২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃণমূল কর্মীদের হাত কেটে নেয়ার হুমকি বিজেপি নেতার

বীরভূমের ভারতীয় জনতা দলের (বিজেপি) জেলা সভাপতি দুধকুমার মণ্ডল তৃণমূল কংগ্রেস কর্মীদের হাত কেটে নেয়ার হুমকি দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2014, 09:00 PM

Updated : 22 Aug 2022, 08:10 PM

বৃহস্পতিবার রামপুরহাটে আয়োজিত ‘সুশাসন দিবস’-এর সমাবেশে দুধকুমার প্রকাশ্যে মমতা ব্যানার্জির দলের কর্মীদেরকে এ হুমকি দেন বলে জানিয়েছে ‘দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস’।

বক্তব্যে দুধকুমার বলেন, “তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি’তে আসার জন্য কর্মীদের ওপর গুন্ডামি চললে তৃণমূল কর্মীদের হাত কেটে নেয়া হবে”।

তিনি আরো বলেন, “বিজেপি ‘র হয়ে মিটিং মিছিলে নামা পাড়ার ছেলেদেরকে তৃণমূল গুন্ডারা বাড়ি বাড়ি গিয়ে শাসাচ্ছে, ভয় দেখাচ্ছে। তৃণমূলের এই সন্ত্রাসবাদী গুন্ডাদের বলব, হাতটা গুটিয়ে নাও। হাতটা নামিয়ে নাও। আমরা সন্ত্রাস চাই না। বিজেপি কর্মীরা সন্ত্রাসের শিকার হলে, আক্রান্ত হলে কিন্তু ওই হাত ভারতীয় জনতা পার্টির ছেলেরা ঘর থেকে বের করে নিয়ে এসে কেটে নেবে”।

দলে দুধকুমারকে নিয়ে বিতর্ক ছিলই। এবার তার এ হুমকির পর বিজেপি’তে বিতর্ক আরো জোরাল হয়েছে। দলের রাজ্য সভাপতি জানিয়ে দিয়েছেন, দুধকুমারের এমন মন্তব্য বিজেপি অনুমোদন করে না।

ওদিকে, দুধকুমারের হুমকির জবাবে জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেছেন, তৃণমূলের হাত কাটা যাবে না। কারণ তৃণমূলের হাত লোহার।

এর আগেও একবার তৃণমূল বাড়ি পোড়ালে পাল্টা গোটা পাড়া জ্বালিয়ে দেয়ার কথা বলে বিতর্ক সৃষ্টি করেছিলেন দুধকুমার। আর এখন তার আরেক উস্কানিমূলক বক্তব্যে দলের ক্ষতি আরো বাড়বে বলেই মনে করছেন বিজেপি’র একাংশ।