ইসলামিক স্টেট’র পক্ষে ট্যুইটকারী ভারতীয় গ্রেপ্তার
ইসলামিক স্টেট’র (আইএস) পক্ষে ট্যুইটার একাউন্টের মাধ্যমে প্রচারণা চালানোর দায়ে বেঙ্গালুরু থেকে এক ভারতীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরিয়ায় ও ইরাকে কথিত ‘জিহাদি’ লড়াইরত গোষ্ঠিটির পক্ষে ‘@শামিউইটনেস’ (@ShamiWitness) নামে প্রচারণা চালানো ও খবর পোস্ট করতো গ্রেপ্তার মেহেদি মাশরুর বিশ্বাস, ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার জানিয়েছে এনডিটিভি ও বিবিসি।
শুক্রবার রাতে ২৪ বছর বয়সি মাশরুরকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে বেঙ্গালুরু পুলিশ।
ব্যাঙ্গালুরু থেকে ভারতীয় এক নির্বাহি ‘@শামিউইটনেস’ নামে ট্যুইটার একাউন্টটি পরিচালনা করেন বলে জানিয়েছিল ব্রিটিশ নেটওয়ার্ক চ্যানেল ফোর।
তারপর থেকে ট্যুইটার একাউন্টটি বন্ধ করে দেয় পরিচালনাকারী মাশরুর।
চ্যানেল ফোরে ভারতীয় ওই ব্যক্তির নাম “মেহদি” হিসেবে উল্লেখ করা হলেও ভারতীয় পুলিশ গ্রেপ্তারকৃতের পুরো নাম প্রকাশ করে গণমাধ্যমে তার একটি ছবি দিয়েছে।
ইংরেজি ভাষায় আইএস সম্পর্কিত তথ্যের অন্যতম উৎস ছিল ‘@শামিউইটনেস’। বিশ্বব্যাপী এর প্রায় ১৮ হাজার অনুসারি ছিল।
বিদেশি যোদ্ধা সংগ্রহ করতে ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে আইএস। ‘@শামিউইটনেস’ও এ ক্ষেত্রে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া পশ্চিমা সাংবাদিক ও ত্রাণ কর্মীদের শিরশ্ছেদের ভিডিও প্রকাশ ও প্রচার করতেও ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে থাকে জঙ্গিগোষ্ঠি আইএস।
