কার্বন নিঃসরণ ২০৭০ সালের মধ্যে শূন্যে নামিয়ে আনার লক্ষ্য ভারতের
স্কটল্যান্ডের গ্লাসগোয় ২৬তম জাতিসংঘ জলবায়ু সম্মেলনে (কপ২৬) ২০৭০ সালের মধ্যে নিঃসরণ শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে ভারত।
সোমবার সম্মেলনের মূল অধিবেশনে ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দেশের এই পরিকল্পনার কথা জানান।
জলবায়ুর বিপর্যয়কর প্রভাব এড়াতে ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা প্রয়োজন বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। যোগ দেওয়া দেশগুলো ওই সময়ের মধ্যেই নিঃসরণ শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দেবে, কপ২৬ সম্মেলনের অন্যতম প্রধান লক্ষ্যও তাই। কিন্তু ভারতের ঘোষিত লক্ষ্য ওই সময় থেকে ২০ বছর পরে নির্ধারণ করা হয়েছে।
তারপরও ভারত এই গ্লাসগো সম্মেলনেই প্রথমবারের মতো নিঃসরণ শূন্যে নামিয়ে আনার একটি লক্ষ্যের কথা জানালো বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
ভারতের এই লক্ষ্য নির্ধারণের পক্ষে যুক্ত তুলে ধরে মোদী বলেন, বিশ্ব জনসংখ্যার ১৭ শতাংশের বাস ভারতে কিন্তু বৈশ্বিক নিঃসরণের মাত্র পাঁচ শতাংশের জন্য দায়ী তারা। ভারত তার জলবায়ু প্রতিশ্রুতি পুরোপুরি মেনে চলবে বলে জানান তিনি।
কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা বলতে বোঝানো হচ্ছে, বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস আর যুক্ত না করা।
চীন ২০৬০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার পরিকল্পনা ঘোষণা করেছে, আর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ২০৫০ সালের মধ্যেই ওই লক্ষ্যে পৌঁছানোর প্রতিশ্রুতি দিয়েছে।
চীন, যুক্তরাষ্ট্র ও ইইউয়ের পর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কার্বন ডাই-অক্সাইড গ্যাস নিঃসরণকারী দেশ ভারত।
কিন্তু দেশটির বিপুল জনসংখ্যা তুলনায় তাদের মাথাপিছু নিঃসরণের হার অন্যান্য প্রধান অর্থনীতির দেশগুলোর তুলনায় অনেক কম। ২০১৯ সালে ভারতের মাথাপিছু কার্বন ডাই-অক্সাইড গ্যাস নিঃসরণের পরিমাণ ১.৯ টন ছিল, আর ওই একই বছর যুক্তরাষ্ট্রের মাথাপিছু নিঃসরণ ছিল ১৫.৫ টন এবং রাশিয়ার ১২.৫ টন।
সম্মেলনে মোদী তার দেশের হয়ে পাঁচটি প্রতিশ্রুতি দেন, তার মধ্যে ২০৭০ সালের মধ্যে নিঃসরণ শূন্যে নামিয়ে আনা ছিল একটি।
তার দেওয়া অপর প্রতিশ্রুতিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল, ভারত ২০৩০ সালের মধ্যে তার জ্বালানি চাহিদার ৫০ শতাংশ নবায়নযোগ্য উৎসগুলো থেকে মেটাবে। ওই একই বছরের মধ্যে মোট কার্বন নিঃসরণ এক বিলিয়ন টন হ্রাস করবে।
