আফগানিস্তানে আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ১৭
আফগানিস্তানে একটি সামরিক ঘাঁটির পাশের এক তল্লাশি চৌকিতে চালানো এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন।
দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রোববারের এই হামলায় নিহতদের অধিকাংশই নারী ও শিশু ।
দেশটির পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশের চ্যাপম্যান সামরিক শিবিরের কাছে এক আত্মঘাতী বোমাটির বিস্ফোরণ ঘটায়। এই সামরিক শিবিরটি আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ব্যবহার করতো।
এই শিবিরটি এখন আফগান ও বিদেশি সেনা, উভয়েই ব্যবহার করে। বিদেশি সেনাদের মধ্যে যুক্তরাষ্ট্রের সেনাও আছে।
তবে এ হামলায় যুক্তরাষ্ট্র বা দেশটির নেতৃত্বাধীন জোট বাহিনীর কোনো সেনা হতাহত হননি।
খোস্ত প্রদেশের ডেপুটি পুলিশ প্রধান ইউকিব খান জানিয়েছেন, হামলার শিকার চ্যাপম্যান শিবিরের ওই তল্লাশি চৌকিতে আফগান সেনারা দায়িত্বে ছিলেন।
তবে হামলায় নিহতরা বেসামরিক বলে জানিয়েছেন কর্মকর্তারা। তারা একটি গাড়িতে বসে তল্লাশি চৌকি পার হওয়ার অপেক্ষায় ছিলেন। তখনই বোমা হামলার শিকার হন।
কোনো পক্ষ এ হামলার দায়িত্ব স্বীকার না করলেও হামলার জন্য তালেবান বিদ্রোহীদেরই সন্দেহ করা হচ্ছে। কারণে তারা প্রায়ই সেনা অবস্থানগুলো লক্ষ্য করে এ ধরনের হামলা চালিয়ে থাকে।
পাকিস্তানের সীমান্তবর্তী খোস্ত আফগানিস্তানের অন্যতম অশান্ত প্রদেশ।
২০০৯ সালে চ্যাপম্যান শিবিরে চালানো অপর এক আত্মঘাতী বোমায় সাত সেনা কর্মকর্তা নিহত হয়েছিলেন।
