খুনের অভিযোগে ভারতের অলিম্পিক পদক জয়ী কুস্তিগির গ্রেপ্তার
এক সহ খেলোয়াড়কে হত্যার অভিযোগে অলিম্পিকে দুইবার পদক জয়ী ভারতীয় কুস্তিগির সুশীল কুমারকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।
রোববার দিল্লি পুলিশ সুশীলকে গ্রেপ্তার করে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
বিবিসি জানায়, নিহত কুস্তিগিরের নাম সাগর ধনকর। গত ৪ মে দিল্লির কুস্তি একাডেমিতে প্রতিদ্বন্দ্বী কুস্তিগিরদের সঙ্গে সাগরের মারামারি হয়। তারা সাগরকে মেরে গুরুতর জখম করে। পরে সাগর মারা যায়। এ ঘটনায় আরো দুই কুস্তিগির আহত হন।
ঘটনার পর ৩৭ বছরের সুশীল পালিয়ে যান। গ্রেপ্তার এড়াতে তিনি পুরো ভারতে পালিয়ে বেড়িয়েছেন বলেও অভিযোগ আছে।
সুশীলের আইনজীবী আদালতে দাবি করেন, তার মক্কেল নির্দোষ এবং পুলিশ এই ঘটনায় তার মক্কেলের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করছে।
দিল্লির ছত্রসাল স্টেডিয়ামে ওই মারামারিতে জড়িত আরেক কুস্তিগির পুলিশের কাছে বাকিদের পরিচয় জানিয়েছে বলে জানায় পুলিশ। ওই কুস্তিগির নিজেও আহত হন এবং চিকিৎসা গ্রহণ করেন।
অভিযুক্তদের ধরতে পুলিশ দিল্লি অঞ্চলে অভিযান শুরু করে। সুশীলের খবর দেওয়ার বিনিময়ে প্রায় এক লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়।
জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা গুরিকবাল সিং ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘আমরা মারামারিতে আহত সবার জবানবন্দি নিয়েছি এবং তাদের সবাই সুশীল কুমারের বিরুদ্ধে অভিযোগ করেছে।”
২০১২ সালে লন্ডন অলিম্পিকে ফ্রিস্টাইল কুস্তিতে রুপার পদক জেতেন সুশীল। তার চার বছর আগে বেইজিং অলিম্পিকে ব্রোঞ্জ জেতেন তিনি।
কমনওয়েলথ গেমসে সোনার পদক জয়ী সুশীল বিশ্ব চ্যাম্পিয়ন খেতাবও জিতেছিলেন।
সাগর ধনকরও সাবেক জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন। তিনি দিল্লির এক পুলিশ কর্মকর্তার ছেলে।
দিল্লি পুলিশের উপ কমিশনার চিন্ময় বিশওয়াল বলেন, ‘‘আমরা প্রথম দিন থেকেই বলে আসছি, সুশীলের উচিত পুলিশের তদন্ত কাজে সহায়তা করা এবং নিজের পক্ষের বক্তব্য জানানো।’’
‘‘যদি তিনি পালিয়ে না যেতেন, তবে তাকে গ্রেপ্তার করতে কোনো পরোয়ানা জারি বা পুরস্কার ঘোষণার প্রয়োজন পড়তো না। তিনি যাই বলতে চান, তার উচিত ছিল সামনে এসে তা বলা।”
এই ঘটনায় রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার (ডব্লিউএফআই) সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন কর্মকর্তারা।
