২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শফির বক্তব্য ও আমাদের পাথেয়

সাব্বির খান সাব্বির খান

Published : 20 Jul 2013, 01:16 PM

Updated : 01 Jul 2022, 05:50 PM

বালকটি যখন হাটহাজারী মাদ্রাসায় পড়াশুনা করতে আসে, তখন তার বয়স মাত্র ১০ বছর। সে সময় ছাত্ররা বিত্তবানদের বাড়িতে লজিং থেকে পড়াশুনা করত। বালক যে বাড়িতে লজিং থাকত, সে বাড়ির মহিলারা প্রায়ই বিভিন্ন কাজে তার সামনে চলে আসত, যা সে খুবই অপছন্দ করত।

একদিন সে বাড়ির মহিলাদের বলেই বসল যে, তার সামনে তারা এভাবে হুট যেন করে চলে না আসে এবং মহিলাদের পর্দার বিষয়টি সে তাদের স্মরণ করিয়ে দেয়। মহিলারা তখন অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি তো এখনও ছোট, সন্তানসম। সামনে এলে গুনাহ হবে কেন? বালকটি তারপরও বারবার অনুরোধ করার পরেও `বাচ্চা ছেলে' বলে কেউ তার কথার গুরুত্ব দেয়নি বলে জানা যায় (সংগৃহীত)।

তখনকার সে বাচ্চা ছেলেটির বয়স আজ ৯৩ বছর। নাম আহমেদ শফি। বোধগম্য না হলেও টাইটেল হিসেবে নামের আগে আল্লামা লিখে থাকেন। বাংলাদেশে বর্তমানে সবচেয়ে আলোচিত, সমালোচিত ব্যক্তি এই আহমেদ শফি। বাংলাদেশ হেফাজত ইসলামের আমির তিনি। বিভিন্ন বিবেচনায় তিনি বাংলাদেশের ক্ষমতার রাজনীতির নিয়ামক হিসেবেও পরিগণিত হচ্ছেন বর্তমানে।

বিভিন্ন সূত্রে জানা যায়, তার আদিপুরুষের কথা। এক বিহারি পরিবারে তার জন্ম। ওয়াজে ভাষার ধরন এবং উচ্চারণও তার অবাঙালিত্বের স্বাক্ষর বহন করে।

সম্প্রতি আহমেদ শফির এক ওয়াজের ভিডিও ফুটেজ বিভিন্ন সামাজিক ওয়েব সাইটে প্রচার হওয়ার পর বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় অনূদিত হয়ে ছড়িয়ে পড়েছে। এর সুবাদে ড. মুহম্মদ ইউনূসের নোবেলজয়ের পর বাংলাদেশের নাম বিশ্বে আরও একবার উচ্চারিত হচ্ছে বেশ জোরেশোরে। সে উচ্চারণের ভাষায় এবার মিশ্রিত হয়েছে বিস্ময় ও ধিক্কার। আধুনিক জগতে তার এহেন শব্দখেলন স্তব্ধ করে দিয়েছে বিশ্ববিবেককে। অনেকে একে উচ্চমার্গীয় রসিকতা হিসেবেও ভুল করছেন।

ভিডিও ফুটেজের দীর্ঘ ওয়াজে তিনি অনেক কথাই বলেছেন। তার সবটা জুড়েই শুধু নারীবিদ্বেষ এবং কোরানের তালেবানি ব্যাখ্যা। শফি সাহেব কখনও নারীকূলের জন্য ওয়াজ করেন না। তার ওয়াজের শ্রোতা শুধুই পুরুষেরা এবং যাদের বেশিরভাগই অপ্রাপ্তবয়স্ক বালক। অন্তত তার ভিডিও ফুটেজে তা-ই দেখা যায়। তিনি এ শ্রোতাদের উদ্দেশ্যে যে ওয়াজ দেন, তা শুধুই নারীকে কীভাবে পশুসম ব্যবহার করা যায়, সে ব্যাপারে। এত প্রাঞ্জল ভাষায় তিনি স্যাডিষ্ট ধরনের কথা বলেছেন যে এর বিশদ ব্যাখ্যা দেওয়াও খুব জরুরি নয়।

তবে এ প্রাঞ্জলতার ভিতর দিয়ে যে ভয়ংকর চিত্রটি ফুটে উঠেছে, তার ব্যাখ্যা নিশ্চয়ই দাবি রাখে। কারণ এ ওয়াজ গ্রাম্য সনাতনি ওয়াজ নয়। এটা আহমেদ শফির পাঠানো জাতির কাছে সুস্পষ্ট একটি বার্তা। নিজেকে ভাবছেন, বাংলাদেশের ক্ষমতার রাজনীতিতে তিনি প্রযোজকই শুধু নন; সে সঙ্গে পরিচালকও। তিনি ইতোমধ্যে দেখিয়েছেন বাংলাদেশে তার অপরিহার্যতার ঢাল-তলোয়ার। তিনি ঢাকা অবরোধ করেছেন, সারাদেশে হেফাজতিদের শক্ত দূর্গ গড়ে তুলে তাণ্ডব চালিয়েছেন। ১৩ দফার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সরকারের প্রতি। সরকার পতনের হুমকি-ধমকি তো অনেকটা নিত্য-নৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে।

সম্প্রতি পাঁচটি সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে সরকারি দলের ভরাডুবির পেছনেও নাকি তার অবদান অনস্বীকার্য। আহমেদ শফির নারীবিদ্বেষী বর্ণবাদী বক্তব্যকে 'জঘন্য' বলে ইতোমধ্যে নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন নারী সংগঠন প্রতিবাদ জানিয়ে শফিকে গ্রেফতারের দাবি জানিয়েছে।

শফির বিরুদ্ধে সংবিধান তথা নারী অবমাননার মামলা করা যেতে পারত। বাদী হতে পারত সরকার বা যে কোনো বাঙালি অথবা কোনো নারীবাদী সংগঠন। অথচ কোনো এক অদৃশ্য কারণে অদ্যাবধি তা হয়নি। আহমেদ শফি শুধু সংবিধান অবমাননাই করেননি, সে সঙ্গে কোরানের মনগড়া ব্যাখ্যা দিয়েও অন্যায় করেছেন। একটা বিষয় এখানে পরিষ্কার যে, বর্তমান সরকার নারীর উন্নয়নকল্পে যে অসাধারণ কৃতিত্ব দেখাতে পেরেছে, হেফাজতিদের নারীবিদ্বেষী আক্রমণ তারই প্রতিক্রিয়া স্বরূপ।

মৌলবাদীদের মূল সমস্যা আরও গভীরে। একাত্তরে সংঘটিত মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার হচ্ছে বর্তমানে। এরই মধ্যে কয়েকটি মামলার রায়ও হয়ে গেছে। কয়েকটির রায় যে কোনো মূহূর্তে হয়ে যাবে।
এছাড়াও, আভ্যন্তরিন রাজনৈতিক চিত্রও সরকারের প্রতিকূলে বলে প্রতীয়মান হচ্ছে বিভিন্ন কারণে। বহুমুখী সমস্যায় জর্জরিত সরকারের উন্নয়নমুখী সাফল্যগুলো অদৃশ্য কারণে মুখ থুবড়ে পড়ে আছে বা হালে পানি পাচ্ছে না। নির্বাচনের বাকি আর মাত্র কয়েকটি মাস। অথচ সরকারি দলে সীমাহীন বিশৃঙ্খলা। জামায়াতে ইসলামী দেশের অভ্যন্তরে এবং বাইরে বিরামহীন দেশবিরোধী কার্যকলাপ চালিয়েই যাচ্চে। সুশীল সমাজের মুখোশের আড়ালে তথাকথিত তৃতীয় শক্তির ইতিউতি আনাগোনাও কারও দৃষ্টি এড়াচ্ছে না। সব মিলিয়ে একটা ঘোলাটে পরিস্থিতি বিরাজমান।

দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেও মহাজোট সরকারের কেন এই অবস্থা, তা নিয়েও বিতর্কেরও শেষ নেই। তবে একটা বিষয় মোটামুটি পরিষ্কার যে, বিরোধী শিবিরে অবস্থান নেওয়া স্বাধীনতাবিরোধীরা যে কোনো মূল্যে যুদ্ধাপরাধীদের বিচারকাজ বন্ধ করতে বদ্ধপরিকর এবং এজন্য যে কোনো হীন কাজ করতে তারা পিছপা হবে না। অনেক ক্ষেত্রে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের সিদ্ধান্তহীনতা এবং স্ববিরোধী কার্যকলাপের কারণেও তারা এ কাজ করতে পারছে বেশ অপ্রতিরোধ্যভাবেই।

একটি স্বাধীন দেশে নির্বাচিত সরকার থাকা সত্বেও কীভাবে উগ্র ইসলামপন্থীরা সম্পূর্ণ বিনা কারণে রাজধানী দখল করে সরকারের পতন ঘটানের জন্য হুমকি দিতে পারে? আহমেদ শফির হেফাজতে ইসলাম তো কোনো রাজনৈতিক দল নয়। অথচ অদ্যাবধি দেখা তাদের প্রতিটা কার্যক্রমই রাজনৈতিক এবং অগণতান্ত্রিক। সরকার কেন ভাবছে না যে, একটা অরাজনৈতিক সংগঠনের এ রাজনৈতিক কার্যক্রমের পেছনের কারণ এবং উৎসগুলো কী?

আপাতদৃষ্টিতে শুধু এটুকুই বোঝা যায় যে, হেফাজতিদের মাথার টুপি গুণতেই সরকার যেন বেশি আগ্রহী এবং ব্যস্ত। প্রতিটি টুপিই এক একটি ভোট এবং এ ভোটগুলোই সরকারকে লোভী থেকে লোভাতুর করে তুলেছে। এ ধরনের ভুল তারা আগেও করেছে এবং খেসারত দিয়েছে চড়ামূল্যে। অথচ আওয়ামী লীগ নেতৃত্ব কেন তা বোঝে না?

বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস এবং গঠনতন্ত্র যদি কেউ বুঝে পড়ে থাকেন, তাহলে তো তার এই সামান্য ব্যাপারটি না বোঝার কারণ নেই। আওয়ামী লীগ যখন মুসলিম লীগ থেকে আলাদা হয়ে গিয়েছিল তখনও এর গায়ে 'ধর্মবিরোধী' অপবাদ লাগানো হয়েছিল। কিন্তু ৭০-এর নির্বাচনে এ অপবাদ কোনো কাজে লাগেনি। বঙ্গবন্ধু বাংলার মানুষকে সৎ স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছিলেন। তৎকালীন আওয়ামী নেতাকর্মীরা সততার সঙ্গে মানুষের ঘরে ঘরে গিয়ে প্রাণের কথাটি বোঝাতে সক্ষম হয়েছিলেন।

৯৬-এর নির্বাচনেও বলা হয়েছিল, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে মসজিদে মসজিদে উলুধ্বনি শোনা যাবে। তারপরেও নির্বাচনে আওয়ামী লীগকে মানুষ ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছি। ২০০৮-এর নির্বাচনি ইশতিহারে আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলেছিল, বলেছিল ধর্মনিরপেক্ষ দেশ গড়ার কথা। সত্তর-পরবর্তী কোনো নির্বাচনে আওয়ামী লীগকে এত বেশি ভোট কখনওই দেয়নি মানুষ।

পক্ষান্তরে ১৯৯১ ও ২০০১-এর নির্বাচনে আওয়ামী লীগের অবস্থান ছিল কিছুটা বিপরীতমুখী এবং স্ববিরোধী। সেজন্য তাকে পরাজয়ও বরণ করতে হয়েছিল।

বিষয়টি খুবই স্পষ্ট যে, আওয়ামী লীগ যতবারই তার আদি অবস্থান পরিবর্তন করেছে, ততবারই জনবিচ্ছিন্ন হয়েছে। এবারও সেই একই চিত্র দেখা যাচ্ছে। হেফাজতি আর মৌলবাদিদের 'এক ঢাকা' (রাজধানী) হেফা দেখে আওয়ামী লীগ আবারও সেই ইলুশন বা বিভ্রান্তিতে ভুগছে। কত বোকা হলে এ বিভ্রান্তিতে মানুষ পড়তে পারে! ছোট একটি 'ঢাকা' পূর্ণ করতে কত লাখ মানুষের প্রয়োজন হয়? পক্ষান্তরে, বাংলাদেশের জনসংখ্যা কত? ভোটের হিসেবটা তো সেভাবেই হওয়া উচিত। দেড় কোটি তরুণ ভোটার কি এতই নগণ্য? এ সামান্য হিসাবটাও কি কেউ করতে পারে না?

ফলে জয় হয়েছে স্বাধীনতাবিরোধীদের কূটকৌশল। বিএনপি-জামায়াতের ভোট ব্যাঙ্কে ভাগ বসাতে যতবারই আওয়ামী লীগ ধর্মনিরপক্ষতার মূলমন্ত্র থেকে দূরে সরে গিয়েছে, ততবারই আওয়ামী ভোটাররা বিভ্রান্ত হয়েছে, মুখ ফিরিয়ে নিয়েছে। আওয়ামী লীগের দুর্বল দিকগুলো জামায়াতিরা ভালভাবেই জানে বলে সে দুর্বল ফাঁক-ফোকর দিয়ে তাদের আনাগোনা অব্যাহত রেখেছে তারা।

এ ফাঁক-ফোকরগুলো বন্ধ করতে হবে। নারীদের নেমে আসতে হবে রাস্তায় এদের মোকাবেলা করতে। গণজাগরণের তারুণ্যকে পাহারা দিতে হবে মৌলবাদীদের চোরাগোপ্তা-গলিগুলো। রাষ্ট্র থেকে ধর্মের গিলাফ সরিয়ে ফেলে, মানুষের ধর্মীয় স্বাধীনতা ফিরিয়ে দিতে পারলে আমার দৃঢ়বিশ্বাস, মৌলবাদীদের কবর রচনা হবে এ দেশেই। যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হলে, জামায়াত নেতৃত্বশূন্য হবে অবধারিতভাবে এবং দলটি এমনিতেই বিলীন হয়ে যাবে। সে সঙ্গে বিলীন হবে তাদের দোসররাও।

সিদ্ধান্তে নিতে হবে সরকার তথা বাংলাদেশের তাবৎ প্রগতিশীলদের এক টেবিলে বসে। ঠিক করতে হবে কর্মপন্থা। কর্মীদের দিতে হবে দিকনির্দেশনা।

সময় খুব কম। পারবেন কি?

সাব্বির খান :
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।