ভারতে পুতিন
বিবর্ণ হয়ে পড়া পুরনো বন্ধুত্ব ঝালাই করার আশা নিয়ে ভারত সফর করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৃহস্পতিবার জ্বালানি, প্রতিরক্ষা ও নিউক্লিয়ার শক্তি নিয়ে দুদেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একদিনের সফরে ভারত গেছেন তিনি।
সফরে প্রথমবারের মতো ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শীর্ষ বৈঠকে মিলিত হবেন তিনি।
প্রতিবেশী ইউক্রেইনের ঘটনা নিয়ে পশ্চিমা দেশগুলোর চাপে আছে রাশিয়া। এর মধ্যে বিশ্ব বাজারে জ্বালানি তেলের মূল্য গত পাঁচ বছরের মধ্যে সবেচয়ে নিচে নেমে যাওয়ায় নতুন করে চাপে পড়েছে দেশটি।
সোভিয়েত আমলের সময় ভারতের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। কিন্তু সাম্প্রতিক কয়েক বছরে দুদেশের ঘনিষ্ঠ সম্পর্ক কিছুটা শিথিল হয়েছে। চীন-রাশিয়ার তুলনায় ভারতের সঙ্গে রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিসংখ্যানেই ছবিটি পরিষ্কার হয়ে যায়।
ভারতের সঙ্গে দেশটির দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১০ বিলিয়ন ডলার হলেও তা চীন-রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যের নয় ভাগের এক ভাগ মাত্র।
