আগরতলায় চট্টগ্রামের আলোকচিত্রীদের ছবি প্রদর্শনী
চট্টগ্রামের ফটো সাংবাদিকদের ছবি নিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বৃহস্পতিবার থেকে তিন দিনের আলোকচিত্র প্রদশর্নী শুরু হচ্ছে।
ভারতের ইন্ধিরা গান্ধী কালচারাল সেন্টারের সহযোগিতায় আগরতলা আর্ট গ্যালারিতে ‘মাই সয়েল, মাই সোল’ শিরোনামে এই প্রদর্শনী হবে বলে জানান চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রদর্শনী বিষয়ক সম্পাদক অনূরূপ কান্তি দাশ টিটু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বৃহস্পতিবার প্রদর্শনীর উদ্বোধন করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। প্রধান অতিথি হিসেবে উপন্থিত থাকবেন ত্রিপুরা রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী ভানু লাল সাহা।
অনুরূপ টিটু আরও জানান, চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনযাপন নিয়ে চট্টগ্রামের ২২ জন ফটো সাংবাদিকের ৪৪টি ছবি প্রদর্শনীতে স্থান পাবে।
আগরতলার পর কোলকাতা, কাঠমান্ডু ও ঢাকায় পর্যায়ক্রমে এই প্রদশর্নী অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
আগরতলার প্রদশর্নীতে দর্শকদের জন্য বিনামূল্যে চার রঙা ফোল্ডার ও বিক্রির জন্য স্যুভেনিরও থাকবে।
চট্টগ্রামের ফটো সাংবাদিকদের তোলা ছবি নিয়ে গত বছরের ২৭-২৯ নভেম্বর চট্টগ্রাম শিল্পকলা একাডেমির গ্যালারিতে প্রদর্শনী হয়।
