কাবুলে হামলার লক্ষ্য ভারতীয় দূত?
আফগানিস্তানের রাজধানী কাবুলে বিদেশিদের জনপ্রিয় একটি অতিথিশালায় জঙ্গি হামলা ভারতীয় রাষ্ট্রদূত অমর সিনহাকে লক্ষ্য করে চালানো হয়েছে বলে শীর্ষ এক আফগান কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে দেশটির একটি বার্তা সংস্থা।
বুধবার রাতে চালানো এ হামলায় ১৪ জন নিহত হয় বলে জানিয়েছে বিবিসি। নিহতদের মধ্যে আফগান ছাড়াও রয়েছেন দ্বৈত নাগরিকত্বের একজন ব্রিটিশ, ৪ ভারতীয়, দুই পাকিস্তানি, যুক্তরাষ্ট্রের একজন, ইতালির একজন এবং কাজাখস্তানের একজন নাগরিক।
হামলার দায় স্বীকার করেছে তালেবান জঙ্গিরা। ইমেইলে দেয়া একটি বিবৃতিতে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, যুক্তরাষ্ট্র ও এর দোসরদের আফগান সরকারের প্রেসিডেন্ট আশরাফ গানিকে সহায়তা করার জবাবেই বিদেশিদেরকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
দখলদার বাহিনী যে কোথাও কারো ছত্রছায়াতেই নিরাপদ না তা এ হামলার মধ্য দিয়ে বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানান জাবিহুল্লাহ।
ওদিকে, আফগান ক্ষমা প্রেস প্রেসিডেন্ট আশরাফ গানির বিশেষ দূত আহমদ জিয়া মাসুদের উদ্ধৃতি দিয়ে বলেছে, ভারতীয় রাষ্ট্রদূত অমর সিনহা অতিথিশালায় ছিলেন মনে করে জঙ্গিরা সেখানে হামলা চালায়।
হামলার পর বুধবার রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদেরকে একথা বলেন মাসুদ। এ হামলাকে তিনি রাজনৈতিক হামলা বলে অভিহিত করেন। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত আর কিছু বলেননি।
এর আগে এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছিলেন ওই অতিথিশালায় একটি কনসার্ট আয়োজন করা হয়েছে। এতে আফগানরাসহ তুর্কি এবং ভারতীয় অতিথিদের যোগ দেয়ার কথা রয়েছে।
হামলার পর ভারতীয় দূত সিনহা ট্যুইট করে ভারতীয় নাগরিক নিহত হওয়ার খবরও জানান।
স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে শহরের কোলোলা পুশ্তা এলাকার পার্ক প্যালেস গেস্টহাউসে হামলা শুরু হয়। সঙ্গে সঙ্গেই আশপাশের এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। প্রায় পাঁচ ঘণ্টা পর হামলা থামানো সম্ভব হয়।
কনসার্টের দর্শক ও খাবারের জন্য আসা লোকজন মিলিয়ে অন্ততপক্ষে ৪৪ জন হামলার সময় গেস্ট হাউসটিতে আটকা পড়েছিলেন। এদের সবাইকে পুলিশ ও বিশেষ বাহিনী উদ্ধার করেছে।
কাবুলের কোলোলা পুশ্তা এলাকায় বেশ কয়েকটি আন্তর্জাতিক মানের গেস্ট হাউস ও আবাসিক হোটেল আছে। এলাকাটির কাছেই আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর ও ভারতীয় দূতাবাসের অবস্থান।
