২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাম মন্দির নির্মাণ না করলে মোদীকে যেতে হবে: ভিএইচপি

বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) প্রধান ইস্যুগুলোর পক্ষে প্রচারণা চালিয়ে নরেন্দ্র মোদীর সরকার ব্যাপক জনসমর্থন পায়নি, বিজেপি নেতা অমিত শাহ এমন কথা বললেও তা নাকচ করেছে সংঘ পরিবারভুক্ত ভিএইচপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2015, 03:35 PM

Updated : 26 Jul 2022, 12:00 PM

যে বিশাল জনসমর্থন নিয়ে মোদী সরকার ক্ষমতায় এসেছে তা শুধু উন্নয়নের প্রচারণা চালিয়ে হয়নি, এর সঙ্গে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের প্রচারণাসহ ভিএইচপি-র মূল ইস্যুগুলোও অন্তর্ভুক্ত ছিল বলে দাবি করেছে সংগঠনটি।   
 
শনিবার বার্তা সংস্থা আইএএনএসের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ভিএইচপির মুখপাত্র ও সম্পাদক সুরেন্দ্র জৈন। 
 
ভিএইচপির মূল ইস্যুগুলো বাস্তবায়ন না করলে পূর্ববর্তী বাজপেয়ীর সরকারের (এনডিএ সরকার) মতো মোদী সরকারকেও এর ‘ফলাফলের মুখোমুখি হওয়ার’ জন্য প্রস্তুত থাকতে বলেছেন তিনি। 
তিনি বলেছেন, “গত সাধারণ নির্বাচনে বিজেপি যে জনসমর্থন পেয়েছে তা শুধু উন্নয়নের জন্য নয়। জনগণ আশা করে তারা মূল ইস্যুগুলোও বাস্তবায়ন করবে।” 
 
“জ্যেষ্ঠ বিজেপি নেতাদের বেশ কিছু মন্তব্য সত্বেও আমাদের আশা এখনও আছে। আমরা আশা করছি অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করে এই সরকার তার প্রতিশ্রুতি পূরণ করবে।” 
 
গত মাসে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি শাহ বলেছেন, ওই ‘মূল ইস্যুগুলি’ বাস্তবায়নের জন্য লোকসভায় বিজেপির ৩৭০টি আসন দরকার হবে। 
 
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, উন্নয়নে জোর দেয়ায় আপাতত সরকারের সর্বাধিক বিবেচ্য বিষয়গুলোর মধ্যে ‘মূল ইস্যুগুলো’ নেই।  
 
রাম মন্দির তৈরি করার বিষয়টি বিজেপির নির্বাচনী মেনিফেস্টোতে ছিল বলে দাবি করে জৈন প্রশ্ন করেছেন, “এই ইস্যুটিকে তারা পাশ কাটিয়ে যাবে কীভাবে?” 
 
জৈন বলেছেন, পূর্ববর্তী বাজপেয়ীর এনডিএ সরকারও এই ইস্যুগুলো বাস্তবায়ন করেনি, তাই ভোটাররা তাদের ‘দরজা’ দেখিয়ে দিয়েছে। 
 
“অতীতের ভুল থেকে বিজেপি নেতাদের শিক্ষা নেওয়া উচিত,” বলেছেন তিনি। 
 
‘পবিত্র’ কিছু মানুষ ও আধ্যাত্মিক নেতাদের একটি কমিটি শিগগিরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে রাম মন্দির নির্মাণের জন্য আহ্বান জানাবে বলে জানিয়েছেন তিনি।  
 
সম্প্রতি বিজেপির অপর মিত্র শিব সেনাও বলেছে, অযোধ্যার রাম মন্দিরের বিষয়ে প্রধানমন্ত্রীর উচিত তার ‘মান কি বাত’ খুলে বলা।