২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে বন্ধ্যাকরণে মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ

ভারতের ছত্তিশগড় রাজ্যে সরকারি উদ্যোগে পরিচালিত বন্ধ্যাকরণ শিবিরে অস্ত্রোপচারের পর নারী মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় ধর্মঘট ডেকেছে প্রধান বিরোধী দল কংগ্রেস পার্টি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 10:26 PM

Updated : 25 Apr 2022, 04:57 PM

এ কর্মসূচিতে কংগ্রেসের পক্ষ থেকে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং এবং স্বাস্থ্যমন্ত্রী অমর আগারওয়ালের পদত্যাগ দাবি করা হয়েছে।

রাজ্যের চেম্বার অব কমার্সসহ বেশ কিছু সংগঠন কংগ্রেসের ডাকা ধর্মঘটে সমর্থন দিয়েছে। বিবিসি জানিয়েছে, বিক্ষোভ-ধর্মঘটের কারণে বিলাসপুরের অনেক স্কুল বন্ধ হয়ে যেতে দেখা গেছে। রাস্তাঘাটেও যানবাহন কম চলাচল করেছে।

বিলাসপুরের একটি গ্রামে শনিবার টিউবেকটমি বা বন্ধ্যাকরণ অস্ত্রোপচারের পর এখন পর্যন্ত ১৩ জন নারীর মৃত্যু হয়েছে। আরো ৬০ জন নারী হাসপাতাল ভর্তি রয়েছেন যাদের মধ্যে অন্তত ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া, সোমবার একই জেলার গুরেলা এলাকায় একই ধরনের অন্য একটি বন্ধ্যাকরণ শিবিরে অস্ত্রোপচারের পর এক নারীর মৃত্যু ও ১৫ জনের হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে।

প্রকৃত ঘটনা তদন্তে এরই মধ্যে দিল্লি থেকে ৭ জন চিকিৎসকের একটি দল ছত্তিশগড়ের উদ্দেশে রওয়ানা হয়েছে।

ছত্তিশগড় সরকারও এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী রমন সিং বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে চিকিৎসকদের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।”

এ ঘটনায় এরই মধ্যে চারজন স্বাস্থ্য কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া, শনিবার যে চিকিৎসক অস্ত্রোপচার করেছেন তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

সরকারের পক্ষ থেকে দুর্ভোগের শিকার নারীদের প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। জনসংখ্যার বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে ভারতে সরকারি উদ্যোগে নিয়মিতভাবেই বন্ধ্যাকরণ কার্যক্রম পরিচালিত হয়।