২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পালিয়েছে? আমরা তো সবকটা রাজাপাকসেকে জেলে ভরতে চাই’

প্রবল গণবিক্ষোভের মুখে কয়েকদিন আত্মগোপনে থাকার পর শেষ পর্যন্ত দেশ ছেড়ে যাওয়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পলায়নে আন্দোলনকর্মীদের অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2022, 11:15 AM

Updated : 14 Jul 2022, 07:03 PM

“আমরা তাকে এখানে রাখতে চেয়েছি। আমরা আমাদের অর্থ ফেরত চাই। আমরা সকল রাজাপাকসেকে একটি উন্মুক্ত জেলখানায় রাখতে চাই, যেখানে তারা খামারের কাজ করতে পারবে। এখানে ন্যায়বিচার নেই,” বিবিসির কাছে এভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন কলম্বোর মূল বিক্ষোভস্থল গলে ফেইস গ্রিনে ৪৩ দিন কাটানো জিপি নিমাল।

চরম অর্থনৈতিক সংকটে জেরবার শ্রীলঙ্কার মানুষ গত কয়েক মাস ধরে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে এবং তার পরিবারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছিল। 

গত মে মাসে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয় গোটাবায়ার বড় ভাই মাহিন্দা রাজাপাকসেকে। বিক্ষোভকারীরা তাতে সন্তুষ্ট ছিলেন না, তাদের জনপ্রিয় স্লোগান হয়ে উঠেছিল ‘গোটা, গো হোম’। কিন্তু নিজের অবস্থানে অনড় ছিলেন গোটাবায়া রাজাপাকসে।

এরমধ্যে শনিবার রাজধানী কলম্বোতো রীতিমত লঙ্কাকাণ্ড ঘটে যায়। ঝড়ো বিক্ষোভে হাজারো মানুষ প্রেসিডেন্ট প্রাসাদ টেম্পল ট্রি দখল করে নেয়, খবর আসে, পালিয়েছেন প্রেসিডেন্ট।

তখন থেকেই গোটাবায়া রাজাপাকসে আত্মগোপনে ছিলেন। শোনা যাচ্ছিল, তিনি আছেন নৌবাহিনীর কোনো জাহাজে। প্রথমে স্পিকার এবং পরে প্রধানমন্ত্রীর মাধ্যমে তিনি বার্তা দিয়েছিলেন, জনতার দাবি মেনে বুধবারই পদত্যাগ করবেন।

মঙ্গলবার শ্রীলঙ্কার সংবাদমাধ্যমে খবর আসে, গোটাবায়া রাজাপাকসে ১৩ জুলাই তারিখ দিয়ে তার পদত্যাগপত্রে সই করে ফেলেছেন, স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে বুধবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ করবেন। তার আগেই নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ২০ জুলাই পার্লামেন্টে ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেন স্পিকার।

বুধবার প্রথম প্রহরে ৭৩ বছর বয়সী গোটাবায়া দেশ ছাড়েন; স্থানীয় সময় রাত ৩টার দিকে তিনি মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছান বলে জানা গেছে।

দেশ ছেড়ে পালানোর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার এই দ্বীপ দেশে মহা প্রতাপশালী রাজাপাকসে পরিবারের কয়েক দশকের কর্তৃত্বের লজ্জাজনক অবসান ঘটল। 

একজন অভিবাসন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গোটাবায়া রাজাপাকসে তার স্ত্রী এবং দুজন দেহরক্ষীকে সঙ্গে নিয়ে শ্রীলঙ্কার বিমান বাহিনীর একটি উড়োজাহাজে করে দেশ ছাড়েন।   

আপাতত মালেতে গেলেও সেখান থেকে তিনি এশিয়ারই অন্য একটি দেশে যাওয়ার চেষ্টা করবেন বলে ধারণা দিয়েছেন শ্রীলঙ্কা সরকারের এক কর্মকর্তা।  

বুধবার গলে ফেইস গ্রিনে দেখা মিলল মালদ্বীপ থেকে সম্প্রতি শ্রীলঙ্কায় যাওয়া এক তরুণেরও; তাকে যখন জানানো হল, গোটাবায়া তার দেশে আশ্রয় নিয়েছে তখন তাকে হাসতে এবং বিড়বিড় করে গালাগাল করতে দেখা গেল।

“এটা খুবই বিব্রতকর। ভালো হল না। মালদ্বীপও দুর্নীতিগ্রস্ত, যাচ্ছেও একই (পরিণতির) দিকে,” বলেন তিনি। 

অবশ্য বিক্ষোভকারীদের কেউ কেউ গোটাবায়ার পলায়নে একেবারে অখুশিও নন।

“আমি মনে করি, তিনি একরকমের সন্ত্রাসী। দীর্ঘদিন ধরে দেশে তার সন্ত্রাস চলেছে। তিনি পালিয়েছেন, এতে আমি খুশি। কিন্তু কষ্ট পাচ্ছি, শ্রীলঙ্কার এই অবস্থায়,” বলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ২৩ বছর বয়সী রেশিনি সামারাকুন।

যমজ বোন রেশানি আর মা’কে নিয়ে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিতে দুইদিন আগেই দক্ষিণের মালাবা থেকে রাজধানী এসেছেন রেশিনি।

তাদের বিশ্বাস, শ্রীলঙ্কা আবার ঘুরে দাঁড়াবেই।

“ভবিষ্যতে আমরা অর্থনৈতিক ও সামাজিকভাবে একটি সমৃদ্ধ দেশে পরিণত হতে পারবো বলেই আশা করছি,” বলেছেন রেশানি।