সিরীয় শরণার্থীদের জন্য মালালার স্কুল
সিরীয় শরণার্থী বালিকাদের জন্য একটি স্কুল খুলেছেন শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাই।
লেবাননে ১৮ তম জন্মবার্ষিকী উদযাপনকালে মালালা রোববার এ স্কুল চালু করেন এবং বিশ্ব নেতাদেরকে ‘বুলেট নয় বরং বই’ সরবরাহের আহ্বান জানান।
নারীশিক্ষার জন্য সক্রিয় প্রচার চালিয়ে আসা মালালা ইউসুফজাই ২০১২ সালে পাকিস্তানের সোয়াত উপত্যকায় স্কুলবাসে তালেবান হত্যা প্রচেষ্টা থেকে প্রাণে বেঁচে যাওয়ার পর প্রতিবাদের প্রতীক হয়ে ওঠেন। ২০১৪ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পান তিনি।
লেবাননে একটি স্কুলকক্ষে নিজের জন্মদিন পালনকালে মালালা রয়টার্সকে বলেন, “আমি মনে করি দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হওয়া সিরীয় শরণার্থীদের কথা শোনা প্রয়োজন। আর তাই আমি লেবাননে আসার সিদ্ধান্ত নেই।”
স্থানীয় শিক্ষা প্রকল্পের অর্থ সরবরাহে নিয়োজিত মালালা ফান্ড থেকে সিরিয়া সীমান্তের কাছে বেকা ভ্যালির ওই স্কুলটির জন্য তহবিলের ব্যবস্থা করা হয়েছে।১৪ থেকে ১৮ বছর বয়সী ২শ’ বালিকা স্কুলটিতে পড়তে পারবে।
সিরিয়ায় সংঘাত থেকে বাঁচতে লেবাননে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে ১২ লাখ শরণার্থী।এর মধ্যে স্কুলে পড়ার বয়সী শিশুর সংখ্যা প্রায় ৫ লাখ। এর মাত্র এক পঞ্চমাংশ শিশু প্রাতিষ্ঠনিক শিক্ষা নিতে পারছে।
