আহমেদাবাদে সন্ত্রাসী হামলা: ৩৮ জনের মৃত্যুদণ্ড
ভারতের আহমেদাবাদে ১৪ বছর আগে ধারাবাহিক বোমা হামলার ঘটনায় ৩৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
গুজরাটের বিশেষ আদালতের বিচারক এআর প্যাটেল শুক্রবার এ মামলায় দোষী সাব্যস্ত বাকি ১১ আসামিকে আমৃত্যু কারাদণ্ডও দিয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।
২০০৮ সালের ২৬ জুলাই মাত্র ৭০ মিনিটের ব্যবধানে আহমেদাবাদের বিভিন্ন এলাকায় ২১টি বোমা হামলার ঘটনা ঘটে। তাতে মোট ৫৬ জন নিহত হন, আহত হন দুইশর বেশি মানুষ।
তদন্ত শেষে প্রায় ৮০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছিল।
গত বছরের সেপ্টেম্বরে বিচারকাজ শেষ হওয়ার পর এ বছরের ৮ ফেব্রুয়ারি আদালত ৪৯ জনকে দোষী সাব্যস্ত করে। ২৮ জন খালাস পান।
নিষিদ্ধঘোষিত সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়ার (সিমি) শাখা ইন্ডিয়ান মুজাহেদিনের (আইএম) সঙ্গে সংশ্লিষ্টরা প্রায় ১৪ বছর আগের ওই ধারাবাহিক বোমা হামলায় জড়িত ছিল বলে দাবি পুলিশের।
তাদের ভাষ্য, ২০০২ সালে গুজরাটের গোধরাকাণ্ড পরবর্তী দাঙ্গার প্রতিশোধ নিতেই আইএমের সন্ত্রাসীরা আহমেদাবাদজুড়ে বোমা হামলার পরিকল্পনা ও তা বাস্তবায়িত করে।
২০০৯ সালের ডিসেম্বরে গুজরাটের আদালতে ৭৮ জনের বিচার শুরু হয়; এদের মধ্যে একজন রাজসাক্ষী হতে রাজি হলে আসামির তালিকা থেকে তার নাম বাদ পড়ে।
বিচার শেষে চলতি বছরের ফেব্রুয়ারিতে আদালত ৭৭ জনের মধ্যে ৪৯ জনকে দোষী সাব্যস্ত করেন। বাকিরা খালাস পান।
শুক্রবার ওই দোষী সাব্যস্তদের সাজাই ঘোষণা করা হয়।
