২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ এর আগে বিয়ে নয়: বিহারের মুখ্যমন্ত্রী

হিন্দু দর্শন অনুযায়ী ‘আশ্রম পদ্ধতি’ মেনে বিয়ের ক্ষেত্রে ছেলে ও মেয়ে উভয়ের বয়সসীমা ২৫ বছর করা উচিত বলে মনে করেন বিহারের মুখ্যমন্ত্রী জিতেন রাম মাঞ্ঝি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2014, 09:03 PM

Updated : 25 Apr 2022, 04:49 PM

এতে দম্পতির সু-স্বাস্থ্য নিশ্চিত হবে এবং অপুষ্টি সমস্যা দূর হবে বলে মনে করেন তিনি।

ভারতের প্রচলিত আইনে বিয়ের ক্ষেত্রে মেয়েদের সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর আর ছেলেদের ২১ বছর।

এনডিটিভি’র খবরে বলা হয়, সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে মাঞ্ঝি বলেন, “আমি বিশ্বাস করি- প্রাচীন আশ্রম পদ্ধতির শিক্ষা অনুসারে বিয়ের সর্বনিম্ন বয়সসীমা নির্ধারিত হওয়া উচিত। ছেলে-মেয়ে উভয়ের ক্ষেত্রে বিয়ের সর্বনিম্ন বয়সসীমা ২৫ বছর চালু করা দরকার।”

এতে করে জনগণের রোগা স্বাস্থ্যের সমস্যা সমাধান হবে এবং গর্ভবতী নারী ও সদ্যোজাতদের অপুষ্টির সমস্যা সমাধান হবে বলেও মনে করেন মুখ্যমন্ত্রী।

সনাতন হিন্দু জীবনধারা, আশ্রম পদ্ধতিতে মানবজীবনকে চারভাগে বিভক্ত করা হয়েছে।

জীবনের প্রথম ২৪ বছরকে বলা হয়েছে, ব্রহ্মাচারী- যা বেদ, উপনিষদসহ অন্যান্য জ্ঞান-বিজ্ঞানের শিক্ষা নেয়ার সময়। ২৪ থেকে ৪৮ বছর পর্যন্ত জীবন হল ‘গৃহস্থ’ যাতে বিয়েসহ অন্যান্য সাংসারিক কাজ করা হয়।

৪৮ থেকে ৭২ বছর পর্যন্ত জীবনের তৃতীয় ধাপে মানুষ ধীরে ধীরে সংসারকর্ম থেকে নিজেকে গুটিয়ে নেয় যাকে বলা হয় বাণপ্রস্থ। ৭২ এর পরে আমৃত্যু সন্ন্যাস জীবন যাপনের আদেশ দেয়া আছে আশ্রমরীতিতে।