নারীদের বিরুদ্ধে অপরাধ তদন্তে ভারতে বিশেষ বাহিনী
নারীদের বিরুদ্ধে সংগঠিত অপরাধ নিয়ে তদন্ত এবং দ্রুত সুবিচারের ব্যবস্থা করার জন্য ভারত জুড়ে ১৫০ টি বিশেষ পুলিশ বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভারত সরকারের পক্ষ থেকে সোমবার এক বিবৃতিতে একথা জানানো হয়।
‘ইনভেস্টিগেটিভ ইউনিটস অন ক্রাইমস এগেইনস্ট উইম্যান’ (আইইউসিএডব্লিউ) নামের এই বিশেষ বাহিনীকে ভারতের ২৯টি রাজ্যে মোতায়েন করা হবে।
সঠিক তদন্তের ভিত্তিতে অপরাধ কর্মকাণ্ডের শিকার নারীদের দ্রুত সুবিচার পাওয়ার প্রক্রিয়া আরো শক্তিশালী করাই এর উদ্দেশ্য।
বিবৃতিতে বলা হয়, “আইইউসিএডব্লিউ সদস্যদের কাজ হবে, তাদের কাছে পাঠানো মামলাগুলো নিয়ে তদন্ত করা। সেইসঙ্গে নারীদের বিরুদ্ধে সংগঠিত ধর্ষণ, যৌতুকের দাবিতে হত্যা, এসিড নিক্ষেপ ও মানব পাচারের মত জঘন্য অপরাধের ক্ষেত্রে তদন্তের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা হয়েছে সেটা নিয়েও তারা প্রশ্ন তুলতে পারবে।”
প্রস্তাবটি বিচার বিবেচনা করার জন্য ভারতের সবগুলো রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে চিঠি লিখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
দেশ জুড়ে আইইউসিএডব্লিউ এর ১৫০টি ইউনিটে মোট ২২৫০ জন কর্মকর্তা নিয়োগ দেয়া হবে। এ প্রকল্পের জন্য সরকারকে বছরে ৮৪ কোটি রুপি খরচ করতে হবে।
অপরাধের শিকার নারীদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং তাদের সাহসী হতে উৎসাহ দেয়ার জন্য বিশেষ এই বাহিনীর এক-তৃতীয়াংশ কর্মকর্তা হবেন নারী।
এছাড়া, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে রাজ্য সরকারকে দ্রুত বিচার আদালত স্থাপনের আহ্বান জানানো হয়েছে বলেও ওই বিবৃতিতে জানানো হয়।
জাতীয় অপরাধ পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী, ভারতে নারীদের ওপর সহিংসতার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ২০১৩ সালের তুলনায় ২০১৪ সালে নারীদের বিরুদ্ধে অপরাধ প্রায় ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
