আফগানিস্তানে ‘ব্রুস লির পুনর্জন্ম’
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি উঁচু জায়গায় বোমায় বিধ্বস্ত একটি প্রাসাদে কুংফু কিংবদন্তি ব্রুস লির মতো দেখতে এক ব্যক্তির ‘হাই কিক’ দেয়া একটি ছবি ইন্টারনেটে ব্যাপক খ্যাতি কুড়িয়েছে।
এতে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের অন্য রকম একটি দিক উন্মোচিত হয়েছে।
ফেইসবুকে ‘ব্রুস হাজারা’ নামের একটি পাতায় ২০ বছর বয়সী আফগান নাগরিক আব্বাস আলিজাদা ব্রুস লির মতো কুংফুর পোশাক পড়ে তার বিখ্যাত ভঙ্গিগুলোতে ছবি তুলে ও ভিডিও করে পোস্ট ইন্টারনেটে পোস্ট করেছেন।
আফগানিস্তানের সীমিত পরিসরে ইন্টারনেট ব্যবহারকারী সমাজে দ্রুতই এই ছবি ও ভিডিওগুলি ছড়িয়ে পড়েছে। প্রচারণার এই হঠাৎ বিস্ফোরণ তাকে বড় ধরনের খ্যাতি এনে দেবে বলে মনে করেন আলিজাদা।
অনুশীলনের ফাঁকে তিনি বলেন, “আমাদের দেশের চ্যাম্পিয়ন হতে চাই আমি, তারপর হলিউড স্টার।”
১৯২০ সালে আফগান বাদশা আমানুল্লাহ খান দারুলামান প্রাসাদটি তৈরি করেছিলেন। রাজধানী কাবুল দখলে কয়েক দশকের লড়াইয়ে প্রাসাদটি এখন গুলি ও বোমার আঘাতে ক্ষতবিক্ষত।
“এই ধ্বংসকাণ্ড আমাকে বিষন্ন করে, আবার এটি আমাকে অনুপ্রেরণা দেয়,” বলেন তিনি।
দরিদ্র ঘরের সন্তান আলিজাদারা ১০ ভাইবোন। মার্শাল আর্ট প্রশিক্ষণের খরচ তার পরিবার যোগাতে পারেনি। প্রশিক্ষক বিনা খরচে তাকে নিজের স্কুলে ভর্তি করে নিয়েছেন।
তার নিজের নৃগোষ্ঠীর পরিচয় সনাক্তকারী নাম লাগানো বন্ধুদের দেয়া ’ব্রুস হাজারা’ নামটি আলিজাদার পছন্দ না। বিভিন্ন প্রতিদ্বন্দ্বী জাতিতে বিভক্ত আফগানিস্তানে তিনি ’আফগান ব্রুস লি’ নামেই পরিচিত হতে চান।
এসবই তালেবান যুগের অবসানের পর বদলে যাওয়া আফগানিস্তানের চিত্র। মার্শাল আর্টসহ অন্যান্য কয়েকটি খেলা তালেবান জমানায় নিষিদ্ধ ছিল। কিন্তু বদলে যাওয়া আফগানিস্তানে খেলাধুলার প্রতি ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এই আগ্রহ তৈরিতে টেলিভিশন ও ইন্টারনেটেরও ভূমিকা আছে।
“আফগানিস্তান থেকে খালি যুদ্ধের খবরই শোনা যায়, কিন্তু আমার গল্প এখান থেকে যাওয়া একটি ভালো খবর, এতে আমি আনন্দিত,” বলে আফগান ব্রুস লি আলিজাদা।
