২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোদী-মমতার সমালোচনায় রাহুল

একসঙ্গে বাংলাদেশ সফরে আসা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সদ্ভাবের কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2015, 09:24 PM

Updated : 25 Apr 2022, 01:27 PM

শনিবার পশ্চিমবঙ্গ সফর করেন রাহুল। এ সময় লম্বা-চওড়া প্রতিশ্রুতি দেয়ার অভিযোগ তুলে মোদী ও মমতার সমালোচনা করেন এই কংগ্রেস নেতা।

শনিবার দুই দিনের সফরে ঢাকায় গিয়েছেন মোদী। আগের দিনই সেখানে পৌঁছান মমতা।

২০১১ সালে কংগ্রেস ভারতের ক্ষমতায় থাকার সময় তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং তার বাংলাদেশ সফরের সময় মমতাকে সফর সঙ্গী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। প্রথমে রাজি হলেও শেষ মুহূর্তে নিজের নাম প্রত্যাহার করে নেন তৃণমূল কংগ্রেসের এই নেত্রী।

“যখন মনমোহন সিং ঢাকা যান তখন মমতাকে তার সঙ্গে যাওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল। মমতা জি বলেছিলেন ‘না’। তিনি ‘একলা চল রে’ রীতি মেনে চলার দাবি করেছিলেন। কিন্তু এখন মোদীর সঙ্গে তিনি ‘একলা চল রে’ গান গাইছেন না।”

“কেন মোদী ও মমতার মধ্যে এই বন্ধুত্ব, এই বন্ধুত্বের কারণ কী, আপনারা সবাই এর কারণ জানেন।”

মোদী ও মমতা লম্বা-চওড়া প্রতিশ্রুতি দিয়ে অভ্যস্ত, ওই প্রতিশ্রুতি পূরণের কোনো ইচ্ছা তাদের নেই, বলেন রাহুল।

“মোদী ও মমতা উভয়ই শুধু প্রতিশ্রুতি দেন। মমতা বলেছিলেন, বাংলায় শিল্প গড়ে তোলা হবে। আমার প্রশ্ন, এখন পর্যন্ত কোন শিল্পের কাজ কি এখানে শুরু হয়েছে? তিনি বলেছিলেন, যুবকদের কর্মসংস্থান হবে। কিন্তু এখনও বাংলাতে এক কোটির বেশি যুবক বেকার।”

তৃণমূলের সহিংসতার বিরুদ্ধে দলের কর্মীদের রুখে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন রাহুল।

সেইসঙ্গে বলেন, “যদি কংগ্রেস রাজ্যের ক্ষমতায় আসে তবেই কেবলমাত্র বাংলা সামনে এগিয়ে যাবে।”