পাকিস্তানে শীর্ষ কূটনীতিক পাঠাচ্ছে ভারত
আঞ্চলিক সফরের অংশ হিসেবে শিগগিরই পাকিস্তান সফরে যাবেন ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর।
গত বছর কাশ্মীর নিয়ে সঙ্কট নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নের আলোচনা বন্ধ হয়ে যায়। তারপর এই প্রথম এত শীর্ষ পর্যায়ের একজন প্রতিনিধিকে পাকিস্তানে পাঠাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গত মাসে ভারত সফর করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এরপর মোদীর এ সিদ্ধান্তে বৈরী দুই প্রতিবেশী দেশের সম্পর্কের বরফ গলার আভাস পাওয়া গেল।
যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই আলোচনার জন্য ভারত ও পাকিস্তানকে উৎসাহ দিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র চায় পরমাণু শক্তিধর দুই দেশ পরষ্পরের সহযোগী হয়ে উঠুক এবং আফগানিস্তানের মতো সীমান্তবর্তী অন্যান্য দেশে শান্তি ফিরিয়ে আনতে এক সঙ্গে কাজ করুক।
শনিবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। বিশ্বকাপে পাকিস্তানের সাফল্য কামনা করতে শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ফোন করেন মোদী। ওই ফোনালাপে মোদী পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে শিগগিরই পাকিস্তান সফরে যাওয়ার কথা বলেন।
শরীফ মোদীর প্রস্তাবকে স্বাগত জানান এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনায় আগ্রহ দেখান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
গত বছর ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে ওই আলোচনা বাতিল করে দেয়া হয়। ভারতের অভিযোগ, নয়া দিল্লিতে পাকিস্তানের প্রতিনিধি কাশ্মিরের বিদ্রোহী দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেছে।
পাকিস্তান সরকার ভারতের আলোচনা বাতিল ঘোষণার সিদ্ধান্তের কড়া সমালোচনা করে।
ওদিকে, মোদি নিজের টু্রইটার অ্যাকাউন্টে জানান, বিশ্বকাপ ক্রিকেটে শুভকামনা জানাতে তিনি পাকিস্তান ছাড়াও আফগানিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার নেতাদের কাছে ফোন করেছেন।
