২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাগি নিষিদ্ধ: আদালতের শরণাপন্ন নেসলে ইন্ডিয়া

ম্যাগি নুডলসের উপর আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতে গিয়েছে নেসলে ইন্ডিয়া।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Jun 2015, 07:04 PM

Updated : 25 Apr 2022, 01:28 PM

ভারতের খাদ্য নিরাপত্তা এবং মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ম্যাগি ইনস্ট্যান্ট নুডলসে ‘অনিরাপদ এবং বিপজ্জনক’ উপাদান খুঁজে পায়।

এরপর ভারতের পাঁচটি প্রদেশে ম্যাগি বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

বৃহস্পতিবার নেসলের পক্ষ থেকে বলা হয়, তারা ওই আদেশের বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টে মামলা করেছে।

নেসলে’র দাবি তাদের নুডলস পুরোপুরি নিরাপদ।

আদালতে যাওয়ার কারণ ব্যাখ্যা দিতে গিয়ে এক বিবৃতিতে নেসলে ইন্ডিয়া জানায়, “বিষয়টি সুরহার জন্য আমরা আদালতের শরণাপন্ন হয়েছি। সেইসঙ্গে ভারতের খাদ্য নিরাপত্তা আইন সম্পর্কে বিশদভাবে জানতে বিষয়টি আদালতে উত্থাপন করেছি।”

মহারাষ্ট্রের রাজ্য সরকারের আলাদা একটি আদেশের বিরুদ্ধেও আদালতে গেছে নেসলে ইন্ডিয়া।

ভারতের উত্তর প্রদেশের খাদ্য নিরাপত্তা ও ওষুধ প্রশাসনের (এফডিএ) পরীক্ষায় নেসলে ইন্ডিয়ার তৈরি নুডলসে উচ্চমাত্রার সীসা পাওয়ার পর গত ২০ মে পণ্যটি বাজার থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়।

এফডিএ’র পরীক্ষায় ওই নুডলসে ১৭ দশমিক ২ পিপিএম সীসা পাওয়া যায়, যা অনুমোদিত মাত্রার চেয়ে সাতগুণ বেশি।

ভারতে শূন্য দশমিক শূন্য ১ পিপিএম থেকে ২ দশমিক ৫ পিপিএম পর্যন্ত সীসার উপস্থিতি গ্রহণযোগ্য বলে বিবেচনা করা হয়।

এছাড়া স্বাদবর্ধক মনোসোডিয়াম গ্লুটামেটের (এমএসজি) মাত্রাও বেশি ছিল বলে এফডিএ কর্মকর্তারা জানান।

এফডিএর পক্ষ থেকে নেসলে ইন্ডিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

এরপর দিল্লি, উত্তরখান্ড, গুজরাট, তামিল নাড়ু এবং জম্মু ও কাশ্মিরেও ক্ষতিকর মাত্রায় সীসা পাওয়ার কথা জানিয়ে ম্যাগি বিক্রির ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এর প্ররিপ্রেক্ষিতে বাজার থেকে ম্যাগি নুডলস সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় নেসলে ইন্ডিয়া।

বিতর্কের ‘সুরাহা হওয়ার পর’ শিগগিরই ম্যাগি আবার ‘বাজারে ফিরবে’ বলেও এক বিবৃতিতে জানায় কোম্পানিটি।

ভারতে নেসলের ব্যবসা শুরু হয়েছিল একশ বছরেরও বেশি সময় আগে, ১৯১২ সালে। নেসলে অ্যাংলো সুইস কনডেনসড মিল্ক ছিল ভারতে তাদের প্রথম উদ্যোগ।

ইন্সট্যান্ট নুডলস ভারতের বাজারে প্রথম আসে ১৯৮৩ সালে। আর এখন পাড়া মহল্লায় যে কোনো দোকানেই পাওয়া যায় এ পণ্যটি।

পুরনো খবর:

ভারতে ম্যাগি বিক্রি বন্ধ