২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাহসী বোনদের সম্মান জানাবে হরিয়ানা

চলন্ত বাসে উত্ত্যক্তকারী যুবকদের পিটিয়ে প্রতিরোধের জ্বলন্ত উদাহরণ সৃষ্টি করা দুই বোনকে সম্মান জানাবে হরিয়ানা সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2014, 07:25 PM

Updated : 22 Aug 2022, 08:40 PM

ভারতের হরিয়ানা রাজ্য সরকারের পক্ষ থেকে সোমবার বলা হয়, চলন্ত বাসে উত্ত্যক্তকারী তিন যুবকের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়া দুই বোন এবং নিজের মোবাইল ফোনে এ দৃশ্য ধারণকারী অন্য একজন নারীকেও সম্মান জানানো হবে।

পুরো বাসে একমাত্র ওই নারীই দুই বোনকে উত্ত্যক্ত করার ঘটনার প্রতিবাদ করেছিলেন এবং এজন্য তাকেও ওই যুবকদের হাতে হেনেস্তা হতে হয়। পরে তিনি নিজের মোবাইল ফোনে ওই ঘটনার ভিডিও চিত্র ধারণ করেন।

বাসের আর কোনা যাত্রীই কলেজ পড়ুয়া দুই বোন পূজা ও আরতি এবং ওই নারীকে সাহায্য করতে এগিয়ে আসেনি।

ওই ভিডিওর সাহায্যেই পুলিশ তিন যুবককে খুঁজে বের করে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। উত্ত্যক্তকারী তিন যুবক— দীপক, মহিত ও কুলদীপকে রোববার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। রোতাক জেলা আদালত সোমবার তাদের পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে।

প্রজাতন্ত্র দিবসে পূজা ও আরতিকে পুরস্কার হিসেবে নগদ অর্থ দেয়ার ঘোষণা দিয়েছেন হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী মনহর লাল খাত্তার।

বিপদে ওই মেয়ে দুটিকে সাহায্য না করায়, ঘটনার কথা পুলিশকে না জানানোয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় ওই বাসের চালক ও তার সহকারীকে বরখাস্ত করা হয়েছে।

একটি টেলিভিশন চ্যানেলে ভিডিওটি প্রকাশ পেলে বিষয়টি সবার নজরে আসে।ভারতে একের পর এক ধর্ষণের ঘটনার মধ্যেই দুই বোনের এই প্রতিরোধের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়।

ভিডিওতে দেখা যায়, দুই তরুণী ও এক যুবকের মধ্যে মারামারি চলছে। এক তরুণীকে ট্রাউজারের বেল্ট খুলে যুবকটিকে আঘাত করতেও দেখা যায়। ওই যুবকের দুই সহযোগীকেও ভিডিওতে দেখা যায়।

পরে আরতি বলেন, “আমরা একদম একা ওই ব্যক্তিদের সঙ্গে মারামারি করছিলাম। তারা যখন আমাদের আঘাত করছিল এবং ঠেলে বাস থেকে ফেলে দেয়ার চেষ্টা করছিল তখন কেউই আমাদের সাহায্য করতে এগিয়ে আসেনি।”

পুরনো খবর:

চলন্ত বাসে দুই ছাত্রীর প্রতিরোধ, ভিডিওতে তোলপাড় ভারতে