ্ছে না। সারাদেশে ধরপাকড় চলছে। কয়েকদিন আগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পেশাজীবীদের কনভেনশন ছিল। খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত। কিন্তু কনভেনশন ভ-ুল করার জন্য ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। বাধানিষেধ উপেক্ষা করেও খালেদা জিয়া অনুষ্ঠানে হাজির হবেন বলে যখন ঘোষণা দেন, তখন সরকারের টনক নড়ে এবং স্বয়ং প্রধানমন্ত্রী 'হস্তক্ষেপ' করলে কনভেনশন অনুষ্ঠিত হয়।

তাহলে ব্যাপারটা দাঁড়ায়, আলোচনার দাওয়াত দিয়েই খালাস, অনুকূল পরিবেশ সৃষ্টিতে সরকারের কোনো দায়িত্ব নেই! এক হাতে দাওয়াত, আরেক হাতে লাঠি– এটা কি সমঝোতায় সরকারের সদিচ্ছা ও আন্তরিকতার পরিচয়? বিরোধীদলের সভা-সমাবেশ নিষিদ্ধ করে মুখে সংবিধান আওড়ানো কি দ্বিমুখী নীতি নয়? নির্বাচন ঘনিয়ে এলেও সরকারের দমনপীড়ন বন্ধ হয়নি, চরিত্রও বদলায়নি। রাজধানীতে বিরোধী দলের মিছিল-সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে প্রধানমন্ত্রী সারাদেশ ঘুরে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এটা সংবিধানের কোন ধারায় রয়েছে? 'আপনি আচরি ধর্ম পরকে শিখাও', নয়তো অন্যেরা শুনবে না, শিখবেও না। সংবিধান কোনো রাজনৈতিক সমঝোতা ও সমাধানে বাধা নয়, বাধা সংবিধান প্রণেতারা। দেশ ও জাতির প্রয়োজনে সংবিধান, যে কারণে সংবিধান বারবার সংশোধিত হয়েছে, সংবিধানের কারণে দেশ ও জাতির পরিবর্তন হয়নি।

শেখ হাসিনা জতির উদ্দেশে যে ভাষণ দিয়েছেন, তাতে দেশ ও জাতির প্রয়োজনের বিষয়টি নেই, মনে হয়নি দেশ কোনো সংকটে রয়েছে। বরং মনে হয়েছে, তিনি বাইরের কারও চাপে দায়সারা গোছের একটা প্রস্তাব দিয়েছেন। জাতিসংঘের মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর কোনো সমঝোতা হয়েছিল কি না, তিনি তাকে কোনো প্রতিশ্রুতি দিয়েছিলেন কিনা, আমরা জানি না, কারণ দুজনের বৈঠকটি হয়েছিল একান্তে। জাতিসংঘসহ আমেরিকা, ব্রিটেন, চীন, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, কানাডা– সব শক্তিশালী দেশই শেখ হাসিনা ও খালেদা জিয়ার উপর ক্রমাগত চাপ সৃষ্টি করে আসছে সমঝোতা ও সকল দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য।

বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী ভূমিকা পালন করে আমেরিকা ও ভারত। এই দুই দেশের রাষ্ট্রদূতরাও বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একান্তে বৈঠক করেছেন, আরও আলোচনার জন্য মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা দিল্লি গেছেন। ইতোপূর্বেও নির্বাচনকে সামনে রেখে বিদেশি কূটনীতিকদের এ ধরনের তৎপরতা আমরা দেখেছি। তবে এবার খোদ জাতিসংঘ জড়িত হওয়ার ফলে কূটনৈতিক তৎপরতা ভিন্নমাত্রা পেয়েছে। চীন নীতিগতভাবেই সাধারণত কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে না। এবার চীনও তৎপর হয়েছে। বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থানের কারণে ভারত-মার্কিন তৎপরতার প্রেক্ষিতেই চীনের এই অস্বাভাবিক সক্রিয়তা। বাংলাদেশের রাজনীতির ব্যাপারে এসব প্রভাবশালী দেশের আগ্রহ থেকে এটা পরিষ্কার যে, বিশেষত বাণিজ্যিক ও ভূকৌশলগত কারণে এ দেশের রাজনৈতিক পরিবর্তন তারা নিজ নিজ প্রভাববলয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চায়। উগ্র ইসলামপন্থী শক্তির উত্থানের আশংকা ও সন্ত্রাসী কর্মকা-ও প্রতিবেশী ভারত ও পাশ্চাত্য দেশগুলোর মাথাব্যথার কারণ। ১৯৯৬ ও ২০০১ সালেও রাজনৈতিক ফয়সালার জন্য এ ধরনের কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। কিন্তু তা শেষ পর্যন্ত নিষ্ফল পরিণতির দিকেই গড়ায়। ২০০৬ সালে ব্যর্থতার পর সেনাবাহিনীর 'প্রোক্সি' সরকার দুই বছরের জন্য রাষ্ট্রক্ষমতা দখল করে। তাই অতীতের ব্যর্থতা ও এক-এগারোর পরবর্তী ভয়ংকর পরিস্থিতির অভিজ্ঞতার কারণে মানুষ উদ্বেগ-উৎকণ্ঠামুক্ত হতে পারছে না।

২০০৬ সালে প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার হাতেই ছিল মীমাংসার মূল চাবিকাঠি, এবার সে চাবিকাঠি প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার হাতে। বিএনপিসহ বিরোধীদলগুলো যেহেতু শেখ হাসিনার প্রস্তাব প্রত্যাখ্যান করেনি, সেহেতু ফয়সালার দ্বার রুদ্ধ হয়ে গেছে– এ কথা এখনও বলার সময় হয়নি। একমাত্র সমস্যা দেখা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হবেন। বিরোধী দলগুলো শেখ হাসিনাকে অন্তবর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী রাখার ঘোর বিরোধিতা করছে, বলা যায় এ ব্যাপারে তারা অনড়। সম্প্রতি এরশাদও বিদ্রোহ করেছেন। ফলে নেতাসর্বস্ব জাসদ (ইনু) ও ওয়াকার্স পার্টি ছাড়া বস্তুত ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আর কেউ নেই। পরাজয়ের আশংকা এখন শেখ হাসিনাকে তাড়িত করছে। যে জন্য তিনি সংবিধানের আশ্রয় নিয়ে নানা ফাঁকফোকর খুঁজছেন। ইতিহাস বলে, এর পরিণতি কোনোকালেই ভালো হয়নি– ভয়াবহই হয়েছে। বর্তমান পরিস্থিতি শেখ হাসিনার জন্য কঠিন চ্যালেঞ্জ। এখন তাকেই সিদ্ধান্ত নিতে হবে, তিনি ইতিহাসের পুনরাবৃত্তি করে আরেকটি কালো অধ্যায় সৃষ্টি করবেন, না দেশকে সম্ভাব্য বিপর্যয় থেকে উদ্ধার করে দেশবাসীকে কলঙ্কমুক্ত ইতিহাস উপহার দেবেন।

আমানুল্লাহ কবীর: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র এডিটর।