জামায়াত নিষিদ্ধ কেন
নিবন্ধন অবৈধ ঘোষণার পর হরতাল ডেকেছে জামায়াত। আর জেহাদি জোশ নিয়ে এগিয়ে আসে পাকিস্তানের জামায়াত। বাংলাদেশে হস্তক্ষেপের ডাক দেয় ওরা। অন্যদিকে বিএনপি তাদের নিষিদ্ধের বিপক্ষে; আর আওয়ামী লীগের একেক নেতার কণ্ঠে একেক কথা। প্রশ্ন উঠছে নির্বাচন করতে না দেওয়াই কি সমাধান? সহিংসতা বাড়বে কি? ধর্ম ভিত্তিক রাজনীতি থাকলে জামায়াত কেন নয়? হিজবুত তাহরিরসহ অনেক দল নিষিদ্ধ থাকলেও জামায়াতকে নিষিদ্ধে এসব প্রশ্ন উঠছে কেন?
'ক্ষমতার উৎস জনগণ' সংবিধানের এ মূলনীতি সঙ্গে জামায়াতের মত সাংঘর্ষিক হওয়ায় রীট হয়। তারই উপর ভিত্তি করে এ রায়। রীটকারীদের মধ্যে তরিকত ফেডারেশন, জাকের পার্টি, সম্মিলিত ইসলামী জোটের নেতারা রয়েছেন। এ থেকে স্পষ্ট হয় যে, ধর্মভিত্তিক বেশ কটি দল গণতন্ত্রের মূলনীতিকে উর্ধ্বে তুলে ধরতে।
দেশে অনেক জনপ্রিয় ইসলামি সংঘ ধর্ম নিয়ে রাজনীতির মাঠ তোলাপাড় করে না। তবুও জামায়াতকে নিষিদ্ধে আওয়ামী লীগের অনেক নেতা সিদ্ধান্তহীনতায় ভুগছেন বলে মনে হচ্ছে। স্বাধীনতা-পূর্ব উত্তাল সময়েও আওয়ামী লীগের নেতৃত্বকে দোদুল্যমান মনে করা হয়েছিল। এটা যেমন আওয়ামী লীগ সমর্থকদের স্মৃতিচারণে রয়েছে তেমনই বিরোধী বামপন্থীরাও আপোষের সম্ভবনাই দেখতেন। তবে ইতিহাস উল্টো দিকে গিয়েছে।
পাকিস্তানের পরিণতি দেখেও অনেকে জামায়াতকে সঙ্গে নিয়েই আধুনিক দেশ গড়ার ধ্বনি দেন। মোহম্মদ আলী জিন্নার বাসনাও ছিল 'আধুনিক' পাকিস্তান গড়ার। ৬৬ বছর ধরে সেই আধুনিক পাকিস্তান আমরা দেখছি। এমন সব শক্তির উপর ভর করে দেশটির বিকাশ হয়েছে যার অনিবার্য ফল তারা পাচ্ছে। পাকিস্তান ভেঙে বেরিয়ে এলেও বঙ্গবন্ধু হত্যার পর সব অদলবদল হয়ে যায়। বঙ্গবন্ধুকে হত্যা করে 'ইসলামি প্রজাতন্ত্রের' যে আওয়াজ তোলা হয় কার্যত তাই দখল নেয় রাষ্ট্রের। জামায়াতও ফিরে আসে রাজনীতিতে। ভারতের তুলনায় পাকিস্তানের পিছিয়ে পড়ার কারণগুলো এই সব ধর্মীয় রাজনৈতিক শক্তির আশ্রয় পেয়েছে। বাংলাদেশেও হস্তক্ষেপ করতে শুরু করেছে এরা। হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি নিয়ে সরকারের দরকষাকষি এবং দেশব্যাপী জামায়াতের তাণ্ডব– এরই একটি পর্যায় মাত্র। ধর্মের নামে স্বৈরাচারী ফ্যাসিস্ট শক্তির বিকাশ অব্যাহত থাকবে কি না সে সিদ্ধান্ত নেওয়ার সময় কি হয়েছে?
পাকিস্তানে আহমদিয়া গোষ্ঠীর অনুসারীদের হত্যায় প্ররোচনা দিয়ে লেখালেখির দায়ে জামায়াতের গুরু মওদুদীর বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছিল। '৭১ সালেও বাঙালি নিধনে অংশ নেয় তারা। এ সবই আন্তর্জাতিক অপরাধের অন্তর্ভূক্ত। এমন সব ফ্যাসিস্ট, যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী শক্তির বিকাশের সুযোগ কেন রাখা হচ্ছে?
জামায়াতকে নিষিদ্ধ করলে খোলস বদলে নতুন নামে দলটির আবির্ভাব হবে। এরই মধ্যে তারা দলের এক দফা নাম পরিবর্তনও করেছে। আবার যুদ্ধাপরাধের দায়ে চিহ্নিত নেতাদের রাজনীতিতে অবাঞ্ছিত করলে নয়া নেতৃত্বেও তারা ফিরে আসতে পারে। এতে গণতন্ত্রের উপর জামায়াতি হুমকি মোটেও কমে না। আদালতের বর্তমান রায়টি ন্যূনতম গণতান্ত্রিক নীতির ভিত্তিতে। নাম পরিবর্তনের মতো নীতিরও কিছু অদলবদল দেখিয়ে জামায়াত তার অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করতেই পারে। অথবা তা না করেও সাংগঠনিক তৎপরতা চালিয়ে যেতে পারে। কিন্তু বিশ্বে আন্তর্জাতিক অপরাধী দল নিষিদ্ধ করা স্বীকৃত ও চলমান একটি ব্যাপার। তাই মতাদর্শ ও সাংগঠনিক তৎপরতা দুটোর ভিত্তিতেই এ ধরনের অপরাধী চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া আবশ্যক।
আন্তর্জাতিক অপরাধী আদালতের রোম বিধিতে সম্মতি দিয়েছে বাংলাদেশ। এতে চার ধরনের অপরাধ আন্তর্জাতিক অপরাধ হিসেবে লিপিবদ্ধ রয়েছে। গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও আগ্রাসনমূলক অপরাধ এই আইনের আওতায়। দেশে দেশে আইনে পরিপূর্ণতা আনতেই এই আইন করার ঘোষণাও দেওয়া হয়েছে। ফলে বাংলাদেশ এ আইনের আওতাভূক্ত। জামায়াতের মতো চিন্তাধারার শক্তিগুলো এসব অপরাধকেই লালন করে আসছে তাই তাদের কোনো বৈধতা বিশ্ব দিতে পারে না।
এ কথা ঠিক, শুধু আইন করে নিষিদ্ধ করলেই কোনো অপরাধী শক্তির বিলোপ হয় না। নির্বাচন করতে পারা না পারার মধ্যে এর অপরাধ সংঘটন নিহিত নেই। ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতিনির্বিশেষে সমাজে শান্তি প্রতিষ্ঠায় একে দমন রাষ্ট্রের নিরন্তর কাজের অংশ। তাই এসব দলের সাংগঠনিক, আর্থিকসহ সব ধরনের তৎপরতার উপরই নিয়ন্ত্রণ না এনে উপায় নেই। তবে কাজটি স্বচ্ছ প্রমাণের ভিত্তিতে করাই কাম্য।
উনবিংশ শতক থেকে 'ইসলাম বিপন্ন' ধ্বনি দিয়ে আসছে সনাতনপন্থী উলেমা। বলা হয়ে থাকে সাম্রাজ্যবাদ এসব মতাদর্শ গড়ে ওঠার কারণ। এমনকি পশ্চিমা প্রাচ্যবিশারদের ইসলাম ধারণাও সনাতনপন্থীদের চিন্তা উসকে দেয়। তবে ইসলামের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির স্বরূপ নিয়ে সনাতনপন্থীদের মধ্যে নানা বিভেদ রয়েছে। ধর্মীয় মতাদর্শ মাত্রই আন্তর্জাতিক অপরাধ ও ফ্যাসিস্ট বলা যাবে না। তবে গণতন্ত্রের পক্ষে অনেকের সমর্থন জুটলেও জামায়াতের মতো চিন্তাধারাও রয়েছে। এদের সঙ্গে সমঝোতা অসম্ভব বলেই দ্বন্দ্ব-সংঘাত অনিবার্য।
এদের লালন পালন করা মানে দেশে মানবতাবিরোধী অপরাধের সম্ভাবনা জিইয়ে রাখা। শেষ পর্যন্ত এই সন্ত্রাসের থাবা থেকে কেউই মুক্ত নয়। '৭১ এ-ও যেমন কারও প্রাণ নিরাপদ ছিল না। অথচ এ বিষয়ে বিশ্ব ঐকমত্যের এমন অনুকূল পরিবেশে রাজনীতিকরা দৃশ্যত দোদুল্যমান! আগামী নির্বাচনের ভোটের বাক্সের দিকে তাকিয়ে রয়েছে তারা।
তাই আদালত বা নেতাদের দিকে তাকিয়ে না থেকে সবল ভূমিকা দিয়ে বরং ফ্যাসিবাদ-বিরোধীরা দৃষ্টি কাড়ুক, নয়তো অপেক্ষা করতে হতে পারে বাতাসে লাশের গন্ধের।
