২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বেচ্ছায় স্বামীর চিতায় ঝাঁপ!

ভারতের বিহারে সহরসা এলাকার পরিমিনিয়া গ্রামে মৃত স্বামীর চিতায় ঝাঁপ দিয়ে পুড়ে মারা গেছেন ৬৫ বছরের এক নারী। নাম দয়াদেবী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2014, 06:29 PM

Updated : 22 Aug 2022, 08:06 PM

পুলিশ বলছে, স্বামীর সঙ্গে সহমরণের জন্য দয়াদেবী স্বেচ্ছায় চিতায় ঝাঁপ দেন। গ্রামবাসীরা এমনটিই জানিয়েছে।স্থানীয় পুলিশের এসপি পঙ্কজ সিংহ নিজে গ্রামটিতে গিয়ে সবার সঙ্গে কথা বলেছেন বলে জানান।

কিন্তু দয়াদেবীর ছেলে পুলিশের কাছে দাবি করেছেন, স্বামীর মৃত্যুশোক সহ্য করতে না পেরে তাঁর মা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে দুইজনকে একই চিতায় সৎকার করা হয়।

দয়াদেবীর স্বামীর নাম চরিত্র যাদব। অনেক দিন ধরে ক্যানসারে ভুগছিলেন যাদব। রোববার তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, পরিজনরা গ্রামের একটি শ্মশানে যাদবের শেষকৃত্য করতে যাওয়ার সময় নিজ বাড়িতেই ছিলেন দয়াদেবী। সঙ্গে ছিলেন তাঁর পুত্রবধূ।

শ্মশান থেকে ফেরার পর যাদবের ছেলে রমেশ মণ্ডল ও অন্য পরিজনরা স্নান করতে যান। বাড়ি ফেরার পর রমেশ মা দয়াদেবীর খোঁজ করে তাকে পাননি।

ওই সময়ই কয়েকজন গ্রামবাসী জানান, দয়াদেবীকে গ্রামের শ্মশানের দিকে যেতে দেখা গেছে। কয়েকজন বাসিন্দা দাবি করেন, রমেশরা শ্মশানে পৌঁছানোর পর তাদের সামনেই স্বামীর চিতায় ঝাঁপ দেন ওই নারী। কেউ তাকে আটকানোর সুযোগ পাননি। ঘটনাটি ঘটে যায় আধঘন্টার মধ্যে।

১৯৮৭ সালেও রাজস্থানের একটি গ্রামে স্বামীর চিতায় ঝাঁপ দিয়ে সহমরণে গিয়েছিলেন রূপ কানোয়ার (১৮)। এ ঘটনার পর কানোয়ারকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। পরে প্রমাণের অভাবে সবাই বেকসুর খালাস পায়। এ ঘটনার পর গ্রামটিতে কানোয়ারকে ‘সতীমাতা’ চিহ্নিত করে একটি মন্দিরও নির্মাণ করা হয়েছিল।