ডব্লিউএইচও’র অনুমোদন পেল ভারতের কোভিড টিকা কোভ্যাক্সিন
ভারত বায়োটেকের তৈরি কোভিড টিকা ‘কোভ্যাক্সিন’ জরুরি ব্যবহারের অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
গত জানুয়ারিতে কোভ্যাক্সিনের তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল চলার মধ্যেই এটি অনুমোদন করেছিল ভারতের বিশেষজ্ঞ কমিটি। এতে টিকাটির কার্যকারিতা নিয়ে উদ্বেগ এবং সমালোচনা সৃষ্টি হয়।
সেই সময় থেকে এতোদিন ভারতে টিকাটি প্রয়োগ হয়ে আসলেও এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছিল না। জরুরি ব্যবহারের অনুমোদন পেতে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে কোভ্যাক্সিনকে।
গত এপ্রিলে আপৎকালীন পরিস্থিতিতে প্রয়োগের জন্য কোভ্যাক্সিন অনুমোদনের আবেদন করেছিল ভারত বায়োটেক। গত জুলাইয়ে পাঠানো হয় টিকার সুরক্ষা, কার্যকারিতা, উৎপাদনস্থল পরীক্ষাসহ প্রয়োজনীয় তথ্য। কিন্তু তাতেও মেলেনি অনুমোদন।
এ পরিস্থিতিতে গত সপ্তাহে ভারত বায়োটেকের কাছে কোভ্যাক্সিনের উপকারিতা ও ঝুঁকির চূড়ান্ত মূল্যায়নের জন্য আরও কিছু তথ্য চেয়ে পাঠায় ডব্লিউএইচও’র বিশেষজ্ঞ প্যানেল।
স্বাধীন এই প্যানেল ডব্লিউএইচও’র কাছে টিকা অনুমোদনের জন্য প্রয়োজনীয় সুপারিশ করে থাকে। তাদের দেওয়া তথ্য ও সুপারিশের ভিত্তিতেই অবশেষে কোভ্যাক্সিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল।
ভারত বায়োটেক তাদের তৈরি এই টিকা করোনাভাইরাস মোকাবেলায় ৭৮ শতাংশ কার্যকর দাবি করে তথ্য প্রকাশ করেছে। বুধবার ডব্লিউএইচও এক টুইটে বলেছে, এই টিকায় এখন ঝুঁকির চেয়ে উপকারই বেশি বলে তাদের বিশ্বাস এবং কোভিড মোকাবেলায় এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডে উত্তীর্ণ হয়েছে।
বিবিসি জানায়, টিকাটি অনুমোদন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ১৮ বছর ও তদুধ্র্ব সব বয়সী মানুষ চার সপ্তাহের ব্যবধানে দুই ডোজ কোভ্যাক্সিন টিকা নিতে পারবেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের ১৪ দিন কিংবা তার পরও কোভিড-১৯ এর মারাত্মক উপসর্গের ক্ষেত্রে কোভ্যাক্সিন ৭৮ শতাংশ কার্যকর।
তাছাড়া, সংরক্ষণ সহজে করা যায় বলে এই টিকা নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য খুবই উপযোগী। তবে গর্ভবতী নারীদের ওপর কোভ্যাক্সিনের প্রয়োগ সংক্রান্ত তথ্য পর্যাপ্ত না থাকার কারণে গর্ভাবস্থায় টিকাটির কার্যকারিতা ও নিরাপত্তা মূল্যায়ন করা যায়নি।
ডব্লিউএইচও’র অনুমোদন মেলায় কোভ্যাক্সিন নেওয়া ভারতীয়দের স্বস্তি মিলবে। ভারতে এ পর্যন্ত ১০ কোটি ৫০ লাখ মানুষ কোভ্যাক্সিন টিকা নিয়েছে। আর কিছু দেশ আগেই কোভ্যাক্সিনকে স্বীকৃতি দিয়েছে।
এখন ডব্লিউএইচও’র অনুমোদন মেলায় আরও দেশে এ টিকাকে স্বীকৃতি দিতে পারে বলে আশাবাদী ভারত।
