ভারতে হামলার হুমকি তালেবানের
এ সপ্তাহে ওয়াগা সীমান্তে আত্মঘাতী হামলা চালানো নতুন পাকিস্তানি তালেবান গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান জামাত আহরার (টিটিপি-জেএ) পরবর্তী হামলা ভারতের লক্ষ্যবস্তুতে চালানো হবে বলে হুমকি দিয়েছে।
রোববার ভারত-পাকিস্তানের ওয়াগা সীমান্তের পাকিস্তান অংশে চালানো ওই হামলায় অন্তত ৫৭ জন নিহত হয়। টিটিপি-জেএ’র মুখপাত্র এহসানুল্লাহ এহসান বলেন, তিনি ভারতের পাইপলানে হামলা করার ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আগেই সতর্ক করেছেন।
অজ্ঞাতস্থান থেকে টেলিফোনে তিনি বলেন, “আমি এরই মধ্যে মোদিকে এটি জানিয়েছি। আমাদের আত্মঘাতী বোমা হামলাকারীরা সীমান্তের এপারে হামলা চালাতে পারলে তারা ভারতের ওপারের সীমান্তেও সহজেই হামলা চালাতে পারবে”।
তিনি আরো বলেন, “আমি তাকে বলেছি যে, তার হাত কাশ্মীরি মুজাহিদীন এবং গুজরাটের নিরীহ মানুষদের রক্তে রঞ্জিত। আর এ কারণেই তাকে মূল্য দিতে হবে”।
এর আগে তিনি ইংরেজিতে একটি ট্যুইটে লেখেন, আপনি (মোদী) শত শত মুসলিমের হত্যাকারী। আমরা কাশ্মীর এবং গুজরাটের নিরীহ মানুষ হত্যার বদলা নেব”।
