আমার স্মৃতিতে একুশ
আজ ২১ ফেব্রুয়ারি ২০১৩। ঠিক ছয় দশক আগে এমন এক একুশে ফেব্রুয়ারিতেই আমাদের জাতীয় ইতিহাসের গৌরবময় ভাষা আন্দোলন হয়েছিল। আজকের মতোই সে দিনটিও ছিল বৃহষ্পতিবার। সে গৌরবময় দিনটির স্পষ্ট ছবি আমি যেন এখনও দেখতে পাই।
সাংগঠনিকভাবে ভাষা আন্দোলনের শুরু কিন্তু ফেব্রুয়ারিতেই, ২৭ জানুয়ারি ঢাকায় পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের ঘোষণা থেকে। তিনি নিখিল পাকিস্তান মুসলিম লীগের অধিবেশনে বললেন, ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুই হতে যাচ্ছে। পাকিস্তানকে আমরা একটি ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছি।’ আটচল্লিশের ভাষা আন্দোলন স্থগিত করা হয়েছিল। পাকিস্তানের স্থপতি মোহাম্মদ আলী জিন্নাহর ঢাকা সফর উপলক্ষ্যে। তারপর আর দীর্ঘ চার বছরেও এ আন্দোলন শুরু করা যায়নি। এ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন তাজউদ্দিন আহমেদ এবং মোহাম্মদ তোয়াহা। তবে সাড়ে চার বছরের ভাষা আন্দোলনের যে প্রস্তুতিপর্ব তার মাধ্যমে মানুষের মধ্যে যে চেতনা জেগে উঠেছিল, তা ঠিক যেন ছিল একটি শুকনো বারুদ- একটি স্ফুলিঙ্গের সাহায্যে জ্বলে ওঠার অপেক্ষায়। খাজা নাজিমুদ্দিনের ওই অদূরদর্শী বক্তব্যের মধ্যে ছিল সে স্ফুলিঙ্গ। তাই এক ঘষাতেই জ্বলে উঠল আগুন। সে আগুন থেকেই ভাষা আন্দোলনের সূত্রপাত। তাই ছাত্রসমাজকে তখন কিছু বলতে হয়নি। তারা একেবারে স্বতঃস্ফুর্ততার সঙ্গে আন্দোলনে যুক্ত হয়ে গিয়েছিলেন। শুরুটা হযেছিল ছোট ছোট সভাসমাবেশ আর শ্লোগানমুখর মিছিলের মাধ্যমে। ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ এটাই ছিল সাধারণ শ্লোগান।
তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্টস বিল্ডিং ছিল এখনকার ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের জায়গায়। এখনকার বিখ্যাত আমগাছটি ছিল যেন একটি ছাতার মতো। পাশে ছিল একটি বেলগাছ্ আর একটি ডোবা। ডোবাটিকে অবশ্য ‘পুকুর’ বলা হত। এটি কিন্তু অনেক প্রতিবাদী সভা-সমাবেশের সাক্ষী। বাংলা একাডেমির বর্ধমান হাউসে তখন ছিল মূখ্যমন্ত্রীর বাড়ি।
৪ ফেব্রুয়ারি ঢাকা শহরে কয়েকটি কর্মসূচি সফলভাবে পালন করা হয়। এ দিনই সিদ্ধান্ত হয় যে, ২১ ফেব্রুয়ারি আইন পরিষদ ভবন ঘেরাও করা হবে। কোনো জঙ্গিপনা নয়, কোনো সন্ত্রাস নয়, শুধু আইন পরিষদকে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানাতে বাধ্য কর্ইা ছিল এর উদ্দেশ্য। এ পরিস্থিতিতে ভয় পেয়েই হোক অথবা অন্য কোনো অভিপ্রায়ে হোক- সরকার ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় জরুরি অবস্থা জারি করে। ছাত্র-জনতা তখন এতটাই ক্ষুব্ধ যে, এ ঘোষণা শুনেই তারা স্বতঃস্ফুর্তভাবে বলে ওঠে, ‘জরুরি আইন মানি না, জরুরি আইন ভাঙব।’
২০ ফেব্রুয়ারি রাতে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সভায় পরদিন জরুরি আইন ভাঙা হবে কিনা এ নিয়ে সিদ্ধান্ত হয়নি। বেশিরভাগ নেতাই চাচ্ছিলেন জরুরি আইন না ভাঙতে। এরা বরং বিপদে পড়ে গিয়েছিলেন। তারা চাচ্ছিলেন না এ সময় সরকারের সঙ্গে সংঘাতে যেতে। কারণ সামনে ছিল নির্বাচন। কিন্তু কয়েকজন ছাত্র-যুবনেতা বললেন যে, ছাত্ররা ১৪৪ ধারা না ভাঙার সিদ্ধান্ত মানবে না।
পরদিন ২১ ফেব্রুয়ারি সকালে খাকি হাফপ্যান্ট পরা লাঠি ও রাইফেল হাতে পুলিশদের তৎপরতার মধ্যেই ছ্ত্রারা বিশ্ববিদ্যালয়ের বেলতলায় এসে জড়ো হতে থাকে। আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক শামসুল হক সে ছ্ত্রাসভায় উপস্থিত ছিলেন। আমার এখনও মনে আছে তার পরনে ছিল কালো শেরওয়ানি, মাথায় জিন্নাহ টুপি। তিনি ছাত্রদের বোঝাতে চাচ্ছিলেন যে, কেন জরুরি আইন ভাঙা ঠিক হবে না। ছাত্ররা এক কথায় সেটা উড়িয়ে দেয়। তাকে কিছু বলতে না দিয়ে হইচই করে বসিয়ে দেওয়া হয়। এভাবেই ১৪৪ ধারা ভাঙার প্রক্রিয়া প্রায় শুরু হযে যায়।
ওদিকে পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ে আর্টস বিল্ডিং ধোঁয়ায় ভরিয়ে দেয়। ছ্ত্রাদের গন্তব্য যেহেতু ছিল অ্যাসেম্বলি ভবন, তাই সবার মুখে শ্লোগান ছিল ‘চল চল অ্যাসেম্বলি চল।’ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে যোগ দিয়েছিল নবকুমার ইন্সটিটিউশনের ছাত্ররা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ছাড়াও ছিল ইডেন কলেজ ও কামরুন্নেসা স্কুলের ছাত্রীরা। ছাত্রদের সঙ্গে জনতাও যোগ দিয়েছিলেন। এজন্যই দেখা যায়, পুলিশের গুলিতে শহীদ সালাম ছিলেন সচিবালয়ের একজন কর্মচারি। এ ছাত্র-জনতার অনেককেই গ্রেফতার করা হয় । পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের মধ্যে জড়ো হচ্ছিল আমাদের হোস্টেলে, বর্তমানে যেখানে জগন্নাথ হলের অবস্থান। এভাবেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন থেকে সংঘর্ষ মেডিকেল কলেজ ছাত্রাবাস ও প্রকৌশল কলেজ ছাত্রাবাসে ছড়িয়ে পড়ে।
দুপুর বারোটা কী সাড়ে বারোটার পর থেকে বেশ অনেকক্ষণ এ অবস্থাই চলছিল। ছাত্র-জনতার মূল গন্তব্য ছিল পরিষদ ভবন ঘেরাও। বেলা তিনটার দিকে অধিবেশন বসবে। পরিষদ ভবন ঘেরাওয়ের জন্য এগিয়ে যাওয়ার চেষ্টাই আমরা করছিলাম। বারবার আমাদের সামনে এগুনোর চেষ্টা, পুলিশি আক্রমণের মুখে ফিরে আসা- এভাবে একটি ঢেউয়ের মতো করে চলছিল। একসময় পুলিশ অবস্থান পরিবর্তন করে আমাদের ওপর গুলি চালায়। পুলিশ কেন সেদিন গুলি চালাল এটা আমার কাছে একটু দুর্বোধ্যই। তবে এর একটা ব্যাখ্যাও পেয়েছি আমি। পুলিশ তখন প্রচণ্ড স্নায়ুচাপে ভুগছিল। ছাত্র-জনতা পরিষদ ভবনের দিকে যেতে না পারলেও শ্লোগান তো দিচ্ছিল। স্কুলের ছাত্ররা আবার পুলিশের দিকে ইট-পাটকেল ছুঁড়ে দিচ্ছিল। পুলিশও সেগুলো পাল্টা তাদের দিকে ছুঁড়ে দিচ্ছিল। এসব কারণেই বোধহয় অধৈর্য হয়ে পুলিশ কাজটা করেছিল। তবে পুলিশকে গুলি চালানোর আদেশ দিয়েছিলেন কর্মকর্তারাই। সেদিন অবাঙালি ম্যাজিস্ট্রেট কোরেশির সঙ্গে ছিলেন দুই বাঙালি পুলিশ কর্মকর্তা, ইদ্রিস ও ওবায়দুল্লাহ। কাজেই শুধু অবাঙালিদের ওপর এ ঘটনার একতরফা দায় চাপানো যাবে না।
সময় তখন তিনটা বিশ। এটা পুলিশের দেওয়া তথ্য্। তবে আমাদের অনেকেই এখন স্মৃতিচারণ করতে গিয়ে কিছু ভুল করেন। পুলিশ কিন্ত গেটের ভেতরে ঢুকে গুলি করেছিল, বাইরে থেকে নয়। তারা ভেতরে ঢুকে অবস্থান নিয়ে গুলি করে। ছাত্র-জনতা ভাবতে পারেনি যে তারা গুলি করবে। যাহোক, পুলিশের গুলিতে প্রথম শহীদ হলেন রফিকউদ্দিন। এরপর যথাক্রমে জব্বার, বরকত ও সালাম। তখন চিকিৎসা ব্যবস্থা তেমন উন্নত ছিল না। ঢাকা মেডিকেলে রক্ত সংগ্রহের কোনো ইউনিটও ছিল না। ফলে অতিরিক্ত রক্তক্ষরণেই কেউ কেউ মারা গেছেন। যেমন, জব্বারের তলপেটে গুলি লেগেছিল, বরকতের উরুতে আর সালামের গোড়ালিতে। সালাম মারা যান ৭ এপ্রিল, চিকিৎসাধীন অবস্থায়। এখানে প্রশ্ন হল কী চিকিৎসা করা হয়েছিল তার? কেন গোড়ালি বা পা কেটে তাকে বাঁচানো গেল না? আসলে চিকিৎসা এত পিছিয়ে ছিল বলেই এদের মৃত্যু হয়েছিল।
২১ ও ২২ ফেব্রুয়ারি দুদিনে মোট কতজন মারা গেছেন এটা নিয়ে কেউ কাজ করেননি। আমি ব্যক্তিগতভাবে তথ্যগুলো সংগ্রহের চেষ্টা করেছি। তাতে আমার মনে হয়েছে, ২১ ফেব্রুয়ারি কমপক্ষে ছ’জন এবং ২২ ফেব্রুয়ারি ছ’ থেকে আটজন শহীদ হয়েছেন। তবে এই গুলি চালানোর প্রতিক্রিয়া ছিল খুব তাৎপর্যপূর্ণ। আটচল্লিশের ভাষা আন্দোলনের বিরোধিতা করেছিল যে ঢাকাইয়ারা তারা দলে দলে পথে নেমে এসেছিল। মওলানা আবদুর রশীদ তর্কবাগীশের নেতৃত্বে সেদিন পরিষদের অধিবেশনে ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছিল। প্রধানমন্ত্রী নুরল আমিনকে মুলতবী প্রস্তাব আনতে বলা হলে তিনি তা অগ্রাহ্য করেন। তবে আবদুর রশীদের নেতৃত্বে কযেকজন সদস্য অধিবেশন ত্যাগ করেন।
এসব ঘটনার ফাঁকে আমি একটি কথা একটু জোর দিয়ে বলতে চাই। কোনো কোনো ইতিহাসলেখক নুরুল আমিন সরকারকে সাফসুতরো দেখানোর চেষ্টা করেন। আমি অসংখ্য প্রমাণ দেখিয়ে বলতে পারব যে, নুরল আমিন চরমভাবে বাঙালি-বিরোধী ছিলেন। এর বড় উদাহরণ পুলিশের গুলিবর্ষণের ঘটনাকে তার অবাঙালি প্রশাসনের ভুল বলে স্বীকার না করা। দ্বিতীয়ত, ২১ ফেব্রুয়ারি মেডিকেল কলেজে ভর্তি হওয়া আহতদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা পর্যন্ত করেছিল সরকার। তার মানে কতটা ফ্যাসিস্ট ছিল ওরা। এ সব বিষয়ে আজকাল অনেকে বিভ্রান্তি তৈরি করছেন।
ভাষা আন্দোলন শুরু হয়েছিল ছাত্রদের আন্দোলন হিসেবেই। তবে ২১ ফেব্রুয়ারিতেই এটা গণআন্দোলনে পরিণত হয়। ঢাকা ছেড়ে পুরো দেশে ছড়িয়ে পড়ে। আর এর ফলেই আমরা একসময় রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি পাই। ভাষা আন্দোলন আমাদের দুটো বিষয় দিয়েছে। একটি হল শহীদ দিবস, অন্যটি শহীদ মিনার। আজ আমাদের শহীদ দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে। আর শহীদ মিনার আমাদের জাতির তীর্থভূমিতে পরিণত হয়েছে।
কিন্তু এখানে দুটি বিষয় খুব জরুরি। বায়ান্নোর শহীদদের পূর্ণ তালিকা আমরা তৈরি করতে পারিনি। এটা করা খুব দরকার ছিল। দ্বিতীয় কাজটি হল সর্বস্তরে বাংলার প্রচলন। সচিবালয়ের দাপ্তরিক দলিলগুলো বাংলায় লেখা এবং এইচএসসি পর্যন্ত শিক্ষার্থীদের অন্যতম আবশ্যিক বিষয় হিসেবে বাংলা পড়ানো ছাড়া বাংলাদেশে কোথাও বাংলা ভাষার ব্যবহার নেই। আমাদের মাননীয় আদালতের মহামান্য বিচারকেরা এখনও ইংরেজিতে রায় দিতে বেশি পছন্দ করেন। এছাড়া রাষ্ট্রের সর্বস্তরে ইংরেজি ব্যবহারের পক্ষে আমাদের এলিট শ্রেণিটি। এরা ইংরেজির বদলে বাংলা সর্বস্তরে ব্যবহারের পরিশ্রমটুকু সঙ্গত কারণেই করতে চান না। তাই আমি বলব, সর্বস্তরে বাংলা চালু করতে না পারার ব্যর্থতার দায় সরকারসহ গোটা সমাজকে নিতে হবে।
আমাদেরে দেশের রাজনৈতিক আন্দোলনগুলো বৈশিষ্ট্যপূর্ণ। আমাদের ছাত্র কি অছাত্র তরুণরা রাজনীতিবিদদের সবসময় দিকনির্দেশনা দিয়ে এসেছেন। এটা বায়ান্নোতে যেমন হয়েছে তেমন উনসত্তরে এবং একাত্তরেও দেখা গেছে। আবার এই ২০১৩ সালের শুরুতেও আমরা দেখতে পাচ্ছি যুদ্ধাপরাধের বিচারের দাবিতে তরুণদের স্বতঃস্ফুর্ত আন্দোলন। এই ছাত্র-অছাত্র তরুণরা তাদের ঐতিহাসিক দায়িত্ব পালন করছেন। যে কাজটি আমাদের কোনো রাজনৈতিক দল বা সাংস্কৃতিক সংগঠন করতে পারেনি- সে কাজে আমাদের ব্লগার ও ফেসবুকে-টুইটারে ব্যস্ত তরুণরা করছেন- তাদের আমরা কেবল ‘প্রযুক্তিপ্রেমি’ বলে গালি দিয়েছি- আর এরাই এখন যুদ্ধাপরাধের বিচারের ইস্যুতে সোচ্চার হয়ে জাতিকে দিকনির্দেশনা দিচ্ছে। এ জন্য জাতির কাছ থেকে অভিনন্দন পাচ্ছে তারা। তাদের আন্দোলনের সাফল্য অর্জিত হোক এটাই আমি চাই।
পাশাপাশি তাদের বলব, এভাবেই আরও কিছু গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে তাদের আন্দোলন করতে হবে। যেমন, দুর্নীতির মতো বিষয়ে। এটি যেমন আমাদের দেশের অনেক ক্ষতির কারণ হচ্ছে তেমনি বাইরের বিশ্বে আমাদের ইমেজ নষ্ট করছে। তাই তরুণরা যদি এমন কোনো ইস্যুতে আন্দোলন করে তবে আবারও জনগণের সমর্থন ও ভালবাসা তারা পাবে।
এটাই যুগে যুগে ঐতিহাসিক দায়িত্ব কাঁধে তুলে নেয়া তরুণদের কাছে আমার আবেদন।
