এয়ার ইন্ডিয়ার বিমান ছিনতাইয়ের শঙ্কা, নিরাপত্তা জোরদার
আফগানিস্তানগামী এয়ার ইন্ডিয়ার বিমানগুলো জঙ্গিদের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে, গোয়েন্দাদের এমন সতর্কবার্তার পর ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
দিল্লির আইজিআই বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তা কাজে নিয়োজিত ‘সেন্ট্রাল ইনডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স’ (সিআইএসএফ) কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে বিমানবন্দরের ভেতরে অবস্থান করা প্রতিটি ব্যক্তির ওপর কড়া নজর রাখার নির্দেশ দেয়া হয়েছে।
শনিবার সন্ধ্যায় এয়ার ইন্ডিয়ার কলকাতা কার্যালয়ে বিমান ছিনতাইয়ের হুমকি ফোন আসে। এ হুমকির পরপরই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বিমান অপহরণের বিষয়ে দেশজুড়ে সতর্কবার্তা জারি করে।
সিআইএসএফ’র মুখপাত্র হেমেন্দ্র সিংহ আইএএনএসকে বলেন, “গত দুই মাস ধরেই আমরা বিমানবন্দরের ভেতরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। বিশেষ করে যেসব বিমান আফগানিস্তানে যাচ্ছে সেগুলোকে সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।”
বিমানবন্দরটির বাইরের নিরাপত্তার কাজে নিয়োজিত দিল্লি পুলিশকেও রোববার সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেয়া হয়েছে।
বিমানবন্দরের নিরাপত্তার কাজে নিয়োজিত পুলিশের ডেপুটি কমিশনার এম.আই. হায়দার আইএএনএসকে বলেন, “টহলরত পুলিশের সংখ্যা বাড়িয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।”
