পাকিস্তানের করাচিতে বিস্ফোরণে নিহত ১৫, আহত ১৬
পাকিস্তানের বৃহত্তম শহর করাচির শিল্প এলাকায় এক বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত ও আরও ১৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার নগরীটির শেরশাহ এলাকার প্রাচ্য চকের কাছে ঘটনাটি ঘটেছে বলে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
পুলিশ কর্মকর্তা জাফর আলী শাহ্ ডন ডটকমকে জানান, একটি বেসরকারি ব্যাঙ্কের ভবনের নিচ দিয়ে যাওয়া নালায় বিস্ফোরণটি ঘটেছে। নালাটি যাতে পরিষ্কার করা যায় তার জন্য ব্যাংকটিকে ওই প্রাঙ্গণ খালি করার নোটিশ দেওয়া হয়েছিল।
তিনি আরও জানান, বিস্ফোরণে ব্যাংক ভবনটির পাশাপাশি নিকটবর্তী পেট্রল পাম্পও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভবনটির নিচের নালায় জমা গ্যাসের কারণে বিস্ফোরণটি ঘটেছে, এমনটি সন্দেহ করা হচ্ছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হাবিব ব্যাংকের একটি শাখার নিচে বিস্ফোরণটি ঘটেছে বলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সরফরাজ নেওয়াজ জানিয়েছেন। ব্যাংকের ভবনটি নালার ওপর নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। বিস্ফোরণের সম্ভাব্য কারণ হিসেবে তিনিও গ্যাস লিকের কথা বলেছেন।
“আমাদের বিস্ফোরক টিম বিস্ফোরণের ধরন নির্ধারণে কাজ করছে, কিন্তু কাঠামোটি একটি ড্রেনের ওপর নির্মাণ করা হয়েছে আর গ্যাস এর সম্ভাব্য কারণ হতে পারে,” বলেছেন তিনি।
টুইটারে দেওয়া এক বিবৃতিতে হাবিব ব্যাংক জানিয়েছে, এক বিস্ফোরণে তাদের ব্যাংকের একটি শাখা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হতাহতের ঘটনা ঘটেছে।
বিস্ফোরণে সিন্ধ ইন্ড্রাস্ট্রিয়াল ট্রেডিং ইস্টেইটে অবস্থিত ব্যাংকটির মেঝে বিদীর্ণ হয়ে গেছে, টেলিভিশন ফুটেজে এমনটি দেখা গেছে বলে রয়টার্স জানিয়েছে।
ডন জানিয়েছে, গণমাধ্যমে আসা ফুটেজে ক্ষতিগ্রস্ত একটি ভবন ও আশপাশে ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে। বিস্ফোরণস্থলে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়িও দেখা গেছে।
করাচির প্রশাসক মুর্তাজা ওয়াহাব এক টুইটে বলেছেন, “এ পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন এবং আহত ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়ে ছিলেন, তাদের কাছে পৌঁছানোর চেষ্টায় লোকজন ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা করছিল।
