২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসাবিদ এবং জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম স্মরণে

চিকিৎসাবিদ এবং জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম গত রাত ৯টায় পূর্ণবয়সে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে …………………. রাজেউন)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

. আবুল মাল আবদুল মুহিত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2013, 01:19 PM

Updated : 26 Jul 2022, 02:59 PM

আমার যৌবনকাল থেকে আমি তাঁকে চিনি এবং সবসময় একজন সম্মানিত গুণী ব্যক্তি হিসেবে দেখেছি। চিকিৎসাজগতে তাঁর অবস্থান সম্পর্কে আমার কিছু বলা সাজে না। কিন্তু তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কতিপয় বিষয়ে কাজ করার সুযোগ আমার হয়। তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে এবং তাঁর স্মৃতিকে স্মরণ করে আমি তাই দু’চারটি কথা বলতে চাই।

তিনি আমাদের পোস্ট-গ্রাজুয়েট চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানকে (যা এখন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে) নানাভাবে সুসংগঠিত করেন এবং বহুদিন এ প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে দায়িত্ব পালন করেন। আমি জানি তিনি ছাত্রছাত্রীদের কাছে অতিপ্রিয় ছিলেন। তারা তাঁকে শুধু শিক্ষক হিসেবে চিনেন না, সার্বিক অভিভাবক হিসেবে গ্রহণ করতেন। শিক্ষার্থী এবং তাঁর শিক্ষক-সহকর্মীর উন্নয়ন, সুখ এবং মঙ্গল কামনা ছিল তাঁর সার্বক্ষণিক আগ্রহের বিষয়।

গত শতকের সত্তরের দশকের শেষদিকে কলেরা রিসার্চ ল্যাবরেটরিকে বাংলাদেশে একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠান হিসেবে স্থাপন করা আমাদের জন্য একটি সমস্যা হয়ে দাঁড়ায়। এ সময় সিয়াটো-সেন্টো নিরাপত্তা জোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে প্রতিষ্ঠানটিকে একটি সেন্টার অব এক্সসিলেন্স হিসেবে স্থাপনের উদ্দেশ্যে তিনি অত্যন্ত মূল্যবান ভূমিকা পালন করেন। ICDDRB’র যে টেকনিক্যাল কমিটি প্রতিষ্ঠানটির লেখাপড়া এবং গবেষণার বিষয় নির্ধারণ করে দেয় তিনি ছিলেন এর আহ্বায়ক এবং তখন বিভিন্ন মতের সমন্বয় সাধন করে প্রতিষ্ঠানটির গঠন ও উন্নয়নে তাঁর ছিল অনন্য অবদান।

পরবর্তীতে তিনি আরেকটি বিষয়ে যুগান্তকারী পদক্ষেপের ছিলেন রচয়িতা। যে ওষুধনীতি বাংলাদেশে ওষুধশিল্পের বিকাশের রাস্তা উন্মুক্ত করে দেয় সেখানেও তিনি প্রধান পরামর্শকের ভূমিকা পালন করেন। আমার মনে হয়, একটি সার্থক ওষুধনীতি প্রণয়নে তিনি যে মূল্যবান অবদান রাখেন এরই দীর্ঘমেয়াদি ফসল হচ্ছে ওষুধশিল্পে বাংলাদেশের অগ্রগতি।

চিকিৎসাশিক্ষার প্রসারেও তিনি মূল্যবান অবদান রাখেন। ব্যক্তিমালিকানা খাতে চিকিৎসাশিক্ষার বর্তমান অবস্থান, আমার জানামতে, তিনি এবং শিল্পপতি জহুরুল ইসলামই শুরুতে চিন্তা করেন এবং এ চিন্তার বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ নেন। ক্যান্সার প্রতিহত করার আন্দোলনেও তিনি মূল্যবান ভূমিকা রাখেন। তামাকের ব্যবহার হ্রাস করার উদ্যোগে তিনি ছিলেন পথিকৃত।

ব্যক্তিগতভাবে তিনি ছিলেন আমার ডাক্তার বোন জাতীয় অধ্যাপক শাহলা খাতুনের গুরু এবং পরামর্শক। তিনি আরও ছিলেন আমার পিতামাতার আরেক সন্তান এবং তাঁদের স্বাস্থ্যসেবায় নিবেদিত বড়মাপের চিকিৎসক। তবে, সর্বোপরি তিনি ছিলেন একজন বিশ্বস্ত এবং সহানুভূতিশীল বন্ধু, পৃষ্ঠপোষক এবং সহযোগী। তাঁর তিরোধানে সত্যিই চিকিৎসা জগতে একটি সাময়িক শূন্যতার সৃষ্টি হল। সে শূন্যতা পূরণের দায়িত্ব তাঁর উত্তরসূরীদের।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সে দায়িত্ব আমাদের সমাজ এবং আমাদের চিকিৎসক গোষ্ঠী অবশ্যই গ্রহণ করবেন এবং তাতে হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা-নিবেদন। প্রার্থনা করি মহান আল্লাহতায়ালা তাঁর মাগফেরাত করুন এবং তাঁর স্বজনদের এ শোক সহ্য করার ক্ষমতা প্রদান করুন।

আবুল মাল আবদুল মুহিত : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী।