গরুর রচনাও লিখতে পারলেন না ‘শিক্ষক’
গরুর রচনা লিখতে না পারায় ও চতুর্থ শ্রেণীর গণিতের একটি সমস্যা সমাধান করতে না পারায় ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে রাজ্যটির উচ্চ আদালত।
বিচারক তার পর্যবেক্ষণে শিক্ষাক্ষেত্রে স্কুল নামক এসব ‘খাবারের দোকান’ বন্ধ করার জন্যও কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলে শনিবার এনডিটিভি জানিয়েছে।
দক্ষিণ কাশ্মিরের একটি স্কুলে রেহবার-ই-তালিম বা শিক্ষা তত্ত্বাবধায়ক হিসেবে মোহাম্মদ ইমরান খানের নিয়োগ নিয়ে করা একটি শুনানির সময় শুক্রবার এসব নির্দেশনা দেন বিচারক মুজাফ্ফর আত্তার।
পিটিশনে দায়ের করা অভিযোগে বলা হয়, দিল্লি উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও নাগাল্যান্ডের গ্লোবাল ওপেন ইউনিভার্সিটি থেকে ইস্যু করা ইমরানের সার্টিফিকেটগুলো ভুয়া। দিল্লি শিক্ষা বোর্ড থেকে ইস্যু করা ইমরানের মার্কশিটে তিনি উর্দুতে ৭৪ শতাংশ, ইংরেজিতে ৭৩ শতাংশ ও গণিতে ৬৬ শতাংশ নম্বর পেয়েছেন বলে লেখা রয়েছে।
আদালত এক জ্যেষ্ঠ আইনজীবীকে শিক্ষক ইমরানকে অনুবাদ করার জন্য একটি সহজ বাক্য দিতে বলে বাক্যটি ইংরেজি থেকে উর্দুতে এবং উর্দু থেকে ইংরেজিতে অনুবাদ করার নির্দেশ দেন। কিন্তু ইমরান তা করতে ব্যর্থ হন।
তখন এই শিক্ষককে উর্দুতে ‘গরু’ বিষয়ে একটি রচনা লিখতে বলা হয়, তাতেও ব্যর্থ হন তিনি। শিক্ষক ইমরান আদালতের বাইরে গিয়ে রচনাটি লিখার অনুমতি চান, অনুমতি দেয়া হলে বাইরে গিয়েও তিনি লিখতে ব্যর্থ হন।
এ সময় গণিতে তার ভাল দখল আছে বলে দাবি করেন ইমরান। এতে গ্রেড ফোরের গণিতের একটি সমস্যা সমাধান করতে বলা হয় তাকে।
এতেও ইমরান ব্যর্থ হলে ক্ষুব্ধ বিচারক বলেন, “এ ধরনের পরিস্থিতির ফলে এই রাজ্যের ভবিষ্যৎ কী হবে তা বোঝাই যাচ্ছে, স্কুলগামী শিশুরা নির্বোধ হয়ে বের হবে।”
“যাই ঘটুক, জম্মু ও কাশ্মির রাজ্যের শিক্ষার ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেন দূষিত হয়ে না পড়ে তা নিশ্চিত করার দায়িত্ব যথাযথ কর্তৃপক্ষের। এই মামলায় যেসব বিষয় প্রকাশ পেয়েছে, তা থেকে বোঝা যাচ্ছে ওই কর্তৃপক্ষ চোখের দ্যুতি ছাড়া প্রাণহীনের মতো কাজ করছেন। হিমালয়বাসীর একাডেমিক ডিগ্রি কেনার বিষয়টি তাদের চোখ এড়িয়ে গেছে যা চোখে না পড়াটা অপরাধ।”
