২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষককে বিয়ে

ভারতের উড়িষ্যায় এক তরুণী তার ধর্ষণকারীকে বিয়ে করেছে। তরুণীর পরিবারের দাবি, এছাড়া তার ‘অন্য কোন উপায় ছিল না’।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 09:47 PM

Updated : 25 Apr 2022, 01:01 PM

তরুণীর বাবা বিবিসি’কে বলেন, “তার পুরো জীবন ধ্বংস হয়ে যেত এবং আমরা এ অপমান থেকে চিরদিনের জন্য মুক্তি পেতে চেয়েছিলাম।”

মেয়েকে বিয়ে দেয়ার বদলে ওই তরুণীর বাবাকে ধর্ষণকারীর বিরুদ্ধে করা মামলাও তুলে নিতে হয়েছে। জামিনে মুক্তি পাওয়া ওই ব্যক্তি বর্তমানে কারাগারের বাইরে রয়েছে।

ওই তরুণী এর আগে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছিল, সে নিজের ইচ্ছায় এ বিয়ে করছে।

“আমি নিজে তাকে (ধর্ষণকারীকে) বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বাবা-মা’রাও সম্মতি দিয়েছেন। আমি আশা করছি আমাদের জীবন সরল পথে চলবে।”

ধর্ষণ এবং যৌন অপরাধ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ভারতের সমাজ ব্যবস্থায় এখনো অনেক বাধা-নিষেধ রয়েছে। সাধারণত এ সংক্রান্ত বিষয়ে খোলাখুলি আলাপ কেউ করতে চায় না।

বেশির ভাগ সময় ধর্ষণের শিকার নারীদেরই এজন্য দায়ী করা হয় এবং অনেক ক্ষেত্রে জোর করে ধর্ষণকারীর সঙ্গে তাদের বিয়ে দেয়া হয়।

উড়িষ্যার রাধজানী ভুবনেশ্বরের ঝারপাডা কারাগারে ২৮ জানুয়ারি ওই বিয়ে হয়। গত বছর ধর্ষণের পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার পর থেকে সে ওই কারাগারেই ছিল।

উভয়পক্ষ বিয়ের অনুমতি দেয়ার জন্য আদালতের কাছে আবেদন করলে বিচারক কারা কর্তৃপক্ষকে বিয়ের আয়োজন করার নির্দেশ দেন।

বিয়ের পর ওই ব্যক্তিকে জামিনে মুক্তি দেয়া হয় এবং এখন সে তরুণীর পরিবারের সঙ্গে বসবাস করছে।