২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেলেঙ্গানায় পাঁচ মাসে ৩৪৮ কৃষকের আত্মহত্যা

কালীপূজার দিন শোকের দিন ছিল ভারতের তেলেঙ্গানা রাজ্যের মেদাক জেলার লুগাইয়াপল্লী থানার ক্ষুদ্র একটি পল্লীগ্রামে। কারণ এদিন এই ক্ষুদ্র পল্লীর মাত্র ২৮ বছর বয়সী বাসিন্দা আনজি নায়েক কীটনাশক পানে আত্মহত্যা করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 01:53 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

আনজি অত্যন্ত পরিশ্রমী ছিলেন বলে জানিয়েছেন তার মা রত্নাম। কিন্তু ধান, শিম, ভুট্টা ইত্যাদি ফসল চাষের কয়েকটি উদ্যোগ ব্যর্থ হলে আনজি ভেঙে পড়ে। কারণ তার ৩ লাখ রুপি ঋণও ছিল।

“আমি তাকে বলেছিলাম, আমরা বেঁচে থাকবো। কিন্তু সে বলে, ‘কীভাবে আমি ঋণ শোধ করবো?’ এখন কীভাবে আমার নাতি-নাতনী, বউ’র জীবন বাঁচবে,” বলে কান্নায় ভেঙে পড়েন রত্নাম।

আনজি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও’য়ের নির্বাচনী আসন গাজভেল’র বাসিন্দা ছিলেন। কার্তিকের এই মন্দার সময়ে আনজিসহ মেদাক জেলার ৬৪ জন কৃষক আত্মহত্যা করেছেন বলে এনডিটিভি জানিয়েছে।

আর ভারতের নতুন রাজ্য তেলেঙ্গানা পথ চলা শুরু করার প্রথম পাঁচমাসে রাজ্যজুড়ে ৩৪৮ জন কৃষক আত্মহত্যা করেছেন।

প্রত্যেক ক্ষেত্রেই আত্মঘাতী কৃষকদের এই একই কাহিনী।

এই ঋতুতে মেদাকের থিম্মাকপল্লীর চার কৃষক আত্মহত্যা করেছেন।

এই পল্লীর লাচ্চি রেড্ডি প্রশ্ন করেন, “আমরা কীভাবে বেঁচে থাকবো? কী খেয়ে বেঁচে থাকবো?” “এখানে বিদ্যুৎ নাই। তিনবার বীজ বুনলাম, একবারও ফসল হল না। চারবারের বার অল্প একটু ফসল পাইলাম। মাসে একবার মাত্র বৃষ্টি হয়। আমাদেরই খাওয়ার কিছু নাই, গরু-বাছুররে কী খাওয়ামু?,” বলেন তিনি। এ বিষয়ে রাজ্যের কৃষিমন্ত্রী পচারাম শ্রীনিবাস বলেছেন, “প্রাকৃতিক দুর্যোগ, অনাবৃষ্টি, ফসলহানির জন্য এ ধরনের আত্মহত্যার ঘটনা সারা ভারতেই ঘটছে।” এ বিষয়ে রাজ্য সরকার তাদের সর্বোচ্চ চেষ্টাই করছে বলে দাবি করেছেন তিনি।