২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের চীন সীমান্তে বোমায় দুই পুলিশ নিহত

উত্তরপূর্ব মিয়ানমারের চীন সীমান্তের কাছের গোলযোগপূর্ণ এলাকায় এক বোমা বিস্ফোরণে পুলিশের মাদক-বিরোধী টাস্ক ফোর্সের দুই সদস্য নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Apr 2015, 12:38 PM

Updated : 26 Jul 2022, 11:58 AM

শনিবার রাতের এই বোমা বিস্ফোরণে পুলিশের আরো তিন সদস্য আহত হয়েছেন বলে সোমবার জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। 
 
চীন সীমান্তের বর্ধিষ্ণু বাণিজ্য শহর মুসের কাছে একটি গ্রামে বোমাটি বিস্ফোরিত হয়। বোমা বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 
 
মুসে শহরটি মিয়ানমারের চীন সীমান্তের স্বায়ত্তশাসিত অঞ্চল কোকঙ্গ থেকে বেশি দূরে নয়। কোকঙ্গ’এ সরকারি বাহিনীর সঙ্গে স্থানীয় নৃগোষ্ঠির বিদ্রোহীদের তীব্র লড়াই চলছে। এ লড়াইয়ে গত কয়েক মাসে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। 
 
নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মুসের কাছে একটি গ্রামে পুলিশের তল্লাশিকালে বোমাটি বিস্ফোরিত হয়। এতে পুলিশের দুই পরিদর্শক নিহত হন। 
 
“আমরা এখনও ঘটনাটির তদন্ত করছি। কারা এ বিস্ফোরণ ঘটিয়ে, কেন ঘটিয়েছে, তা এখনও পরিষ্কার নয়,” বলেছেন তিনি। 
 
স্বায়ত্তশাসনের জন্য প্রায় ২০টি নৃগোষ্ঠির সশস্ত্র বিদ্রোহী যোদ্ধারা মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই করছে। তাই দেশটিতে বোমা হামলা কোনো নতুন ঘটনা নয়। 
 
এই অঞ্চলের শান রাজ্যে মাদক-সংক্রান্ত লড়াই ও এ ধরনের হামলা খুব পরিচিত ঘটনা, কারণ প্রদেশটি চীন, লাওস ও থাইল্যান্ড সীমান্তের কুখ্যাত গোল্ডেন ট্রায়াঙ্গলের অংশ। বিশ্বের অবৈধ মাদক উৎপাদনের অন্যতম বড় এলাকা এই গোল্ডেন ট্রায়াঙ্গল।