২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসাম থেকে ‘বাংলাদেশি’ তাড়ানোর আশ্বাস মোদীর

আসামে বসত গড়া ‘অবৈধ বাংলাদেশিদের’ বিতাড়নে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, রাজ্যটির নিরাপত্তার নিশ্চিতে তার সরকার কোনো আপস করবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দিলীপ কুমার শর্মা, আসাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 08:48 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

আসামে ‘জঙ্গি’ তৎপরতা বৃদ্ধি এবং বিষয়টি বাংলাদেশের কাছে তুলে ধরার দাবি জানিয়ে লোকসভায় বিজেপির এক এমপির বক্তব্যের চার দিনের মাথায় রাজ্যটির রাজধানী গুয়াহাটিতে এক সমাবেশে এই আশ্বাস দিলেন তিনি।

রোববার ওই সমাবেশে নরেন্দ্র মোদী বলেন, “আমি আসামের জনগণের মনোভাব বুঝি। বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে এসে আপনাদের জন্য সমসা তৈরি করছে, তাদেরকে ফেরত পাঠাতে পদক্ষেপ নেওয়া হবে।”

গত ২ অক্টোবর পশ্চিমবঙ্গের বর্ধমানে একটি বাড়িতে বিস্ফোরণে দুজন নিহত হওয়ার পর ভারতে বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির তৎপরতার বিষয়টি উঠে আসে। ওই বিস্ফোরণ তদন্তে আসামের কয়েকজনের সম্পৃক্ততাও উঠে এসেছে।

ভারতীয় ভূখণ্ডে, বিশেষ করে আসামে জঙ্গিদের তৎপরতা বন্ধে কঠোর ব্যবস্থা নিতে গত মঙ্গলবার লোকসভায় সরকারের প্রতি আহ্বান জানান রাজ্য বিজেপির প্রতিনিধি রমেন দেকা। 

তিনি আসামে জঙ্গি তৎপরতাকে ‘ভয়ঙ্কর’ অভিহিত করে বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরারও দাবি জানান।

এসব বিষয়ে ইঙ্গিত করে জনসভায় মোদী বলেন, “আমি আসামের সমস্যাগুলো সম্পর্কে সজাগ আছি এবং এ ব্যাপারে (নিরাপত্তা) কোনো আপস করা হবে না। মাতৃভূমি রক্ষায় ঘর ছেড়েছি, আসামও আমার মাতৃভূমি।”

বিজেপি নেতা মোদীর নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম ছিল ভারতীয় ভূখণ্ড থেকে ‘বাংলাদেশি বিতাড়ন’।

বাংলাদেশের সঙ্গে স্থল সীমান্ত চুক্তি কার্যকর হলে আসাম লাভবান হবে বলে রাজ্যবাসীকে আশ্বস্ত করেন কেন্দ্রীয় মুখ্যমন্ত্রী মোদী।

“এই চুক্তির ফলে মনে হতে পারে আসামের ক্ষতি হবে, কিন্তু আমি এমন কিছু রাখব, যাতে দীর্ঘমেয়াদে আসাম লাভবানই হবে।”

 ‘বাংলাদেশিদের অনুপ্রবেশ’ বন্ধে এই চুক্তিকে ব্যবহার করার আশ্বাস আসামবাসীকে দেন মোদী, যে রাজ্যের বাসিন্দারা বাংলাদেশের সঙ্গে এই চুক্তির বিরোধী।

গত ২৬ নভেম্বর কাঠমান্ডুতে অষ্টাদশ সার্ক সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে তিস্তা ও স্থলসীমান্ত চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা হয় মোদীর, যেখানে দুই চুক্তি বাস্তবে রূপ দিতে জোর প্রচেষ্টা চালানোর কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী।