২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভারত ও শ্রীলঙ্কা ভাল প্রতিবেশী হবে’

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে প্রায় তিন দশক পর শ্রীলঙ্কা সফরে গিয়ে দুদেশের মধ্যে ‘উত্তম প্রতিবেশীসুলভ’ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2015, 10:48 PM

Updated : 26 Jul 2022, 11:57 AM

একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোকে অর্থনৈতিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

আশির দশকে রাজিব গান্ধীর নেতৃত্বে কংগ্রেস সরকারের আমলে শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ অবসানের উদ্যোগ নিয়ে ভারত ব্যর্থ হওয়ার পর থেকে দুদেশের সম্পর্কে চির ধরে।

বিশেষজ্ঞদের ধারণা, শ্রীলঙ্কার ওপর বর্তমানে চীনের ক্রমবর্ধমান প্রভাব খর্ব করে ভারতীয় প্রভাব পুনঃপ্রতিষ্ঠা করতেই কলম্বো সফরে গেছেন মোদী।

গত কয়েক বছর ধরে শ্রীলঙ্কাকে স্বল্পসুদে ঋণ দেওয়ার আগ্রহ দেখিয়ে আসছে চীন। সেই সঙ্গে দীর্ঘদিনের গৃহযুদ্ধে ভেঙ্গে পড়া যোগাযোগ অবকাঠামোর উন্নয়নেও সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেছে।

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে চীনের সঙ্গে খোলাখুলি ঘনিষ্ট সম্পর্ক বজায় রেখেছিলেন।

জানুয়ারিতে নির্বাচনে রাজাপাকসেকে ভোটে হারিয়ে ক্ষমতায় আসেন মাইথ্রিপালা সিরিসেনা।

ক্ষমতা গ্রহণের পর দুর্নীতির অভিযোগে চীনের সঙ্গে সব ধরণের বড় বড় চুক্তিগুলো পুনরায় পর্যালোচনা করার ঘোষণা দেন সিরিসেনা।

গত মাসে ভারত সফরে যান সিরিসেনা। ক্ষমতা গ্রহণের পর যেটা ছিল তার প্রথম বিদেশ সফর। যা ভারতের সঙ্গে শ্রীলঙ্কার সম্পর্ক ঠিকঠাক করার ইঙ্গিত দিয়েছে।

শ্রীলঙ্কার সংসদে এক ভাষণে মোদী বলেন, “ভারতের জন্য যে ভবিষ্যতের স্বপ্ন আমি দেখেছি, আমি চাই আমাদের প্রতিবেশী দেশগুলোরও তেমন ভবিষ্যৎ হোক।”

“বিশ্ব ভারতকে অর্থনৈতিক সুযোগের নতুন সীমান্ত হিসেবে বিবেচনা করছে। কিন্তু আমাদের ওপর আমাদের প্রতিবেশী দেশগুলোর দাবি অগ্রাধিকার পাবে।” 

যুদ্ধ পরবর্তী অবকাঠামোগত উন্নয়ন কাজ আরও দ্রুতগতিতে করার জন্য শ্রীলঙ্কা সরকারের প্রতি আহ্বান জানান মোদী।

শ্রীলঙ্কায় তামিলরাও সাম্য, ন্যায় বিচার, শান্তি ও সম্মানের সঙ্গে বসবাস করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শনিবার তামিল অধ্যুষিত জাফনা শহরে যান মোদী।

এই প্রথম ভারতের কোন প্রধানমন্ত্রী যুদ্ধ বিক্ষুব্ধ এই শহরে পা রাখলেন। সেখানে তিনি যুদ্ধের কারণে গৃহহারা স্থানীয় বেশ কয়েকটি তামিল পরিবারের কাছে বাড়ি হস্তান্তর করেন। ভারতের সহযোগিতায় ওই বাড়িগুলো নির্মাণ করা হয়।

জাফনায় একটি সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তরও স্থাপন করে তিনি।

২০১৩ সালের নভেম্বরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন জাফনা সফর করেছিলেন। মোদী দ্বিতীয় কোন বিদেশি প্রধানমন্ত্রী যিনি সেখানে গেলেন।