Published : 06 Aug 2026, 07:36 PM
বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা গত দুই বছরে একাধিক নাটকীয় ঘটনার মধ্য দিয়ে অতিক্রম করেছে। ক্ষমতার রদবদল, বিচারিক টানা-হেঁচড়া আর রাজনীতির নতুন চালবাজি দেশের জনপরিসরকে চরম অস্থিরতার মুখে ঠেলে দিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন বক্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমের দ্রুত প্রভাব দেশের জনপরিসরকে আগের যেকোনো সময়ের তুলনায় আরও সংবেদনশীল করে তুলেছে।
বিশেষ করে ৫ অগাস্টের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, নতুন রাজনৈতিক বাস্তবতা এবং সংস্কারের সম্ভাবনা আন্তর্জাতিক পরিমণ্ডলে কিছু ক্ষেত্রে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। তবে একই সময়ে আইন নিজের হাতে তুলে নেওয়া, হামলা, ভাঙচুর ও প্রতিশোধমূলক কর্মকাণ্ডের মতো ঘটনাগুলো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, আন্তর্জাতিক ভাবমূর্তি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এই প্রেক্ষাপটে ৫ অগাস্ট দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাবলি নতুন করে সেই প্রশ্ন সামনে নিয়ে এসেছে—কোনো ব্যক্তি বিতর্কিত রাজনৈতিক অবস্থান গ্রহণ করলে তার প্রতিক্রিয়ার সীমারেখা কোথায় হওয়া উচিত?
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান একটি রেকর্ড করা অডিও বার্তা পাঠান এবং অনলাইনে যুক্ত হন। ঘটনাটি প্রকাশের পর দেশে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। একই সময়ে তার বাড়িতে হামলা ও ভাঙচুরের খবরও দেশীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়। এসব ঘটনার আলোকে একটি মৌলিক প্রশ্ন সামনে আসে—গণতান্ত্রিক সমাজে মতভেদের প্রতিক্রিয়া কি আইনের মাধ্যমে নির্ধারিত হবে, নাকি তা জনতার তাৎক্ষণিক প্রতিশোধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে প্রকাশ পাবে?
বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ পথচলা আর একের পর এক কীর্তি সাকিব আল হাসানকে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের সবচেয়ে সফল ও প্রভাবশালী তারকা বানিয়েছে। তবে কেবল খেলার মাঠেই তার ক্যারিয়ার সীমাবদ্ধ থাকেনি; বিগত বছরগুলোতে সরাসরি রাজনীতিতে নাম লেখানো, বিতর্কিত নির্বাচনে অংশ নেওয়া এবং ক্ষমতার রাজনৈতিক অবস্থানে থাকা তাকে খেলার পাশাপাশি জাতীয় রাজনীতির চর্চিত ও বিতর্কিত ব্যক্তিত্বে পরিণত করেছে। ফলে তার যেকোনো রাজনৈতিক বক্তব্য ও কর্মকাণ্ড জনমনে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করাই স্বাভাবিক। গণতান্ত্রিক সমাজে কোনো নাগরিক, তিনি যতই জনপ্রিয় হন না কেন, তার রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা হতে পারে। সেই সমালোচনা সংবাদপত্রে, টেলিভিশনে, সামাজিক যোগাযোগমাধ্যমে ও জনপরিসরের আলোচনায় স্থান পেতে পারে। উন্মুক্ত সমাজের স্বাভাবিক বৈশিষ্ট্য এমনটাই হওয়ার কথা।
তবে সমালোচনা এবং প্রতিশোধমূলক কর্মকাণ্ড এক বিষয় নয়। যদি কোনো ব্যক্তি আইন ভঙ্গ করে থাকেন, তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকে, তবে সেই অভিযোগের তদন্ত এবং বিচার দেশের প্রচলিত আইন অনুযায়ী হওয়াই আইনের শাসনের মৌলিক দাবি। রাষ্ট্র পরিচালনার অন্যতম ভিত্তি হলো—অপরাধের অভিযোগ আদালতে নির্ধারিত হবে, জনতার তাৎক্ষণিক প্রতিক্রিয়ার মাধ্যমে নয়। বিচারিক প্রক্রিয়ার বিকল্প হিসেবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর হামলা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। কারণ এমন ঘটনা কেবল একজন ব্যক্তির ক্ষতির মধ্যে সীমাবদ্ধ থাকে না; রাষ্ট্রের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে।
একজন অত্যন্ত পরিচিত ব্যক্তির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা দেশীয় সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকে না। বর্তমান বিশ্বে আন্তর্জাতিক সংবাদমাধ্যম, অনলাইন সংবাদপোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে যেকোনো উল্লেখযোগ্য ঘটনা খুব দ্রুত বৈশ্বিক পর্যায়ে পৌঁছে যায়। বিশেষ করে বিশ্বপরিচিত ক্রীড়াবিদ, শিল্পী কিংবা সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনাগুলো আন্তর্জাতিক সংবাদে সহজেই স্থান পায়। ফলে একটি স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি আন্তর্জাতিকভাবে একটি দেশের রাজনৈতিক পরিবেশ, নিরাপত্তা এবং আইনের শাসন সম্পর্কে ধারণা তৈরিতে ভূমিকা রাখতে পারে।
একটি রাষ্ট্রের ভাবমূর্তি গড়ে ওঠে বহু উপাদানের সমন্বয়ে। রাজনৈতিক পরিবর্তন বা সরকার পরিবর্তন আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক আগ্রহ সৃষ্টি করতে পারে, কিন্তু সেই আগ্রহকে দীর্ঘস্থায়ী আস্থায় রূপান্তরিত করতে হলে কার্যকর আইনের শাসন, নিরপেক্ষ বিচারব্যবস্থা, জননিরাপত্তা এবং স্থিতিশীল বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য। বিশেষ করে ৫ অগাস্ট-পরবর্তী সময়ে বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা যেমন আন্তর্জাতিকভাবে ইতিবাচক মূল্যায়নের সুযোগ তৈরি করেছে, তেমনি আইন নিজের হাতে তুলে নেওয়া, হামলা, ভাঙচুর ও প্রতিশোধমূলক কর্মকাণ্ডের ঘটনাগুলো সেই ইতিবাচক অর্জনকে আংশিকভাবে ম্লান করেছে। বিদেশি বিনিয়োগকারী, উন্নয়ন সহযোগী এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি একটি রাষ্ট্র কতটা কার্যকরভাবে আইন প্রয়োগ করছে, সেটিও সমান গুরুত্ব দিয়ে মূল্যায়ন করেন।
গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় মতপ্রকাশের স্বাধীনতা একটি মৌলিক অধিকার। তবে এই অধিকার যেমন রয়েছে, তেমনি আইন মেনে চলার দায়িত্বও রয়েছে। কেউ কোনো রাজনৈতিক বক্তব্য দিলে বা কোনো অনুষ্ঠানে অংশ নিলে তার বক্তব্যের সঙ্গে একমত হওয়া বাধ্যতামূলক নয়। কঠোর সমালোচনা করা যেতে পারে, পাল্টা যুক্তি উপস্থাপন করা যেতে পারে, শান্তিপূর্ণ প্রতিবাদও করা যেতে পারে। কিন্তু ব্যক্তিগত সম্পত্তির ওপর হামলা কিংবা সহিংসতা সেই স্বাধীনতার সীমা অতিক্রম করে। কারণ আইনের শাসনের মূল দর্শন হলো—ব্যক্তি নয়, আইনই শেষ কথা বলবে।
বর্তমান নির্বাচিত বিএনপি সরকারের জন্যও এ ধরনের পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। সরকার যদি দ্রুত তদন্ত, অপরাধীদের নিরপেক্ষভাবে শনাক্তকরণ এবং আইনের আওতায় এনে কার্যকর বিচার নিশ্চিত করতে পারে, তবে জনগণের মধ্যে আইনের শাসনের প্রতি আস্থা আরও সুদৃঢ় হবে। বিপরীতে, হামলা বা সহিংসতার ঘটনায় শৈথিল্য কিংবা পক্ষপাতিত্বের অভিযোগ উঠলে সরকারের ভাবমূর্তি এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা উভয়ই ক্ষতিগ্রস্ত হতে পারে। যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, তার অন্যতম সাংবিধানিক দায়িত্ব হলো নাগরিকের জীবন, সম্পদ ও নিরাপত্তা নিশ্চিত করা। সেই নাগরিক সরকারের সমর্থক, সমালোচক কিংবা রাজনৈতিকভাবে বিতর্কিত ব্যক্তি—যেই হন না কেন, আইনের দৃষ্টিতে সকলের সমান সুরক্ষা নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব।
সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশেই দেখা গেছে, রাজনৈতিক মেরুকরণ যত বৃদ্ধি পায়, ততই সামাজিক সহনশীলতা কমে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমের দ্রুত বিস্তার অনেক সময় আবেগকে উসকে দেয়, অসম্পূর্ণ তথ্য বা গুজবও দ্রুত ছড়িয়ে পড়ে। এমন পরিবেশে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়তে পারে। তাই দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্ব, সচেতন নাগরিক সমাজ এবং কার্যকর আইনশৃঙ্খলা ব্যবস্থা এই ধরনের পরিস্থিতি মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। মতভেদ থাকতেই পারে, কিন্তু সেই মতভেদের সমাধান সহিংসতার মাধ্যমে নয়; বরং যুক্তি, আইন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই হওয়া উচিত।
বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক সংস্কৃতির জন্যও এই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনপ্রিয় ব্যক্তিত্বরা যখন রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন, তখন তাদের বক্তব্য নিয়ে বিতর্ক হওয়া অস্বাভাবিক নয়। একইভাবে তাদের কর্মকাণ্ড নিয়ে আইনগত প্রশ্ন উঠলেও তার নিষ্পত্তি আদালত এবং সংশ্লিষ্ট সাংবিধানিক প্রতিষ্ঠানের মাধ্যমেই হওয়া উচিত। কোনো ব্যক্তি জনপ্রিয় বলে তিনি আইনের ঊর্ধ্বে নন, আবার তিনি অজনপ্রিয় বা বিতর্কিত বলেও আইনগত সুরক্ষা থেকে বঞ্চিত হতে পারেন না। এই ভারসাম্যই একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে শক্তিশালী করে।
শেষ পর্যন্ত বিষয়টি ব্যক্তি ও রাজনৈতিক মতবাদের চেয়ে অনেক বড়। রাষ্ট্রের আইনের শাসন, নাগরিক নিরাপত্তা, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতার প্রশ্ন। ৫ অগাস্ট-পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের ফলে বাংলাদেশ নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে। সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে প্রতিশোধ নয়, ন্যায়বিচার; আবেগ নয়, আইন; এবং দলীয় বিবেচনা নয়, সাংবিধানিক নীতিকেই অগ্রাধিকার দিতে হবে। বিএনপি সরকারের উচিত আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় অবস্থান গ্রহণ করা, অপরাধীদের বিরুদ্ধে নিরপেক্ষ ও কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা এবং বিচারপ্রক্রিয়াকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য রাখা। এর মাধ্যমেই সরকার নিজস্ব ভাবমূর্তি সুদৃঢ় করার পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক পরিসরে আস্থা আরও শক্তিশালী করতে সক্ষম হবে। রাষ্ট্র তখনই প্রকৃত অর্থে শক্তিশালী হয়, যখন আইন সকলের জন্য সমানভাবে কার্যকর হয় এবং ন্যায়বিচারই রাষ্ট্র পরিচালনার প্রধান ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়।
খালিদুর রহমান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক। ই-মেইল: khalid_sust@yahoo.com