ছত্তিশগড়ে বন্ধ্যাকরণের পর ৯ নারীর মৃত্যু
ভারতের ছত্তিশগড় রাজ্যে সরকারি উদ্যোগে পরিচালিত বন্ধ্যাকরণ শিবিরে অস্ত্রোপচারের পর ৯ জন নারী মারা গেছেন।
আরো ৫০ জনের বেশি নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে অন্তত ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।
রাজ্য সরকার বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে। এরই মধ্যে চারজন স্বাস্থ্য কর্মকর্তাকে বরখাস্তও করা হয়েছে। তাদের মধ্যে একজন গত বছর ৫০ হাজার জনকে বন্ধ্যাকরণে অস্ত্রোপচার করার জন্য রাষ্ট্রীয় পুরষ্কার জিতেছিলেন।
শনিবার বিলাসপুর জেলার পেন্ডারি গ্রামে টিউবেকটমি অর্থাৎ, বন্ধ্যাকরণের জন্য অস্ত্রোপচার করা হয়। গ্রামবাসীদের অভিযোগ, একজন চিকিৎসক ও তার একজন সহযোগী মাত্র ছয় ঘণ্টায় ৮৩ জন নারীর আস্ত্রোপচার করেন।
এর পরপরই তারা প্রচণ্ড ব্যাথা ও জ্বর শুরু হয়। ভুক্তভোগীদের একজন আত্মীয় ওই পরিস্থিতি ভয়াবহ বলে বর্ণনা করেছেন।
প্রাথমিক পরীক্ষায় ওই নারীদের মৃত্যুর কারণ হিসেবে সংক্রমণ ও অতিরিক্ত রক্তক্ষরণকে দায়ী করা হয়েছে। রাজ্যের সহকারী স্বাস্থ্য পরিচালক আমর সিং পিটিআইকে একথা জানান।
তবে বিলাসপুর জেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরকে ভাঙ বিবিসি’কে বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই কেবল মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”
অসুস্থ নারীরা জেলার আলাদা তিনটি হাসপাতালে চিকিৎসাধীন। তারা সবাই দরিদ্র পরিবারের।
নারীদের মৃত্যুর আসল কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে একটি হাসপাতালের চিকিৎসক রমেশ মুর্তি বলেন, “তাদের অবস্থা আশঙ্কাজনক। তাদের রক্তচাপ খুব কম। এই ব্যাপারটি আমাদের মাথায় রাখতে হচ্ছে। আমরা এখন তাদের চিকিৎসার দিকেই বেশি মনযোগ দিচ্ছি। কি কারণে তাদের এ অবস্থা হয়েছে সেসব নিয়ে ভাবার সময় আমাদের নেই।”
বন্ধ্যাকরণ অস্ত্রোপচার ভারতে হর-হামেশাই হয়ে থাকে। দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সরকারী উদ্যোগে এ ধরণের অস্ত্রোপচার করা হয়। কিন্তু প্রায়ই এক্ষেত্রে চিকিৎসকদের অবহেলার খবর পাওয়া যায়।
২০১২ সালের জানুয়ারিতে মাত্র দুই ঘণ্টার মধ্যে ৫৩ জন নারীর অস্ত্রোপচারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। ওই নারীদের একটি মাঠের মধ্যে কোন ধরণের চেতনানাশক ছাড়াই অস্ত্রোপচার করা হয়েছিল।
