২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই হামলার ‘হোতা’ লাকভি আবার গ্রেপ্তার

পাকিস্তানের হাই কোর্ট জামিন দেওয়ার পরদিনই সন্ত্রাস দমন আইনের একটি মামলায় আবার গ্রেপ্তার হয়েছেন মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার হোতা হিসেবে অভিযুক্ত জাকি-উর-রহমান লাকভি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2014, 10:42 PM

Updated : 25 Apr 2022, 05:10 PM

আট বছর আগে মুম্বাইতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় ছয় বছর ধরে রাওয়ালপিন্ডির আদাইলা কারাগারে থাকা লাকভিকে গত ১৮ ডিসেম্বর ইসলামাবাদ হাই কোর্ট জামিনের আদেশ দেয়।

কিন্তু জনশৃঙ্খলা রক্ষা আইনে সরকারি আদেশে তাকে কারাগারে আটক রাখা হয়। ওই আদেশের বিরুদ্ধে লাখভির আইনজীবীরা আদালতে যান।

সোমবার ইসলামাবাদ হাইকোর্ট সরকারের নির্দেশ বাতিল করে লাকভির জামিনের পক্ষে রায় দেন।

এনডিটিভির খবরে বলা হয়, লাকভিকে জামিন দিতে পাকিস্তানের আদালতের এই আদেশে ক্ষুব্ধ হয়ে সোমবারই পাকিস্তানের হাই কমিশনার আব্দুল বাসিতকে ডেকে পাঠায় ভারতের কর্মকর্তারা।

এর পর মঙ্গলবার সন্ত্রাস দমন আইনের অধীনে অপহরণের নতুন একটি মামলা নথিভুক্ত করে লাকভিকে আবার গ্রেপ্তার দেখায় পাকিস্তান পুলিশ।

২০০৮ সালে ভারতের মুম্বাইতে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৬৫ জন নিহত হয়। পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়্যবা ওই হামলা চালায়।

ওই জঙ্গি সংগঠনটির প্রধান এবং হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে লাকভিকে আটক করা হয়।

এ হামলার সঙ্গে জড়িত সন্দেহে আটক আরও সাত জন কারাগারে রয়েছেন। এছাড়া সন্দেহভাজন আরো নয় জন এখনও পলাতক রয়েছে।

মুম্বাই হামলায় অংশ নেওয়া অস্ত্রধারী জঙ্গিদের মধ্যে শুধু মোহাম্মদ আজমল আমির কাসাবকে আটক করা হয়। ২০১২ সালে ভারত কাসাবের মৃত্যুদণ্ড কার্যকর করে।

কাসাবের জবানবন্দির সূত্র ধরে লাকভিসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ আনার পর হয়।

মঙ্গলবার কড়া নিরাপত্তায় লাকভিকে আদালতে হাজির করার পর তাকে পুলিশের হেফাজতে দেওয়া হয়।

বিশেষজ্ঞদের ধারণা, পেশাওয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে তালেবান জঙ্গিদের ভয়াবহ হত্যাকাণ্ডের পর জঙ্গিবাদ নির্মূলে পাকিস্তান সরকারের প্রতিশ্রুতির অংশ হিসেবেই লাকভিকে আবার গ্রেপ্তার করা হলো।