হরিয়ানায় গরুর মাংস বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা
ভারতের হরিয়ানা রাজ্যে যে কোন ধরনেরগরুর মাংস বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ হচ্ছে।
এছাড়া, গোহত্যাকারীর শাস্তির বিধান রেখে নতুন একটি আইন প্রস্তাব করা হয়েছে।
শনিবার রাজ্যের কৃষি এবং পশুপালন মন্ত্রী ও.পি. ধনকার বলেন, “টিনের কৌটায় প্রক্রিয়াজাত গরুর মাংসও এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত, কংগ্রেস সরকারের আমলে যা বৈধ ছিল।”
বিজেপি নেতা মনোহর লাল খাত্তার হরিয়ানার মুখ্যমন্ত্রী এবং হরিয়ানার বিধানসভা বিজেপি নিয়ন্ত্রিত। ফলে গরুর মাংস সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার প্রস্তাব শিগগিরই আইনে পরিণত হচ্ছে।
“নতুন আইনে গোহত্যাকারীর ১০ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া, যে যানে গরুর মাংস বহন করা হবে তার চালকের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ওই যান ক্রোক করা হবে”, বলেন ধনকার।
তবে গোহত্যাকারীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩০২ (হত্যা) ধারা অনুযায়ী অভিযোগ আনা হবে না বলেও তিনি জানান।
এ ব্যাপারে ধনকার বলেন, “কয়েকটি টেলিভিশন চ্যানেলে খবর প্রকাশ পায়, নতুন আইন অনুযায়ী একজন গোহত্যাকারীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩০২ ধারা মোতাবেক আভিযোগ দায়ের হবে। এটা সঠিক নয়। নতুন আইনে এমন কোন বিধান থাকবে না। গরু রক্ষা ও গরু পালনে উৎসাহ দেয়াই এই আইনের একমাত্র লক্ষ্য।”
ভারতের আরও বেশ কয়েকটি রাজ্যে গরুর মাংস বিক্রি নিষিদ্ধ।
