২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ এর বেশি সন্তান হলেই পুরস্কার!

কোনো হিন্দু পরিবারে ১০টির বেশি সন্তান থাকলে সেই পরিবারকে নগদ ২১ হাজার রুপি পুরস্কার দেয়ার এক অভিনব কর্মসূচি হাতে নিয়েছে ভারতের হিন্দুত্ববাদী দল শিবসেনা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2014, 06:46 PM

Updated : 25 Apr 2022, 04:53 PM

উত্তর প্রদেশে ভারতীয় জনতা পার্টি(বিজেপি)’র সহযোগী দল শিবসেনার রাজ্য সভাপতি অনিল সিং এ ঘোষণা দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে জি নিউজ।

খবরে আরো বলা হয়, শুধু পুরস্কারই নয় এর পাশাপাশি ওই পরিবারগুলোকে সার্টিফিকেটও দেয়া হবে দলের পক্ষ থেকে। তাতে লেখা থাকবে,“ দেশের স্বার্থে হিন্দুদের জনসংখ্যা বাড়ানোর জন্য”।

হিন্দু জনসংখ্যা বাড়ানোসহ রাজ্যে অন্য ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রভাব খর্ব করে তাদের সঙ্গে টেক্কা দিতেই মূলত শিবসেনা এ ঘোষণা দিয়েছে।

শিবসেনার সিদ্ধান্তকে সমর্থন করে আরেকটি দলের নেতা সুরেন্দ্র শর্মা বলেন, “হিন্দু জনসংখ্যার হার কমতে থাকলে আমরা নিজেদের দেশেই সংখ্যালঘু হয়ে যাব”।

তবে শিবসেনার এ কর্মসূচি বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনারও শিকার হচ্ছে। অন্যান্য রাজনৈতিক দলগুলো এ উদ্ভট কর্মসূচির তীব্র নিন্দা জানিয়েছে।

সমাজবাদী পার্টির নেতা রাজেন্দ্র চৌধুরী এ নিয়ে বলেছেন, শিবসেনা রাজ্যে সহিংসতা বাড়াতে উষ্কানি দিতে চায়। কংগ্রেস নেতা রিতা বহুগুণা জোশী বলেন, উত্তর প্রদেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির এ চেষ্টার জন্য শিবসেনার লজ্জা পাওয়া উচিত।

সমাজবাদী পার্টির সাবেক এক নেতা এবং সাংবাদিক শহীদ সিদ্দিকও বলেন, “১০ টি সন্তান নেয়া নারীদের জন্য কষ্টদায়ক। আর শিবসেনা এর জন্য মাত্র ২১ হাজার রুপি দেয়ার প্রস্তাব দিচ্ছে। তাদের অন্তত ২১ লাখ রুপি ঘোষণা করা উচিত ছিল। কিন্তু তারপরও বলব, এ ধরনের চিন্তাভাবনা ঠিক না”।

তিনি আরো বলেন, “উন্নয়নশীল দেশগুলো যেখানে জনসংখ্যা কমানোর চেষ্টা করছে সেখানে শিবসেনা তা বাড়াতে চাইছে!”

শিবসেনা ইতোমধ্যেই ১০ জনের বেশি সন্তান রয়েছে এমন পরিবারগুলোকে চিহ্নিত করার কাজ শুরুর নির্দেশ দিয়েছে এবং আগামী মাসের শেষ দিক থেকে তাদেরকে পুরস্কারের অর্থ ও সার্টিফিকেটও দেয়া হবে বলে জানিয়েছে। উপরন্তু, হিন্দুদের পরিবার পরিকল্পনার বিরোধিতায় দল ১ নভেম্বর থেকে আন্দোলনে নামবে বলেও জানানো হয়েছে খবরে।