২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আইএসের হামলায় ১১ খনি শ্রমিক নিহত

পকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি কয়লা খনির ১১ জন শ্রমিককে হত্যার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2021, 10:16 AM

Updated : 07 Apr 2022, 10:35 PM

শনিবার জঙ্গিরা ওই শ্রমিকদের অপহরণ করার পর খনির কাছেই হত্যা করে বলে জানিয়েছে বিবিসি।

নিহত শ্রমিকরা শিয়া সম্প্রদায়ের হাজারা জনগোষ্ঠীর সদস্য। ইসলামের শিয়া ধারার অনুসারী হওয়ায় এই গোষ্ঠীটি বারবার উগ্রপন্থিদের হামলার শিকার হয়েছে।

এই ঘটনাকে ‘অমানবিক সন্ত্রাসী কর্মকান্ড’ বলে বর্ণনা করে হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। 

বিবিসি জানায়, শনিবার রাতে আফগানিস্তান সীমান্তের নিকটবর্তী ছোট শহর মাচের কাছে হামলার এ ঘটনা ঘটে। বেলুচিস্তান পাকিস্তানের বৃহত্তম ও দরিদ্রতম অঞ্চল।

সশস্ত্র জঙ্গিরা ওই শ্রমিকদের তাদের আবাসস্থল থেকে অপহরণ করে নিকটবর্তী পার্বত্য এলাকায় নিয়ে যায়।

বেলুচিস্তানের আধাসামরিক বাহিনী লেভিস ফোর্সের কর্মকর্তা আলী জাতোইয়ের বরাত দিয়ে ডন সংবাদপত্র জানিয়েছে, ঘটনাস্থলেই ছয় শ্রমিককে মৃত অবস্থায় পাওয়া যায়, গুরুতর আহত বাকি পাঁচ জন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

হত্যাকাণ্ডের বিচার দাবি করে প্রতিবাদকারীরা লাশগুলো প্রধান একটি সড়কে রেখে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে। দায়ীদের গ্রেপ্তার করার প্রতিশ্রুতি দিয়েছেন কর্মকর্তারা।