২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ে ভারি বর্ষণে জনজীবন বিপর্যস্ত, মৃত ২

ভারি বর্ষণে অচল হয়ে পড়েছে ভারতের মুম্বাই ও এর আশেপাশের এলাকা। এ পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2015, 10:34 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

গত ২৪ ঘণ্টায় মুম্বাই শহরে ২৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া, শহরের আশে পাশে গড়ে ২০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। জারি করা হয়েছে বন্যা সতর্কতা।

মহারাষ্ট্রের অন্যান্য উপকূলীয় এলাকা যেমন:- থানে, পালগড়, রতনগিরি ও সিন্ধুদুর্গেও প্রচণ্ড বৃষ্টিপাতে জনজীবন ব্যহত হচ্ছে।

মুম্বাই আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ভি.কে. রাজিব বলেন, আগামী দুই-তিন দিনে মুম্বাই ও এর আশেপাশের এলাকায় আরো বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে ঝড়ো হাওয়া বইবে এবং সমুদ্র উত্তাল থাকবে।

ওয়াডালায় বিদ্যুতের তার ছিঁড়ে একটি ভবনে ওপর পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনজিৎ গুপ্তা (৬০) ও গৌরভ কার্নিক (৫) নামে দুই ব্যক্তি প্রাণ হারান।

যে কোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে সরকারি ও বেসরকারি উদ্ধারকর্মীরা ত্রাণ ও বিভিন্ন উদ্ধার সরঞ্জাম নিয়ে প্রস্তুত রয়েছেন।

বৃষ্টির পানিতে রেল লাইনগুলো ডুবে যাওয়ায় ট্রেন চলাচল ব্যহত হচ্ছে। ফলে অনেকেই কর্মক্ষেত্রে আটকা পড়ে গেছেন। 

তবে মুম্বাই মেট্রো রেল ও মনোরেল স্বাভাবিকভাবেই চলছে বলে জানায় মুম্বাই মেট্রোপলিটন রিজন ডেভেলপমেন্ট কর্তৃপক্ষ।

রাস্তার পানি নিষ্কাশন ব্যবস্থা পরিষ্কার না থাকায় রাস্তার পানি নিচু বাড়িঘরে বিশেষ করে বস্তিতে প্রবেশ করতে শুরু করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণ সরকারের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়তে শুরু করেছে।

মৌসুমি বৃষ্টিপাতের আগে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে ব্যর্থ হওয়ায় বিরোধী দলের বেশ কয়েকজন নেতা ক্ষমতাসীন বিজেপি সরকারের সমালোচনা শুরু করেছেন।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিস শুক্রবার মুম্বাই পরিদর্শণ করেছেন।

বৃষ্টিপাতের কারণে মুম্বাই হাই কোর্ট শুক্রবার বন্ধ ছিল।নিম্ন আদালতও বন্ধ রয়েছে। মুম্বাই বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা বাতিল করা হয়েছে। বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে বিমান চলাচলও।